ঢাকা, ২৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ওয়ানডে দলে না থাকার খবর শুনে অবসর ঘোষণার একপ্রস্থ নাটক করে ফেলেছিলেন মোহাম্মদ রফিক। এবার অবশ্য তেমন কিছু করার সুযোগ রাখেননি প্রধান নির্বাচক রফিকুল আলম। নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের জন্য তিন ক্রিকেটারের নাম ঘোষণার আগেই রফিকের মতো খালেদ মাসুদ পাইলটকেও ফোন করে জানিয়ে দিয়েছেন খবরটা, "আমি দুজনকেই ফোন করেছি। ওদের বলেছি, তোমরা দেশের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে আপাতত তোমাদের বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।" অর্থাৎ ২৯ ডিসেম্বর নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছেন যে তিন ক্রিকেটার তাদের মধ্যে এ দুজন নেই।
টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, শাহরিয়ার নাফীস এবং বাঁ হাতি স্পিনার এনামুল হক জুনিয়র। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসবেন চার ক্রিকেটার। তাদের নাম জানানোর জন্য আরো কয়েকটা দিন সময় নিতে চান নির্বাচকরা।
বেশ কিছু দিন দলের বাইরে থাকা এনামুল এবার রফিককে টপকে ঢুকে গেলেন টেস্ট দলে। আর উইকেটকিপার হিসেবে ওয়ানডে দলে থাকা মুশফিকুর রহিম থেকে গেলেন টেস্ট দলেও। প্রধান নির্বাচক অবশ্য বারবারই বললেন, "সামনের বছর আমাদের ১২টা টেস্ট ম্যাচ আছে। ওদের দুজনকে (রফিক ও মাসুদ) খেলানোর সুযোগ তো শেষ হয়ে যায়নি।" সুযোগ শেষ না হলেও তাদের জন্য বেলা শেষের গানই বোধহয় বাজতে শুরু করেছে! এনামুলকে পাঠানোর পেছনে যে রফিকের বিকল্প তৈরির চিন্তাও কাজ করেছে সেটাও জানালেন প্রধান নির্বাচক, "রফিক তো আর বেশিদিন খেলবে না। কাজেই আমাদের আরো একজনকে এখন থেকেই তৈরি করা উচিত।"
অবশ্য এনামুল অনেক কারণেই রফিকের চেয়ে এগিয়ে থেকেছেন নির্বাচকদের বিবেচনায়। রফিকুল আলম তার ব্যাখ্যা দিলেন এভাবে, "রফিকের মতো জোরে না হলেও রাজ্জাকও স্পিনটা জোরের ওপরেই করে। ও তো আছেই। আর এনামুলের স্পিনটা ওদের তুলনায় একটু ধীরগতির। যা নিউজিল্যান্ডের কন্ডিশনে কাজে লাগতে পারে বলে মনে হয়েছে আমাদের। তাছাড়া গত কিছু দিনে এনামুলের বোলিংয়ে উন্নতিও হয়েছে অনেক। একাডেমী দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত বল করেছে ও। জাতীয় লিগেও সাত ম্যাচে ওর ৩২ উইকেট।"
অবশ্য রফিকের বিশ্রামের আবরণে বাদ পড়ায় ভূমিকা রেখেছে শৃঙ্খলাভঙ্গের কিছু ঘটনাও। প্রধান নির্বাচকের কথায় তেমনই আভাস পাওয়া গেলো, "আমরা তো আগেই বলেছি, ভারত সিরিজের পর থেকে রফিক ছন্দে নেই। ছন্দে ফিরেছে কিনা সেটা মাঠের পারফরম্যান্সেই বোঝার কথা। কিন্তু জাতীয় লিগের সব ম্যাচও তো সে খেলেনি। এর আগে এক মাসের একটা প্রস্তুতি ক্যাম্পেও যোগ দেয়নি।"
মাসুদকে না পাঠানোর কারণ রফিকুল ব্যাখ্যা করলেন এভাবে, "পাইলট এবার জাতীয় লিগে খুব ভালো ব্যাটিং করেছে। গড় ৩৯। তাকে পাঠালে আমাদের এক নম্বর উইকেটকিপার হিসেবেই পাঠানো উচিত। কিন্তু মুশফিক আবার বেশ মানিয়ে নিয়েছে। তাছাড়া ওর শেষ ইনিংসটা ৮০ রানের, যেটা খেলার পথে শ্রীলঙ্কায় আশরাফুলের সঙ্গে বড় একটা পার্টনারশিপও গড়েছিল।" সেই সঙ্গে মাসুদের জ্বরে ভোগার কথাও উল্লেখ করলেন, "ওর একটা রিপোর্ট পরশু দিন (শুক্রবার) পাওয়া যাবে। আর আমাদের দল গড়তে হয়েছে আজ (বুধবার)। অনুশীলনে যোগ দিলেও জ্বরটা তো আবার ফিরেও আসতে পারে। তাই ওকে আমরা রেখেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
শাহরিয়ার নাফীসকে টেস্ট দলে রাখা প্রসঙ্গে রফিকুল বললেন, "ও দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। টেস্টে গড় ৩৪, ওয়ানডেতে ৩০। আরো আগেই ওকে পাঠানো উচিত ছিল। কিন্তু ওয়ানডে দল গড়ার সময় ও রানে ছিল না। পরে রান করেছে। একটা সেঞ্চুরিও আছে। তাছাড়া টপ অর্ডারে ওর মতো অভিজ্ঞ একজনকে দরকারও আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৪৬ঘ.
bdnews24