ওয়েলিংটন, ১৯ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবার নিউজিল্যান্ডের অধিনায়ক স্টিভেন ফ্লেমিং! নাহ, মত বদলাননি তিনি। নিউজিল্যান্ডের নেতৃত্ব তার উত্তরসূরী ড্যানিয়েল ভেট্টরির হাতেই থাকছে। তবে রোববার নিউজিল্যান্ডের জার্সি গায়ে আবারও সাময়িকভাবে ফিরছেন ফ্লেমিং স্বল্পদৈর্ঘ্য ক্রিকেটে। এবং অধিনায়ক হয়েই। সেদিন হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে একটি প্রদর্শনী টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড একাদশ। ঘুর্ণিঝড় সিডর আক্রান্তদের সাহায্য করতেই এই ম্যাচটি খেলবে দু'দল।
বুধবার নিউজিল্যান্ডের সিলেকশন ম্যানেজার রিচার্ড হ্যাডলি দল ঘোষণা করেছেন এই ম্যাচের। সাবেক এই অলরাউন্ড গ্রেট জানিয়েছেন এই ম্যাচেই শেষবারের মতো কোনো ছোট দৈর্ঘ্যরে ম্যাচে নেতৃত্ব দেবেন ফ্লেমিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি ওয়ানডে সিরিজের বেশিরভাগ খেলোয়াড়ই খেলছেন এ ম্যাচ। তাদের পাশাপাশি দলে ঢুকেছেন কিশোর ওপেনিং ব্যাটস্যম্যান জেসি রাইডার ও ফাস্ট বোলার টিম সাউদি। হ্যাডলি তার দল সম্পর্কিত ব্যখ্যায় বলেছেন, "এই ম্যাচ দিয়ে নিউজিল্যান্ডের বেশ কজন খেলোয়াড় সিরিজের আগেই বাংলাদেশের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি উঠতি খেলোয়াড়দের জন্যও রয়েছে একই সুযোগ।" তারপর যোগ করেছেন, "টপ অর্ডারে জেসি রাইডার সন্দেহাতীত প্রতিভাবান, টিম সাউদিও দারুণ প্রতিশ্র"তিশীল ফাস্ট বোলার। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে দুজন এই ম্যাচ দিয়ে।"
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটো টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ড সফর করছে।
নিউজিল্যান্ড একাদশ : স্টিভেন ফ্লেমিং (অধিনায়ক), জেসি রাইডার, জেইমি হাও, পিটার ফুলটন, রস টেলর, স্কট স্টাইরিস, গ্যারেথ হপকিন্স, জিতান প্যাটেল, টিম সাউদি, মাইকেল ম্যাসন, ইয়াইন ও'ব্রাইয়েন, জেমস মার্শাল (রিজার্ভ ফিল্ডার)।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৬১৫ঘ.
bdnews24