২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গল টেস্ট ড্র হলো বৃষ্টিতে

আশঙ্কাটাই সত্যি হলো! ইংল্যান্ডের ত্রাতা হয়ে এলো বৃষ্টি। শনিবার গল টেস্টের পঞ্চম দিনের চা বিরতির পর তুমুল বৃষ্টিতে খেলা আর হয়নি। সুবাদেই ম্যাচ ড্র। আর ক্যান্ডি টেস্ট জেতায় শ্রীলঙ্কা তিন ম্যাচের সিরিজ জিতেছে ১-০ ব্যবধানে। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগ পর্যন্ত অ্যালিস্টার কুকের দারুণ এক সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৫১ রান তুলেছিল ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2007, 07:24 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

গল, ২২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আশঙ্কাটাই সত্যি হলো! ইংল্যান্ডের ত্রাতা হয়ে এলো বৃষ্টি। শনিবার গল টেস্টের পঞ্চম দিনের চা বিরতির পর তুমুল বৃষ্টিতে খেলা আর হয়নি। সুবাদেই ম্যাচ ড্র। আর ক্যান্ডি টেস্ট জেতায় শ্রীলঙ্কা তিন ম্যাচের সিরিজ জিতেছে ১-০ ব্যবধানে। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগ পর্যন্ত অ্যালিস্টার কুকের দারুণ এক সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৫১ রান তুলেছিল ইংল্যান্ড। পরিসংখ্যান বলছে গল তার সবচেয়ে প্রিয় শিকারক্ষেত্র। এ মাঠে এর আগে খেলা ১১ টেস্টে ৮৭ উইকেট পেয়েছেন মুত্তিয়া মুরালিধরন। সুনামি বিধ্বস্ত গলের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে একটু আড়ালেই ছিলেন শ্রীলঙ্কার এই বিশ্বরেকর্ডধারী অফ স্পিনার। স্বরূপে ফিরেছেন দরকারী সময়টাতেই। ১ উইকেটে ১০২ রান নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় উইকেট জুটিতে ৬১ রান যোগ করেছেন কুক ও ইয়ান বেল (৩৪)। এরপরই মুরালির আঘাত। নিচু হওয়া দারুণ এক অফব্রেকে বোল্ড করেছেন তিনি বেলকে। কেভিন পিটারসেন (৩০) ও কুকের তৃতীয় উইকেট জুটিতে আরো ৭২ রান পেয়েছে ইংল্যান্ড। যখন মনে হচ্ছিল ইংল্যান্ড অসম্ভবটা ঘটাতে যাচ্ছে, তখনই মুরালির ম্যাচ ঘুরিয়ে দেওয়া ওভারটির জন্ম। তৃতীয় বলে শর্ট মিড উইকেটে জয়াবর্ধনেকে ক্যাচ দিয়ে প্রথমে বিদায় নিলেন পিটারসেন। দু'বল পর পল কলিংউড (০) স্টাম্পড হলেন মুরালির দুসরায় বিভ্রান্ত হয়ে। আর তারপরই ম্যাচে পেয়ার পেলেন রবি বোপারা- জয়াবর্ধনের দুর্দান্ত ফিল্ডিংয়ের শিকার হয়েছেন রানআউট হয়ে। সেখান থেকে প্রায়রকে নিয়ে ৫০ রানের জুটি গড়েছেন কুক। ক্যারিয়ারের ৭ম টেস্ট সেঞ্চুরিটি পুরো করতে ১১টি বাউন্ডারি মেরেছেন, খেলেছেন ২২৮ বল। মাঝে দু'দফা বৃষ্টি। অভিষিক্ত পেসার চানক্য ওয়েলেগেদারা উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে যতি টেনেছেন কুকের ইনিংসের। এরপর যখন জয়ের গন্ধ পাচ্ছে শ্রীলঙ্কা, বেরসিক বৃষ্টি জল ঢেলে দিয়েছে তাদের সব আশায়। ২১৩ রানের অপরাজিত ইনিংসটির জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাহেলা জয়াবর্ধনে। আর সিরিজে অসাধারণ ধারাবাহিকতার জন্য সিরিজ সেরাও শ্রীলঙ্কা অধিনায়ক। শুধু সিরিজ জয়েই থেমে থাকেনি শ্রীলঙ্কার অর্জন। আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। বিপরীতে ইংল্যান্ড দ্বিতীয় স্থান থেকে নেমে গেছে পঞ্চমে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭০৫ঘ.