ঢাকা, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আরো দুই রাউন্ডের খেলা বাকি। তবু অষ্টম রাউন্ড শেষেই ইস্পাহানী মির্জাপুর চা নবম জাতীয় ক্রিকেট লিগের একদিনের ম্যাচের শিরোপা নিশ্চিত হয়ে গেছে রাজশাহীর। মঙ্গলবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রামকে ৭০ রানে হারানোয় ৮ ম্যাচে স্বাগতিকদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৪। রাজশাহীর নিকটতম প্রতিদ্বন্দ্বী খুলনা সিলেটের কাছে এবং ঢাকা বরিশালের সঙ্গে এদিন হেরে বসায় তাদের পয়েন্ট অষ্টম রাউন্ড শেষেও রয়ে গেছে ৮-এই। ৮ পয়েন্ট নিয়ে এদিন তাদের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বরিশালও। যেহেতু ব্যবধানটা ৬ পয়েন্টের, কাজেই রাজশাহী শেষ দুটো ম্যাচে হারলেও এই তিনটি দলের পক্ষে আর তাদের ধরা সম্ভব নয়। কাজেই এখন শুধু রানার্সআপ নির্ধারিত হওয়ার লড়াই।
অথচ অষ্টম রাউন্ডের ম্যাচে জিতলে শিরোপার লড়াইয়ে ভালোভাবেই রয়ে যেত খুলনা ও ঢাকা। কিন্তু খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিকরা ৮৬ রানের বড় ব্যবধানেই হেরে গেছে সিলেটের কাছে। সিলেটের ৮ উইকেটে তোলা ২৭৮ রান তাড়া করতে নামা হাবিবুল বাশারের খুলনা ১৯২ রানেই থেমে যায়। আর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকার ১৯৬ রান ৪৭.২ ওভারে মাত্র ২ উইকেট খুঁইয়ে টপকে যায় বরিশাল। চ্যাম্পিয়ন রাজশাহী ৪৭.২ ওভারে অলআউট হলেও ২৪২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে যায়। জবাবে চট্টগ্রাম ৩৭ ওভারে গুটিয়ে যায় ১৭২ রানেই।
এর কারণ রাজশাহীর পেসার দেলোয়ার হোসেনের দুর্দান্ত বোলিং। মাত্র ৩৪ রান খরচায় তিনি তুলে নেন চট্টগ্রামের পাঁচজন ব্যাটসম্যানকে। নিজেদের ব্যাটিং বিপর্যয়ের মাঝেও ফয়সাল হোসেনের নিঃসঙ্গ লড়াই অবশ্য বিফলেই গেছে। দলের মোট সংগ্রহের অর্ধেকেরও বেশি ৯১ রান করে অপরাজিত থাকা এই বাঁ হাতি ব্যাটসম্যান হারের ব্যবধানই কমাতে পেরেছেন শুধু। বোলিংয়ের মতো রাজশাহীর ব্যাটিংটাও ছিল একজনের নৈপূণ্যভাস্বর। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান এসেছে আনিসুর রহমান সঞ্চয়ের ব্যাট থেকে। সেখানে ওপেনার শাকিল হায়দারের ৯৫ রানই তাদের প্রায় আড়াইশো রানে পৌছে দেয়। তাই রাজশাহীর চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করা জয়ের পর ম্যাচ রেফারি 'ম্যান অফ দি ম্যাচ' না বেছে সুবিচারই করেছেন 'মেন অফ দি ম্যাচ' হিসেবে একই সঙ্গে দেলোয়ার ও শাকিলের নাম ঘোষণা করে।
খুলনা-সিলেট ম্যাচে অবশ্য ম্যাচ সেরা হিসেবে অলক কাপালিকে বেছে নেওয়া ছাড়া কোনো উপায়ই ছিল না। এই রাউন্ডেই চারদিনের ম্যাচে তার দ্বিতীয় সেঞ্চুরিটি করা অলকের ব্যাট হেসেছে ওয়ানডেতেও। ৭৩ রান করেছেন। তারপর বল হাতেও ৪৫ রানে তিন উইকেট। তার ইনিংসের পাশাপাশি গোলাম রহমানের ৬৫ রান সিলেটকে ২৭৮ রানে পৌছে দিতে রাখে বিশেষ ভূমিকা। তবে খুলনার শুরু দেখে সিলেটের আতঙ্কিত হওয়ার কারণ ছিল যথেষ্টই। মাত্র ৯.৫ ওভারেই ৭৩ রান তুলে ফেলেন দুই ওপেনার ইমরুল কায়েস (২২) ও নাজমুস সাদাত (৮৩)। ১৮.২ ওভারে ১ উইকেটে ১১৭ রান- একসময় এই অবস্থায় থাকা খুলনা ৭৬ রানে শেষ নয়টি উইকেট হারিয়ে অসহায় আত্মসমর্পণ করে।
তবে খুলনার মতো এমন অবস্থায় থেকে হোঁচট খায়নি বরিশাল। মাহমুদুল্লাহ রিয়াদ (৫০), নাদীফ চৌধুরীর (৫১*) ও মেহরাব হোসেন অপির ৪৪ রানের পরও দুইশো ছুঁতে না পারা ঢাকার বিপক্ষে জয় নিশ্চিত করে ফেলে বরিশালের ওপেনিং জুটি। অধিনায়ক শাহরিয়ার নাফীস (৬১) ও নাসিরুদ্দিন ফারুক (৫৫) মিলে উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন ১১৫ রান। সেখান থেকে বাকী কাজটা সেরেছেন ইমরান আহমেদ (৩৬*) ও রাকিবুল হাসান (২১*)। নাফীস পেয়েছেন এই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩৫ঘ.
bdnews24