২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬ উইকেটে হেরেছে বাংলাদেশ

অলরাউন্ডার যদিও, কিন্তু সাকিব আল হাসান আগে ব্যাটসম্যান, পরে বোলার। পরের কাজটি তিনি ভালো করেছেন, ৩ উইকেট নিয়ে বাংলাদেশের হারকে মোটামুটি সম্মানজনক করেছেন। তিনি তবু একটা কাজ ঠিকমতো করেছেন, কিন্তু মুশফিকুর রহিম কোনোটাই ঠিকমতো পারেননি। ব্যাট হাতে শূন্য, উইকেটের পেছনে সেরকম কোনো দক্ষতার প্রমাণও নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হারের পর ব্যবচ্ছেদ করতে গিয়ে দেখা যাচ্ছে ম্যাচটাতে বাংলাদেশকে শেষ করে দিয়েছে এই দুজনের ব্যাটিং ব্যর্থতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

অকল্যান্ড, ২৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---অলরাউন্ডার যদিও, কিন্তু সাকিব আল হাসান আগে ব্যাটসম্যান, পরে বোলার। পরের কাজটি তিনি ভালো করেছেন, ৩ উইকেট নিয়ে বাংলাদেশের হারকে মোটামুটি সম্মানজনক করেছেন। তিনি তবু একটা কাজ ঠিকমতো করেছেন, কিন্তু মুশফিকুর রহিম কোনোটাই ঠিকমতো পারেননি। ব্যাট হাতে শূন্য, উইকেটের পেছনে সেরকম কোনো দক্ষতার প্রমাণও নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হারের পর ব্যবচ্ছেদ করতে গিয়ে দেখা যাচ্ছে ম্যাচটাতে বাংলাদেশকে শেষ করে দিয়েছে এই দুজনের ব্যাটিং ব্যর্থতা। আশরাফুল-তামিম মিলে ব্যাটিংয়ের ট্রেনটাকে এমন ছুটিয়ে দিয়েছিলেন যে তারা লাইনটাতে থাকলেই হতো। কিন্তু দলকে বড় ইনিংস গড়ার পথে নিয়ে যাওয়ার পর পথচ্যুতি ঘটে তাদের। ১৩ বলের মধ্যে দুজনই আউট হয়ে যাওয়াতে যে ধাক্কা খায় টাইগাররা, তাতেই আসলে শেষ হয়ে যায় বড় কিছুর স্বপ্ন। খুড়িয়ে খুড়িয়ে পরে ২০১ রান করা গিয়েছিল, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ওদের মাটিতে ২০১ এমন কিছু রান নয়। এ দিয়ে ম্যাচ জেতা যায় না। বড়জোর বিপক্ষের জয়টা কঠিন কিংবা বিলম্বিত করা যায়। ২০২ রানের টার্গেটে পৌঁছার জন্য তাড়াহুড়ার দরকার পড়ে না, ঝুঁকি নেয়ার কোনো প্রয়োজন নেই। দেখে-শুনে খেললেই হয়। নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি সেভাবেই শুরু করেছিল। তাতে উঠে যায় ৯০ রান, নাটকীয় কিছু হওয়ার স্বপ্ন সেখানেই শেষ। অলরাউন্ডার ফরহাদ রেজা জুটিটা ভাঙ্গার পরও যাতে পা না পিছলে যায় সে ব্যাপারে ভীষণ সতর্ক ছিলেন জেমি হাও এবং পিটার ফুলটন। দ্বিতীয় উইকেটে আসে ৬৭ রান। ২০১ রানের ম্যাচে এরপর আর কিছু থাকে না। এরপর শুধু শেষের জন্য অপেক্ষা। সেই অপেক্ষার সময়টাতে ওরা খানিকটা অধৈর্য্য হয়েছিল আর বুদ্ধিদীপ্ত বোলিং করে তার সুযোগ পুরোপুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান। তার বাঁহাতি স্পিনের ফাঁদে পড়ে একে একে ফিরে গেছেন ফুলটন, রস টেলর এবং হাও। ৯ দশমিক ৪ ওভার বল করে ৫৬ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। জেমি হাও করেছেন সর্বোচ্চ ৮৮, তার উদ্বোধনী জুটির অংশীদার ম্যাককুলামের অবদান ৪০, ফুলটনের ৩৫। বিশাল ছক্কা মেরে ম্যাচ শেষ করা স্টাইরিস অপরাজিত ছিলেন ২৫ রানে। ২ উইকেটে ১৩৬ কিংবা আশরাফুলের ৫৭ বলে ৭০ এর তুলনায় ২০১ রান একেবারেই বেমানান, কিন্তু বাংলাদেশের ইনিংসের পুরোটা যারা দেখেছেন তাদের কাছে শেষপর্যন্ত দুশো পেরোতে পারাটাই একটা ব্যাপার। কারণ তৃতীয় উইকেটে আশরাফুল-তামিমের ৯৭ রানের জুটি ভেঙ্গে যাওয়ার পর মিডল অর্ডারের বাকিদের ব্যর্থতায় ১৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ পরিণত হয়েছিল ৭ উইকেটে ১৫৪ রানে। সেখানে থেকে ২০১ এ পৌঁছানো সন্তোষজনকই। কৃতিত্ব দিতে হবে আব্দুর রাজ্জাক ও মাশরাফিকে। দুজন যথাক্রমে অপরাজিত ২২ ও ১৭ রান করায় বাংলাদেশ দুশোর আগে গুটিয়ে যাওয়ার হাত থেকে বেঁচেছে। ৪৬.৩ ওভারে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ২০১ রান। টস জিতে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশকে। শুরুতে জুনায়েদ সিদ্দিকী (১৩) ও আফতাবকে (৮) ফিরিয়ে কিউইরা স্কোর ২ উইকেটে ৩৯ বানিয়ে ফেললেও ঘুরে দাঁড়ান আশরাফুল ও তামিম। ২৯ থেকে তারা দলকে নিয়ে যান ১৩৬ এ। তামিম মারকুটে ব্যাটসম্যান, কিন্তু আশরাফুল যেদিন তার মতো খেলেন সেদিন আসলে কেউই কিছু না। তাই তামিমের ৬৬ বলে চারটি বাউন্ডারি এবং দুটো ছক্কাসহ করা ৫০ রানও ঠিক চোখে লাগেনি। ৫৭ বলে ৭০ রান করেছেন আশরাফুল, তাতে আশরাফুলসুলভ একটি ছক্কা ছাড়াও আছে দশটি চোখধাঁধাঁনো বাউন্ডারি। ম্যাচ হেরে গেলেও তাই তিনিই ম্যাচের নায়ক। হ্যাঁ, হেরে যাওয়া ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ বাংলাদেশ অধিনায়ক। ওই সময়টা নিউজিল্যান্ড বোলারদের মনে হচ্ছিল ঢাকার প্রথম বিভাগের বোলার, আর কিউই অধিনায়ক ভেট্টোরিকে চরম অসহায়। ১৪ তম ওভারে দুজন ১৪ রান তুলে নেয়াতে বাধ্য হয়েছিলেন তৃতীয় পাওয়ার প্লে-টা পিছিয়ে দিতে। তাতেও কাজ হয়নি বিশেষ একটা। আশরাফুল-তামিম চালিয়েই যাচ্ছিলেন। ১৩৬ রানে তামিমের বিদায়ে জুটিটা ভাঙ্গে। আশরাফুলও এরপর থাকতে পারেননি বেশিক্ষণ। সেঞ্চুরিটাকেও যখন মনে হচ্ছিল সময়ের ব্যপার মাত্র তখনই ওরামের বলে পুল করতে গিয়ে ডিপ মিডউইকেটে ফুলটনকে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। তখন দলের রান ১৫০। ১ রান যোগ হতেই আরও দুজন আউট। সাকিব (৬) ও মুশফিকুর রহিম (০) আউট হয়ে আশরাফুল ও তামিমের তৈরি প্ল্যাটফরমটা শেষ করে দেন পুরোপুরি। ১৫৪ রানে গিয়ে আউট মেহরাব জুনিয়রও (৩)। এরপর টুয়েন্টি টুয়েন্টি জয়ের নায়ক ফরহাদ রেজাও ৪ রানে বিদায় নিলে দুশোটাও প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। সেটা সম্ভব করেন রাজ্জাক-মাশরাফি। শুরুতে সুবিধা করতে না পারলেও বাংলাদেশ মিডল অর্ডারের সৌজন্যে শেষপর্যন্ত নিউজিল্যান্ড বোলারদের ফিগার দারুণ। ৩ টি করে উইকেট নিয়েছেন তিনজন - কাইল মিলস, মার্ক গিলেস্পি ও জ্যাকব ওরাম। আর অন্য উইকেটটি রান আউট। শাহাদাতের সেই রান আউটেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এমএম/১২৩০ঘ.