ঢাকা, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সামনে কঠিন সময় অপেক্ষা করছে, বাংলাদেশ দলকে এই বার্তাই বোধহয় পৌঁছে দিল নর্দার্ন নাইটস। নিউজিল্যান্ড সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে তারা মোহাম্মদ আশরাফুলের দলকে একরকম হেসে-খেলেই হারিয়েছে। রোববার হ্যামিল্টনের সেডন পার্কে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৮ উইকেটে তুলেছিল ২২২ রান। মাত্র ৪২.৩ ওভারেই ৩ উইকেটে এই রান টপকে যায় নর্দার্ন নাইটস। অর্থাৎ ৭ উইকেটের অনায়াস জয় তাদের।
এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের একমাত্র উজ্জ্বল চরিত্র জুনায়েদ ইমরোজ সিদ্দিকী। অন্যদের ব্যর্থতার মাঝে কেবল তার ব্যাটই হেসেছে। ১১৪ বলে ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করেছেন তিনি। যেটি সাজানো ছিল আটটি বাউন্ডারি ও একটি ছক্কা দিয়ে। তবে তামিম ইকবাল ও জুনায়েদকে নিয়ে বাংলাদেশের নতুন ওপেনিং জুটি স্থায়ী হয়নি বেশিক্ষণ। তামিমের (১২) মতো দ্রুতই ফিরে গেছেন তুষার ইমরানও (৮)। দু'জনেই পেসার ব্রেন্ট আরনেলের শিকার। তামিম অফস্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে কট বিহাইন্ড। তুষারও ক্যাচ দিয়েছেন উইকেটকিপারকে, তবে তিনি লেগসাইড দিয়ে ম্যাকগ্লাশানের গ্লাভসবন্দী হয়েছেন।
তাদের বিদায়ের পর অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সঙ্গে জুনায়েদের ৫৭ রানের তৃতীয় উইকেট জুটি বাংলাদেশকে দেখাচ্ছিল বড় কিছুর স্বপ্ন। কিন্তু ৩৭ বলে চার বাউন্ডারিতে ৩০ রান করা আশরাফুল ও জুনায়েদ ২১ রানের মধ্যেই বিদায় নিলে বড় ধাক্কা খায় বাংলাদেশের ইনিংস। যে ধাক্কা সাকিব আল হাসান (৬), আফতাব আহমেদ (১২) ও মুশফিকুর রহিম (১৫) সামাল দিতে ব্যর্থ হলে দলের দু শ' পেরোনো নিয়েই জাগে সংশয়।
শেষ দিকে ফরহাদ রেজা ও সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ঝড়ো ব্যাটিংয়ে সেই সংশয় অবশ্য সত্যি হয়নি। ফরহাদ ২৮ বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে করেছেন ২৭ রান। আর মাশরাফির ২২ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে তিন বাউন্ডারির সঙ্গে একটি ছক্কাও ছিল। এই ইনিংস দুটোই দু শ' পার করে বাংলাদেশকে। ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার নর্দার্ন নাইটসের আরনেলের বোলিং ফিগারও ছিল দেখার মতো : ১০-৩-৪০-৩! আর ১০ ওভারে ৪৫ রান খরচায় সাইমন অ্যান্ড্রুসের শিকার দুই উইকেট ।
সেই তুলনায় ৯ ওভার বোলিং করে একটু বেশিই রান দিয়ে ফেলা মাশরাফি (৪৮) তার একমাত্র উইকেটটি যখন পান, তখন জয় থেকে খুব বেশি দূরে নয় নর্দার্ন ডিস্ট্রিক্টস। তার মতো একটি করে উইকেট পেয়েছেন আব্দুর রাজ্জাক (১/৫১) ও ফরহাদ রেজাও (১/২২)। মাশরাফি ড্যানিয়েল ফ্লিনকে (৩১) এলবিডব্লু করার পর অধিনায়ক জেমস মার্শাল ঝড় তুলেছেন। মাত্র ৩৯ বলে পাঁচ বাউন্ডারি ও দুটো ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন নিয়মিত অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরির জায়গায় নর্দার্ন ডিস্ট্রিক্টকে নেতৃত্ব দেওয়া মার্শাল। তবে এই ম্যাচের সেরা ব্যাটসম্যান তিনি নন, তার দলের ওপেনার নিক হর্সলি। ৯৯ বলে ১০ বাউন্ডারি ও চার ছক্কায় ৯২ রান করে নর্দার্ন নাইটসের সহজ জয়ের পথ তিনিই সুগম করে গিয়েছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৭২৯ঘ.
bdnews24