ঢাকা, ২৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের মুখোমুখি হচ্ছেন এশিয়ার তিন ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সাবেক গ্রেট ক্রিকেটাররা। সিডরে সহায় সম্বলহীন মানুষের সাহায্যার্থে এমন একটা টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিছু বিষয় এখনো চূড়ান্ত হওয়া বাকি আছে যদিও। তবে এই ম্যাচের তারিখ ঠিক হয়ে গেছে। আগামী ১১ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচের পর কনসার্টও আয়োজন করা হবে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-প্রতিবেদক মাসুদ পারভেজকে জানিয়েছেন বিসিবির আয়োজক কমিটির প্রধান মির্জা সালমান ইস্পাহানী।
সবকিছু ঠিক থাকলে ওই ম্যাচে 'তারার হাট'ও বসার কথা। ভারত থেকে আসছেন দিলীপ ভেংসরকার, গুন্ডাপ্পা বিশ্বনাথ এবং সন্দ্বীপ পাতিল। শ্রীলঙ্কা থেকে তাদের বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ও অরবিন্দ ডি সিলভার সঙ্গে রমেশ কালুভিতারানার আসাও একরকম নিশ্চিত বলে জানা গেছে। পাকিস্তান থেকে আসবেন মুদাসসর নজর। তবে আরেক গ্রেট ওয়াসিম আকরামের অংশগ্রহণ অনিশ্চিত। সালমান ইস্পাহানী এর কারণ ব্যাখ্যা করে জানিয়েছেন, "ভারত থেকে কারা কারা আসবেন, তা ঠিক করার দায়িত্ব নিয়েছেন সুনীল গাভাস্কার। তিনি এখন পর্যন্ত আমাদের তিনজনের কথা জানিয়েছেন। আর পাকিস্তানিদের বিষয়টা দেখছেন ওয়াসিম আকরাম। কিন্তু অস্ট্রেলিয়া-ভারত সিরিজের ধারাভাষ্য দিতে তিনি এখন অস্ট্রেলিয়ায়। ওয়াকার ইউনিসও আছেন সেখানেই। আমরা যে সময়ে ম্যাচটা আয়োজন করবো বলে ঠিক করেছি, সেসময়ে অবশ্য কয়েকটা দিন বিরতি আছে। ওই ফাঁকে যাতে ওয়াসিমকে আনা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে।"
ওই ম্যাচকে সামনে রেখে স্পনসরের সাড়াও মিলেছে বলে জানিয়েছেন বিসিবির কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান, "এখনই নাম বলবো না। তবে কয়েকটা প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এরমধ্যে একটা এয়ারলাইন্সও আছে। স্পনসর এবং কো-স্পনসর পাওয়া যাবে বলেই আশা করছি। ২৯ ডিসেম্বর বিসিবির ওয়ার্কিং কমিটির সভা। সেখানে সব চূড়ান্ত করেই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৮০৫ঘ.
bdnews24