সিডনি, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে একটুও শান্তিতে থাকতে দেননি ব্রেট লি ও নাথান ব্র্যাকেন। তবে তাদের তোপে ১২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা কিউইদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বৃষ্টি! রোববার সিডনি ক্রিকেট মাঠে চ্যাপেল-হ্যাডলি সিরিজের দ্বিতীয় ম্যাচ মাত্র ৬ ওভারের বেশি হতে পারেনি বৃষ্টির তান্ডবে।
ব্রেট লি'র করা ইনিংসের দ্বিতীয় বলেই লু ভিনসেন্ট (০) ক্যাচ দিয়েছেন দ্বিতীয় স্লিপে দাঁড়ানো অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংকে। নাথান ব্র্যাকেনের পরের ওভারেই জেমি হাউকে (৪) স্লিপে তালুবন্দী করেছেন ম্যাথু হেইডেন। ঠিক তার পরের ওভারে কিউইরা জন্য আরো বড় ধাক্কা খেয়েছে। প্রথম ম্যাচে ৯৬ রানের দারুণ এক ইনিংস খেলা ব্রেন্ডন ম্যাককালামও আউট! ব্রেট লি'র স্লোয়ার বলে বিভ্রান্ত নিউজিল্যান্ড উইকেট কিপারের সহজ ক্যাচটা ধরতে কোনো সমস্যাই হয়নি মিড অফে থাকা ব্র্যাড হগের। ১২ রানে ৩ উইকেট হারিয়ে সফরকারীরা তখন ভীষণ সঙ্কটে। সেই সঙ্কট থেকে তারা মুক্তি পেয়েছে বৃষ্টির কৃপায়। ৬ ওভারে ৩ উইকেটে ৩০ রান তোলার পর বৃষ্টি এসে ভাসিয়ে দিয়েছে ম্যাচটা। সে সময় স্কট স্টাইরিস ১২ ও রস টেলর ব্যাট করছিলেন ৫ রান নিয়ে।
প্রথম ম্যাচে সহজ জয় পাওয়া অস্ট্রেলিয়াকে তাই সিরিজে ১-০তে এগিয়ে থাকার সান্ত্বনা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, হোবার্টে। ঐ ম্যাচে জয় পেলেই চ্যাপেল-হ্যাডলি ট্রফি ধরে রাখবে নিউজিল্যান্ড। কারণ গতবার তারা অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেই জিতে নিয়েছিল ট্রফিটা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৭০৫ঘ.
bdnews24