ঢাকা, ১৯ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সৈয়দ রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে এরমধ্যেই নিউজিল্যান্ডে উড়ে গেছেন সাজিদুল ইসলাম। তুষার ইমরানের অবশ্য রাসেলের মতো নিউজিল্যান্ডে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কিন্তু এই মিডল অর্ডার ব্যাটসম্যানের কাঁধের ইনজুরি কাটিয়ে উঠতেও কমপক্ষে ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। ততোদিনে হয়ে যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের দুটো ম্যাচ। ২৬ ডিসেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরুর আগে একজন মিডল অর্ডার ব্যাটসম্যানের ঘাটতি পুষিয়ে নিতে রাজিন সালেহকে নিউজিল্যান্ড পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্টের জন্য স্ট্যান্ডবাইয়ের তালিকায় থাকা রাজিন পুরো সফরের জন্যই যাচ্ছেন। তিনি রওনা হচ্ছেন ২৪ ডিসেম্বর।
কাঁধের ব্যথার জন্য নর্দার্ন নাইটসের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচে খেলা হয়নি তুষার ইমরানের। বিশ্রামে রাখা হয়েছে তাকে। তার ফিটনের টেস্ট নেওয়া হবে ২৮ ডিসেম্বর। সেদিনই হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। তার মানে তুষারের সিরিজের প্রথম দুটো ম্যাচ মিস করা নিশ্চিত। পরিস্থিতি বিশ্লেষণ করে বিসিবি একজন ব্যাটসম্যানকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্ট্যান্ডবাই তালিকা থেকে রাজিন সালেহকে বেছে নেওয়ার সিদ্ধান্ত অবশ্য নির্বাচকরাই নিয়েছেন। এ ব্যাপারে প্রধান নির্বাচক রফিকুল আলম বলেন, "শাহরিয়ার নাফীস, হাবিবুল বাশার ও রাজিনের মধ্য থেকেই কাউকে বেছে নিতে হত আমাদের। হাবিবুল অনেকদিন ধরেই ওয়ানডে খেলছে না বলে এক্ষেত্রে ও বিবেচনায় আসেনি। একজন মিডল অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন বলে ওপেনার নাফীসের চেয়ে এগিয়ে গেছে রাজিন। তাছাড়া নাফীস রানেও নেই। রাজিন কিন্তু রানের মধ্যেও আছে। জাতীয় লিগের সদ্যসমাপ্ত রাউন্ডে সেঞ্চুরিও করেছে। সবকিছু বিবেচনা করে আমরা রাজিনকেই বেছে নিয়েছি।" ২৪ ডিসেম্বর রওনা হয়ে রাজিন নিউজিল্যান্ড পৌছাবেন প্রথম ওয়ানডের আগেরদিন। ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে সিরিজের প্রথম ম্যাচ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১৫ঘ.
bdnews24