মেলবোর্ন, ২৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাঠের বাইরে বহু বিতর্কিত ঘটনার জন্ম দেয়ায় টেস্টে কখনোই অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে পারেননি তিনি। অথচ সেই শেন ওয়ার্নেরই দ্বারস্থ হলো ক্রিকেট অস্ট্রেলিয়া বা সিএ। বোর্ডের কাছ থেকে অস্ট্রেলিয়ার তরুণ, উদীয়মান স্পিনারদের প্রশিক্ষণ দেয়ার প্রস্তাব পেয়ে 'ওয়ার্নি' নিজেও দারুণ অভিভূত।
শুধু তরুণ স্পিনারদের প্রশিক্ষণই নয়, সিএ'র প্লেইং কন্ডিশন কমিটিতেও যোগ দিতে যাচ্ছেন সর্বকালের সেরা লেগস্পিনার। এই কমিটির কাজ হলো ক্রিকেটের উন্নয়নের জন্য আইসিসিকে পরামর্শ দেয়া। সেই লক্ষ্যে অস্ট্রেলিয়ার পুরুষ ও মহিলা জাতীয় ক্রিকেট দলের প্রত্যেক সদস্য এবং প্রত্যেক রাজ্য দলের অধিনায়কের সঙ্গে কাজ করবেন ওয়ার্ন।
গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সময় তিনিই ছিলেন টেস্টে সর্বোচ্চ উইকেটের (৭০৮টি) মালিক। মুত্তিয়া মুরালিধরনের কাছে রেকর্ডটা হাতছাড়া হওয়ার কয়েক দিনের মধ্যে এমন একটা সুখবর পেয়ে ওয়ার্ন দারুণ অভিভূত, "ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করা এবং খেলাটাকে কিছু দেয়ার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। ইতিমধ্যে সারা দেশের বেশ কয়েক জন তরুণ খেলোয়াড়ের সঙ্গে আমি যোগাযোগ করেছি। যদিও গঠনমূলকভাবে স্পিন বোলারদের নিয়ে এখনো কাজ শুরু করতে পারিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার টেকনিক্যাল কমিটিতে প্লেইং কন্ডিশন নিয়ে কাজ করার প্রস্তাব পেয়েও আমি রোমাঞ্চিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০৯ঘ.
bdnews24