ঢাকা, ২৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা মেহরাব হোসেন জুনিয়ররা নন। ২ উইকেটে ১৩৬ থেকে শেষ পর্যন্ত টেনেটুনে বাংলাদেশের ২০১ রানে পৌঁছানোর দোষটা এদের কারো ঘাড়েই চাপাচ্ছেন না জেমি সিডন্স। বরং অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং তামিম ইকবালকেই দায়টা নিতে বলছেন বাংলাদেশ দলের কোচ। কারণ উইকেটে সেট হয়ে যাওয়া এই দুই ব্যাটসম্যানই নিউজিল্যান্ডের বোলারদের একেবারে সাধারণ মানে নামিয়ে আনার পর আবার তাদের চেপে বসতে দিয়েছেন।
এক্ষেত্রে আগের দিন আশরাফুলের বলা কথাটাই আবার এসে যাচ্ছে। সেট হওয়ার পর মিডল অর্ডারের কারো উইকেট না খোয়ানোর দিকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছিলেন তিনি। অথচ বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের হারকে তাদের দুজনের অসতর্কতারই খেসারত বলে মনে করছেন সিডন্স।
"আমি মিডল অর্ডার ব্যাটসম্যানদের দোষ দিতে চাচ্ছি না। যারা আছে তারাই আমাদের সেরা খেলোয়াড়। সময় দিলে তারা আরো ভালো ক্রিকেটার হয়ে উঠবে। আমি বরং মনে করি আজ (বুধবার) যা হয়ে গেল তার দায়টা তামিম এবং আশরাফুলের নেওয়া উচিত। দারুণ খেলতে থাকা এই দুই ব্যাটসম্যান সুযোগ নষ্ট করে এসেছে। ওই দুজনও একইভাবে চিন্তা করবে বলে আমার বিশ্বাস"- বড় স্কোর গড়ার সুযোগ হেলায় হারানো এবং কিউইদের হাতে সহজ এক জয় তুলে দেওয়ার পর বলেছেন অস্ট্রেলিয়া দলের সাবেক সহকারী কোচ।
অধিনায়ক কোচের কথামতো দায় নিচ্ছেনও। আশরাফুলের ভাষায়, "এই উইকেটে ২৬০ এর বেশি রান করা সম্ভব বলেই মনে হয়েছিল আমার। এমনকি আমরা ২৩০-২৪০ রান করতে পারলেও ম্যাচটা জমে উঠতে পারতো। কারণ ঐতিহ্যগতভাবেই এই মাঠে বড় স্কোরের নজির খুব বেশি নেই। সুতরাং ২৫ ওভারের পর আমাদের ব্যাটিংয়ের ভেঙ্গে পড়ার দায়দায়িত্ব আমাকে অবশ্যই নিতে হবে।"
বুঝিয়েছেন এক। আর মাঠে গিয়ে তারা করেছেন আরেক। শিষ্যদের বিরুদ্ধে এমন অভিযোগের ইঙ্গিতও আছে সিডন্সের কথায়। না হলে তিনি কেন বলবেন, "উইকেটে গিয়ে ব্যাটসম্যানরা গেম প্ল্যানের অনেকটা ভুলে গিয়েছিল।" কাঠগড়ায় যখন ব্যাটসম্যানরা, তখন বোলারদের আর কী করার থাকে! বাংলাদেশ দলের কোচের কথাতেও এসেছে বিষয়টা, "বোলাররা সাধ্যমত করেছে। তাছাড়া নিউজিল্যান্ড দলে আছে বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান। তাদেরকে চাপে ফেলার মতো রান আমাদের ছিল না।"অথচ প্রতিপক্ষকে চাপে ফেলার সুযোগ এসেছিল।
২৮ ডিসেম্বর নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন আশরাফুল, "আমরা এটা থেকে শিক্ষা নেবো। আশা করছি নেপিয়ারের দ্বিতীয় ম্যাচে আমরা আরো কম ভুল করবো। খেয়াল করলে দেখবেন এই সফরের প্রতিটা ম্যাচেই আমরা কিছু না কিছু উন্নতি করেছি।"
ভুল করে সুযোগ হেলায় হারানোর ম্যাচ থেকে ইতিবাচক একটা দিকও খুঁজে পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক, "অতীতে আমরা শুরুতেই বেশ কিছু উইকেট হারিয়ে ফেলতাম। কিন্তু এখন টপ অর্ডার আমাদের দারুণ সূচনা এনে দিচ্ছে। এখন শুধু আমাদের মিডল অর্ডারকে জ্বলে উঠতে হবে।"
টাইগারক্রিকেট ডটকম-এর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৮৫১ঘ.
bdnews24