অ্যাডিলেড, ১৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চ্যাপেল-হ্যাডলি সিরিজের গত আসরে অংশ নিতে পারেননি রিকি পন্টিং। সামনে বিশ্বকাপ ছিল, তাই তাকে বিশ্রাম দিতে নিয়মিত অধিনায়ককে ছাড়াই নিউজিল্যান্ড সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। এবং তাসমান প্রতিবেশীদের দেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে হতভম্ব করে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে। ঘরের মাঠে এবারের চ্যাপেল-হ্যাডলি সিরিজটা তাই বিশ্বসেরাদের জন্য একই সঙ্গে ট্রফি পুনরুদ্ধার ও প্রতিশোধের মিশন। সেই লক্ষ্যপূরণে একেবারে সামনে থেকেই নেতৃত্ব দিলেন পন্টিং। শুক্রবার তার অধিনায়কোচিত অপরাজিত ১০৭ রানের সুবাদে অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে সহজেই ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে তারা এখন ১-০ ব্যবধানে এগিয়ে।
২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরু করেছে ঝড়ের গতিতে। মঙ্গলবার ইনজুরির কারণে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ মিস করেছিলেন ম্যাথু হেইডেন। সেই ক্ষতি পুষিয়ে নিতেই তিনি যেন চড়াও হয়েছেন 'ব্ল্যাক ক্যাপস' বোলারদের ওপরে। সঙ্গে অ্যাডাম গিলক্রিস্ট তো ছিলেনই। দুজনে মাত্র ২৯ বলেই দলকে পৌঁছে দিয়েছেন পঞ্চাশ রানে। অস্ট্রেলিয়ার ৬৯ রানের উদ্বোধনী জুটিটা ভেঙ্গেছেন কাইল মিলস। ১৭ রান করে মিলসকে ফিরতি ক্যাচ দিয়েছেন হেইডেন । অন্যপ্রান্তে দুর্দমনীয় গিলক্রিস্টকে থামিয়েছেন ক্রিস মার্টিন। মাত্র ২৯ বলে ৬টি বাউন্ডারি ও দুটো ছক্কায় ৫১ রান করে গিলক্রিস্ট ক্যাচ দিয়েছেন রস টেলরকে। অস্ট্রেলিয়ার স্কোর তখন ২ উইকেটে ৭৫ রান। অবশ্য মাত্র ৮ ওভারে!
অল্প সময়ের ব্যবধানে দুই ওপেনারকে হারালেও স্বাগতিকরা সেই ধাক্কা বুঝতে পারেনি পন্টিং ও মাইকেল ক্লার্কের দৃঢ়তায়। ২৭তম ওভারে বৃষ্টি নেমে (তখন অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১৫৪ রান) বেশ কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়েছিল খেলা। কিন্তু তা পন্টিং-ক্লার্কের মনসংযোগে ব্যাঘাত ঘটাতে পারেনি। দু জনে ১৩৫ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত্তি গড়ে দিয়েছেন। ক্লার্ক ৬টি বাউন্ডারিতে ৪৮ রান করে কাইল মিলসের বলে লু ভিনসেন্টকে ক্যাচ দিলেও পন্টিংকে কোনো কিউই বোলার ফেরাতে পারেননি। ২৪তম ওয়ানডে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার অধিনায়ক ৭ দশমিক ৩ ওভার হাতে রেখেই দলকে পৌঁছে দিয়েছেন লক্ষ্যে। তার ১০৮ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংসটা সাজানো ছিল ১৩টা বাউন্ডারিতে। ম্যান অব দ্য ম্যাচও স্বাভাবিকভাবেই তিনি। ২৮ রানে অপরাজিত থেকে পন্টিংকে যোগ্য সঙ্গ দিয়েছেন অ্যান্ড্রু সাইমন্ডস।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। তৃতীয় ওভারেই ব্রেট লি আউট করেছেন লু ভিনসেন্টকে (৫)। এরপর জেমি হাউকে নিয়ে ৯৯ রানের জুটি গড়েছেন ওপেন করতে নামা ব্রেন্ডন ম্যাককালাম। তবে দ্রুত দুটো উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন শন টেইট। পরপর দুওভারে তিনি ফিরিয়ে দিয়েছেন হাউ (২০) এবং স্কট স্টাইরিসকে (৫)। সেখান থেকে ৫২ রানের জুটি গড়ে ধস সামাল দিয়েছেন ম্যাককালাম ও টেলর। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকতে হজের বলে আউট হয়েছেন ম্যাককালাম। লং অফে নাথান ব্র্যাকেন নিয়েছেন তার ক্যাচ। ১০৩ বলে ১২টি চার ও একটি ছক্কায় ৯৬ রান করেছেন নিউজিল্যান্ডের এই উইকেট কিপার।
ম্যাককালামের বিদায়ের ৫ ওভার পর ৫২ বলে ৩টি ছক্কা ও একটি বাউন্ডারিতে ৫০ রান করে লির দ্বিতীয় শিকার হয়েছেন টেলর। তবে জ্যাকব ওরাম ৩৮ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস দিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহকে নিয়ে গেছেন আড়াই শ'র ওপরে। নিউজিল্যান্ডকে ৭ উইকেটে ২৫৪ রানে পৌঁছে দিতে ভেট্টরির ২০ বলে ১৮ রানের অবদানও কম নয় । ৫৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার টেইট।
রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে সিডনিতে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৮৩৬ঘ.
bdnews24