ঢাকা, ২৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজটাকে নিউজিল্যান্ডের গুরুত্ব দিয়ে দেখার কারণ আছে যথেষ্টই। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার কাছে টানা হারে এমনিতেই বিপর্যস্ত দলটিকে এখন চোখ রাঙ্গাচ্ছে র্যাঙ্কিংয়ে অবনমনের আশঙ্কাও। এই সিরিজে একটা ম্যাচে হারলেই তারা এলজি আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের তিন থেকে চার নাম্বারে নেমে যাবে। বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ কী অন্তত এমন কিছুর স্বপ্নও দেখছে না? নাহ, কোচ জেমি সিডন্স তেমন স্বপ্ন দেখানোর পক্ষপাতী কিছুতেই নন। বরং টাইগাররা তাদের সেরা খেলাটা খেলতে পারলেই তিনি খুশী। এর পথ ধরে যদি জয়টা এসে যায় তাহলে ভালো। না হলেও যেন হারার আগে কিউইদের নাকের পানি চোখের পানি একাকার করে দেওয়া যায়, বক্সিং ডে'তে সিরিজ শুরুর আগে এমন লক্ষ্যই স্থির করেছে বাংলাদেশ।
নিশ্চিত, এই লক্ষ্য নিয়ে মাঠে নামার পর মোহাম্মদ আশরাফুলদের অনুপ্রেরণার অভাব হবে না কোনো। কারণ এই অকল্যান্ডেই থাকেন প্রায় চার হাজার বাংলাদেশী। তারওপর সিডর দুর্গতদের জন্য আয়োজিত প্রদর্শনী টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে জয়ে বাংলাদেশকে নিয়ে খোদ নিউজিল্যান্ডবাসীর আগ্রহও চড়ে যেতে দেখেছেন কোচ সিডন্স, "নিউজিল্যান্ডে আমাদের খেলা যারাই দেখেছেন, তারাই বলছেন এই দলটাকে মাঠে কতোটা ভালো দেখায়। এটাই আমাদের ধরে রাখতে হবে।"
আর নিউজিল্যান্ড-বাংলাদেশ প্রথম ওয়ানডে দেখতে হলে দেশের মানুষদের রাতের ঘুমের দৈর্ঘ্য কমিয়ে আনতে হবে অনেকটাই। স্যাটেলাইট চ্যানেল সাব টিভি টুয়েন্টি টুয়েন্টির পর ওয়ানডে এবং টেস্ট সিরিজের সব ম্যাচও সরাসরি স
bdnews24