ঢাকা, ১৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে চেনামুখ অবশ্যই মোহাম্মদ আশরাফুল এবং তার ডেপুটি মাশরাফি বিন মর্তুজা। বৃহষ্পতিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় (নিউজিল্যান্ড সময় দুপুর একটায়) নিউজিল্যান্ডে পৌছানোর পর আরেকজন চেনামুখের আবির্ভাবের আগাম ঘোষণাও দিয়ে রাখলেন জেমি সিডন্স। হেড কোচের দৃষ্টিতে আগামীর তারকা হতে যাচ্ছেন জুনায়েদ ইমরোজ সিদ্দিকীও, "ও তরুণ বাঁ হাতি ব্যাটসম্যান। সেই সঙ্গে অফস্পিন বোলিংটাও করে। যার কিনা বিশেষ কিছু করার সামর্থ্য আছে বলেই মনে হয় আমার।"
তবে বাংলাদেশীদের কাছে তো ক্রিকেটাররা সবাই চেনামুখ। অকল্যান্ড এয়ারপোর্টে তাই মোহাম্মদ আশরাফুলদের আপনজনের মতোই বরণ করে নিয়েছেন নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশীরা। নিশ্চিত যেখানেই খেলা থাক, তারা বাংলাদেশ দলকে অনুসরণ করবেন। এবং নিউজিল্যান্ডেও মাঠে জাতীয় পতাকা শোভা পাবেই। আর কিউইদের হারানো যে খুবই সম্ভব তা ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের আগেই প্রমাণ করেছিল টাইগাররা। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল স্টিফেন ফ্লেমিংয়ের নেতৃত্বাধীন দলটি।
এখন নিউজিল্যান্ড ডেনিয়েল ভেট্টোরির দল। এই দলটার বিপক্ষেও কয়েকটা ওয়ানডেতে জেতার লক্ষ্য নিয়ে সেখানে গেছে বাংলাদেশ দল। সেই লক্ষ্য অর্জিত হওয়া সম্ভব কতোটা? এই প্রশ্নের উত্তর এভাবেই দিয়েছেন সিডন্স, "এই দলে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে। আবার কয়েকজনকে আমরা টেস্ট সিরিজের জন্য রেখে এসেছি। ওয়ানডের জন্য এই দলটা খুবই তরুণ। সেই সঙ্গে বেশ অনভিজ্ঞও। কিন্তু ছেলেদের উৎসাহ উদ্দীপনায় কোনো ঘাটতি নেই। ম্যাচ জেতার ক্ষেত্রে এটাই খুব কাজে লাগবে।"
আশরাফুলের দলকে নিয়ে এই প্রথম কোনো সিরিজ খেলতে যাওয়া সিডন্স চোখ রেখেছেন সুদূর ভবিষ্যতেও, "গত দুটো বিশ্বকাপের (ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ এবং টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ) সুপার এইটে খেলেছি আমরা। এর পরের আসরটাতে আমরা আরো কিছুটা এগুতে চাই।" দলের পারফরম্যান্সে ধারাবহিকতা আনারও তাগিদ দিয়েছেন এই অস্ট্রেলিয়ান,"আমরা জানি, বিশ্বসেরা বোলার আমাদের দলে নেই। কিংবা নেই সবচেয়ে মারকুটে ব্যাটসম্যানও। কিন্তু খেলাটা আমরা নিজেদের মতো করেই খেলবো। আশা করছি সেটাই কিছু ম্যাচ জেতার জন্য যথেষ্ট হবে। অবশ্য জিততে হলে আমাদের আরো ধারাবাহিক হতে হবে। অনেক বড় ম্যাচ আমরা জিতেছি ঠিকই। আবার কিছু জেতা ম্যাচে হেরেওছি।"
অকল্যান্ড থেকে হ্যামিল্টন খুব বেশি দূরে নয়। মাত্র দেড় ঘন্টার পথ। ১৬ ও ১৮ ডিসেম্বর সেখানেই নর্দার্ন ডিস্ট্রিক্টের বিপক্ষে দুটো একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একারণেই হ্যামিল্টনে চলে গেছে দল। সেখানে তাদের ঠিকানা হোটেল নভোটেল। হোটেলে পৌছে অবশ্য ক্রিকেটাররা বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি খুব একটা। বৃহষ্পতিবার বিকেলে তারা গা ঘামাতে যান হ্যামিল্টনের সেডন পার্কে। ওয়ার্ম আপের পর ক্রিকেটাররা সেখানে ফুটবলও খেলেছেন।
নিউজিল্যান্ডের পত্রপত্রিকা ও টাইগারক্রিকেট ডটকম-এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৪৫ঘ.
bdnews24