পোর্ট এলিজাবেথ, ১৭ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৃষ্টির বাগড়ায় ২০ ওভারের ম্যাচ নেমে এসেছিল ১৩ ওভারে। আর তাতেই জেরোমি টেলর ও ডেইল স্টেইনের দুর্দান্ত বোলিং। তবে বিজয়ী টেলর। রোববার পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টুয়েন্টি টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৫ উইকেটে জিতেছে তার দল ওয়েস্ট ইন্ডিজ। ৬ রানে ৩ উইকেট নিয়ে এতে সবচেয়ে বড় ভূমিকা টেলরেরই। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৩ ওভারে ৮ উইকেটে ৫৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ১৯ বল হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্যে পৌঁছেছে ৫ উইকেটের বিনিময়ে।
টস জিতে ফিল্ডিং নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারেই তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে বেসামাল করে দেন টেলর। মরনি ফন উইককে এলবিডব্লু করে শুরু করেন এই ফাস্ট বোলার। পরের বলে বোল্ড জাঁ পল ডুমিনি। সেই ওভারের শেষ বলে অ্যাবি ডি ভিলিয়ার্সের স্টাম্প উপড়ে বিপাকে ফেলে দেন স্বাগতিকদের। এখানেই শেষ নয়। পরের ওভারের প্রথম বলেই হার্শেল গিবসের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ পরিণত করেন ৪ উইকেটে ৫ রানে। এরপর শন পোলক (২) ও অ্যালবি মর্কেল (১) রান আউট হয়ে যান। ভারনন ফিলান্ডার ফিডেল এডওয়ার্ডসের বলে এলবিডব্লু হলে ২২ রানেই ৭ উইকেট চলে যায় দক্ষিণ আফ্রিকার। অষ্টম উইকেটটি পড়েছে ৩৭ রানে। গুলাম বোদি (৮) বোল্ড হয়েছেন ড্যারেন স্যামির বলে। সেখান থেকে ১৩ ওভারে দলকে ৫৮ রানে পৌঁছে দেওয়ার কৃতিত্ব ইয়োহান বোথার। সর্বোচ্চ ২৮ রান এসেছে তার ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার পক্ষে এ ছাড়া দুই অঙ্কের রান ১৩- সেটা অতিরিক্ত খাতে।
জবাব দিতে নেমে প্রথম ওভারেই ব্রেন্টন পার্চমেন্টকে (১০) হারায় ওয়েস্ট ইন্ডিজ। একটি চার ও একটি ছক্কা মেরে পোলকের বলে ডুমিনিকে ক্যাচ দিয়েছেন এই ওপেনার। বাকি দুওভারে আরো ২২ রান তুলে ফেলা ক্যারিবিয়ানরা এরপর ডেইল স্টেইনের তোপের মুখে পড়ে। ৩ ওভারের এক স্পেলে মাত্র ৯ রানে ৪ উইকেট নিয়েছেন স্টেইন। চারটিই বোল্ড। তার শিকারের তালিকায় ছিলেন ডেভন স্মিথ (৭), রুনাকো মর্টন (২০), মারলন স্যামুয়েলস (১) ও ডুয়াইন ব্রাভো (০)। এর মধ্যে শেষের তিনজনকে এক ওভারেই আউট করেছেন স্টেইন। সেখান থেকে আর কোনো বিপদ হতে দেননি শিবনারায়ন চন্দরপল (৮) ও দীনেশ রামাদিন (১২)। ষষ্ঠ উইকেটে ১৯ রানের এক অবিচ্ছিন্ন জুটিতে দুজনে দলকে পৌঁছে দিয়েছেন জয়ের গোড়ায়।
দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন টেলর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭১৫ঘ.
bdnews24