ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঘরের মাঠে জাতীয় ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডে দারুণ সূচনা করেছে রাজশাহী। শাহজাদা ও সাইফুল ইসলামের মারাত্মক বোলিংয়ে তারা ১৯৮ রানে শেষ করে দিয়েছে চট্টগ্রামের প্রথম ইনিংস। খুলনায় অবশ্য অতটা বিপদে পড়েনি অতিথিরা। স্বাগতিকদের বিপক্ষে গোলাম মাবুদ ও গোলাম রহমানের দুই ফিফটিতে ৬ উইকেটে ২২৮ রান তুলে প্রথম দিন শেষ করেছে সিলেট। আর ঢাকায় স্বাগতিকরা বরিশালের বিপক্ষে ৬ উইকেটে ২১৫ রান করেছে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ভীষণ বিপদে পড়ে যায় চট্টগ্রাম। মাত্র ২৯ রানেই ফিরে যায় তাদের চার টপ-অর্ডার ব্যাটসম্যান । রাজশাহীর ধ্বংসযজ্ঞের দুই নায়ক মোহাম্মদ শাহাজাদা (৪/৩৬) ও সাইফুল ইসলাম (৩/৭০)। তাদের তোপের মুখে পড়েই চট্টগ্রামের প্রথম ইনিংস ১৯৮ রানে শেষ হয়ে যায়।
শুরুতে অমন ধাক্কার পর চট্টগ্রাম দু শ'র কাছাকাছি যেতে পেরেছে দুই হাফ সেঞ্চুরিয়ান ধীমান (৫০) ও এহসানুল হকের (৬৬) কল্যাণে। পঞ্চম উইকেট জুটিতে তারা ১১৬ রান যোগ করেছেন।
এত ভাল বোলিংয়ের পরও অবশ্য ম্যাচ রাজশাহীর নিয়ন্ত্রণে বলা যাচ্ছে না। কারণ ২৪ রান তুলতেই তারা ২ উইকেট হারিয়ে ফেলেছে। উইকেট দুটো নিয়েছেন চট্টগ্রামের দুই ওপেনিং বোলার তারেক আজিজ ও কামরুল ইসলাম।
বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে খুলনার বিপক্ষে সিলেট টস জিতে ব্যাটিং করতে নেমে ধাক্কা খায়। শুরুতেই ফিরে যান দুই ওপেনার ইমতিয়াজ হোসেন (১৫), কুন্তল (১৯) ও অধিনায়ক রাজিন সালেহ (২)। কিন্তু মিডল অর্ডারে অলক কাপালি (৩৬), গোলাম মাবুদ (৫৩) ও গোলাম রহমানের (অপরাজিত ৭৮) দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই ধাক্কা সামলে সিলেট ৬ উইকেটে ২২৮ রান তুলে এখন স্বস্তিকর জায়গায়। খুলনার আসলাম খান, রবিউল ইসলাম ও মুরাদ খান দুটো করে উইকেট নিয়েছেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি স্বাগতিক ঢাকা। বরিশালের বিপক্ষে লড়াই করেই তারা প্রথম দিনে ৬ উইকেটে ২১৫ রান করেছে। নাদিফ চৌধুরী (৩৯) ও মেহরাব হোসেনের (৩৩) পর লড়াই চালিয়ে যাচ্ছেন মোশাররফ (অপঃ ৩৫) ও শরীফ (অপঃ ৩০)। বরিশালের সাজিদুল ও তারিকুল দুটো করে উইকেট নিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১৫১ঘ.
bdnews24