করাচি, ১৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথমে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট-ওয়ানডে দুটো সিরিজেই পরাজয়। তার পর ভারত সফরেও দুই সিরিজেই হার। পাকিস্তান দলের সময়টা আসলেই ভালো যাচ্ছে না। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশ থেকে পরাজয়ের বেদনা নিয়ে ফিরলেও শোয়েব মালিককে অন্তত অধিনায়কত্ব হারাতে হচ্ছে না। আগামী বছরের শেষ পর্যন্ত অধিনায়ক হিসাবে তার ওপরেই আস্থা রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শুক্রবার পিসিবি'র চেয়ারম্যান ডঃ নাসিম আশরাফ জানিয়েছেন, "২০০৮ সালের জন্য তাকে (শোয়েব মালিককে) অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমরা তাকে পূর্ণ সমর্থনই দেবো। আমাদের মনে হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে এক জন ভালো অধিনায়ক হিসাবে সে গড়ে উঠতে পারবে। সে বয়সে তরুণ আর নিজের ভুল থেকে শিক্ষাও নিতে পারবে।" ভারতের সঙ্গে শেষ দুটো টেস্টে অবশ্য ইনজুরির কারণে খেলতে পারেননি শোয়েব মালিক। তার জায়গায় পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন সহ-অধিনায়ক ইউনিস খান।
শোয়েব মালিক ক্রিকেট কর্মকর্তাদের সমর্থন পেলেও জিওফ লসন এখন বেশ চাপের মধ্যে। ২৮ বছর পর তার অধীনেই ভারতের মাটিতে টেস্ট সিরিজে হার মানতে হয়েছে পাকিস্তানকে। পিসিবি তাই টেস্ট সিরিজের একটি পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে অস্ট্রেলীয় কোচ লসনের কাছে। তার সঙ্গে কথাও বলবেন পিসিবি'র কর্মকর্তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২০২২ঘ.
bdnews24