হ্যামিল্টন, ২৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ। কাজেই এখানে চার আর ছক্কার ফুলঝুরিই ছোটার কথা। কিন্তু টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড একাদশকে শুরু থেকে চেপে ধরা বাংলাদেশের বোলাররা তা হতে দেননি। রোববার হ্যামিল্টনের সেডন পার্কে নির্ধারিত ২০ ওভারে স্টিফেন ফ্লেমিংয়ের নেতৃত্বাধীন দলকে ৭ উইকেটে ১৩৩ রানে আটকে দেওয়ার পর যেভাবে এই রান তাড়া করলো মোহাম্মদ আশরাফুলের দল. তাতে রীতিমতো উচ্ছ্বসিতই শুনিয়েছে কোচ জেমি সিডন্সের কন্ঠ। তা হওয়ারই কথা। কারণ তিন তিনজন ব্যাটসম্যান রান আউটের খাড়ায় কাটা পড়লেও জয় নিয়ে সন্দেহ জাগেনি কখনোই। ৩ ওভার বাকী থাকতেই ৪ উইকেটের জয় তুলে নিয়ে বাংলাদেশের সিডর দুর্গত মানুষদের একটা উপহারও দিলেন মোহাম্মদ আশরাফুলরা। এই ম্যাচটা তো আয়োজিত হয়েছে বাংলাদেশের উপকুলীয় অঞ্চলের সেইসব ভাগ্যাহত মানুষের জন্যই।
দু'দলের ব্যাটিংয়ের একটা তুলনামূলক চিত্র তুলে ধরলেই বোঝা যাবে এই ম্যাচের পুরোটাতেই ছিল বাংলাদেশের আধিপত্য। মাত্র ৬.৪ ওভারেই বাংলাদেশ ফিফটি পার করলেও ৭ ওভার শেষে নিউজিল্যান্ড একাদশের স্কোর ছিল ২ উইকেটে ২২। জেমস হাউ (১০) ও পিটার ফুলটনকে (৩) ফিরিয়ে দিয়ে প্রতিপক্ষকে শুরুর ধাক্কাটা দেন শাহাদাত হোসেন রাজীব এবং সৈয়দ রাসেলের ইনজুরিতে নিউজিল্যান্ড যাওয়া বাঁ হাতি পেসার সাজিদুল ইসলাম। শুরুর এই হোঁচটটা আর পরে সামলেই উঠতে পারেনি কিউইরা।
মাশরাফি বিন মর্তুজার বিশ্রামজনিত অনুপস্থিতিতে এদিন বাংলাদেশের বোলিং আক্রমণের সূচনা করা শাহাদাত পরে আরো দুটো উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা বোলারও। তিন উইকেট নিতে তার খরচ হয়েছে মাত্র ১৫ রান। বোলিং সাফল্যের দিক থেকে তার ঠিক পরেই দাঁড়াচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। আশরাফুল তার লেগ স্পিনে ২৮ রান খরচায় তুলে নেন নিউজিল্যান্ড একাদশের অধিনায়ক স্টিভেন ফ্লেমিং (১৭) ও কিউই ওয়ানডে স্কোয়াডের নিয়মিত সদস্য রস টেলরকে (১৫)।
এরপরও নিউজিল্যান্ড একাদশ দেড়শো ছাড়ানোর স্বপ্ন দেখছিল স্কট স্টাইরিসের ব্যাটিংয়ে। কিন্তু ২২ বলে ২৯ রান করা এই অলরাউন্ডারকে থামানো ফরহাদ রেজা পরে খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। প্রস্তুতিমূলক ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে নর্দার্ন নাইটসকে নেতৃত্ব দেওয়া জেমস মার্শালের ব্যাটিংয়ে শেষপর্যন্ত ১৩৩ রানে পৌছায় নিউজিল্যান্ড একাদশ। মার্শাল ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন।
রান তাড়া করতে নামা বাংলাদেশও শুরুতে হোঁচট খেয়েছিল। স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই আউট ওপেনার তামিম ইকবাল। তার ওপেনিং সঙ্গী জুনায়েদ ইমরোজের ইনিংসটাও শেষ হয় কেবল একটা দেখার মতো বাউন্ডারি মারার পরপরই। ১৯ রানে দুই উইকেট খোঁয়ানোর পরও সেডন পার্কে জড়ো হওয়া প্রবাসী বাংলাদেশীদের বিনোদনের ভালো খোরাকই জুগিয়ে যাচ্ছিলেন আফতাব আহমেদ ও আশরাফুল। উইকেটে গিয়েই পেসার টিম সাউথিকে ছক্কা হাঁকান অধিনায়ক সেই শটে, আন্তর্জাতিক ক্রিকেটে যেটা 'আশরাফুল শট' নামেই পরিচিতি পেয়ে গেছে। মানে স্কুপ প্যাডেলে। পরের ওভারেই মাইকেল ম্যাসনকে হুক করে মারেন আরেকটি ছক্কা।
দুটো ছক্কা ও এক বাউন্ডারিতে মাত্র ১০ বলে ২০ রান করা আশরাফুলের মতো আফতাবের (১৫ বলে ২০, ৪ বাউন্ডারি) বিনোদনসঞ্চারী ইনিংসটাও স্থায়ী হয়নি বেশিক্ষণ। এবং তা নিজেদের দোষেই! দু'জনেই দায়িত্বহীনের মতো রানআউট হয়েছেন। পরে তিন বাউন্ডারিতে ১৮ বলে ২২ রান করা সাকিব আল হাসানও রানআউট হন। ৮৬ রানে ৫ উইকেট হারানোর পর বাংলাদেশের জয় নিশ্চিত করে ফরহাদ রেজা ও মেহরাব হোসেন জুনিয়রের জুটি। মেহরাব ২৭ বলে ২২ রান করে অপরাজিত থাকলেও ফরহাদ আউট হয়েছেন ম্যাচ শেষ হওয়ার এক বল আগে। তবে তার আগেই মাত্র ১৭ বলে তুলে গেছেন ৩১ রানের একটি ঝড়, যা বাংলাদেশের ইনিংস সর্বোচ্চও। চারটি বাউন্ডারির সঙ্গে অফস্পিনার জিতান প্যাটেলকে মিড উইকেট দিয়ে বিশাল একটি ছক্কাও হাঁকিয়েছেন ফরহাদ রেজা।
২৬ ডিসেম্বর অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে এমন একটা জয়ে নিজের উচ্ছ্বাসটা গোপন করেননি বাংলাদেশ কোচ সিডন্স, "আমরা ওদের অল্পতেই আটকে রাখতে পেরেছিলাম। এরপর রান তাড়াটাও হয়েছে দারুণ। সবমিলিয়ে আমার খুশী না হওয়ার কারণ নেই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৬১৫ঘ.
bdnews24