মেলবোর্ন, ২৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অধিনায়ক হয়েই পাকিস্তানকে হারিয়েছেন। এখন স্বপ্ন ক্যারিয়ারের শেষ অস্ট্রেলিয়া সফর জয় করা। সেই কাজে বুধবার অনীল কুম্বলে নেতৃত্ব দিলেন সামনে থেকেই। তার দুর্দান্ত বোলিংয়েই মেলবোর্ন টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯ উইকেটে ৩৩৭। ৮৪ রানে ৫ উইকেট নিয়েছেন লেগস্পিনার কুম্বলে। টেস্টে এটা তার ৩৫তম ৫ উইকেট।
দুই ওপেনার ম্যাথু হেইডেন এবং ফিল জ্যাকস শুরু করেছিলেন দারুণ স্বচ্ছন্দে। শতরানের কোটা তারা পেরিয়ে অবলীলায়। অনীল কুম্বলে তাদের ১৩৫ রানের জুটিটি ভাঙ্গেন ফিল জ্যাকসকে ৬৬ রানে রানে ফিরিয়ে দিয়ে। এর চেয়ে বড় আঘাত আসে যখন জহির খান ৪ রানে বোল্ড করে দেন অধিনায়ক পন্টিংয়কে। দলীয় স্কোর তখন ২ উইকেটে ১৬২। সেটাকে ৩ উইকেটে ১৬৫ রানে পরিণত করেন কুম্বলে, হাসিকে ২ রানে এলবিডব্লু করে।
চা-বিরতির আগেই টেস্টে তার ২৮তম সেঞ্চুরিটি পূরণ করেন হেইডেন। ৩ উইকেটে ২১৩ রানের স্বস্তিদায়ক অবস্থান নিয়ে চা বিরতিতে গিয়েছিল অস্ট্রেলিয়া। ফিরে এসেও চালিয়ে যাচ্ছিলেন হেইডেন। সেই তোপ থেকে ভারতকে রক্ষা করেন জহির খান। চা-বিরতির পর দ্রাবিড়ের ক্যাচে পরিণত করে তার ইনিংসটা ১২৬ এ-ই থামিয়ে দেন এই ভারতীয় পেসার। তার আগেই ক্লার্ককে ফিরিয়েছেন আরপি সিং, শুরুর দিকের ব্যর্থতা তিনি পুষিয়ে দেন হেইডেন-ক্লার্কের ৬০ রানের জুটিটা ভেঙ্গ্ে দিয়ে।
চা বিরতির ঠিক পর দ্রুত দুই উইকেট হারালেও সেটা পুষিয়ে নেয়ার সামর্থ্য অস্ট্রেলিয়ার ছিল, কারণ উইকেটে তখন সাইমন্ডস এবং গিলক্রিস্ট। দুজনের যে কেউই একা ব্যাট হাতে একটা ইনিংসের ভাগ্য গড়ে দিতে পারেন। কিন্তু তখন আবার কুম্বলে। ক্রমশই ভয়ংকর হয়ে উঠতে থাকা সাইমন্ডসকে বদলী ফিল্ডার কার্তিকের ক্যাচ বানিয়ে যখন ফেরান তখন অস্ট্রেলিয়ার স্কোর ২৮১। তখনও আছেন গিলক্রিস্ট, তার দায়িত্বও নিজের হাতে তুলে নিলেন কুম্বলে। ২৮৮ রানে স্লিপে টেন্ডুলকার ক্যাচ নিলেন গিলক্রিস্টের, আর তাতে মোটামুটি নিশ্চিত হয়ে গেলো অস্ট্রেলিয়া খুব বড় কিছু করতে পারছে না। এরপর ব্রেট লি'কে এলবিডব্লু করে দিলে অস্ট্রেলিয়ার স্কোর পরিণত হয় ৮ উইকেটে ২৯৪ এ।
অধিনায়কের এমন জ্বলে ওঠা দেখে অন্যদেরও মনে হল তাদের কিছু করা উচিত। সেটা করলেন জহির খান,হগকে দ্রাবিড়ের ক্যাচ বানিয়ে। ৩১২ রানে তিনি ব্র্যাড হগকে ফেরানোর পরও বাকি ছিল ৪ ওভার খেলা। তাতেই অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যেতে পারত। কিন্তু স্টুয়ার্ট ক্লার্ক এবং জনসন সেটা ঠেকিয়ে রেখে প্রথম দিনে অলআউট হওয়ার হাত থেকে রক্ষা করেছেন দলকে।
২৫ ওভার বল করে ৮৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন কুম্বলে। তাকে যোগ্য সঙ্গ দেয়া জহির খান ৯৩ রানে নিয়েছেন ৩ উইকেট। আরপি সিং তার এক উইকেটের জন্য ব্যয় করেছেন ৭৭ রান। কিন্তু ২০ ওভার বল করেও উইকেটশূন্য হরভজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৩১০ঘ.
bdnews24