বেঙ্গালুরু, ভারত, ১৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইমরান খানের মন্তব্যে শোয়েব আখতার বেশ বিরক্তই। ২৮ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ হেরে যাওয়ার পর ভারতের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এই পরাজয়ের জন্য মূলত শোয়েবের কাঁধেই দোষ চাপিয়েছেন ইমরান। তার ধারণা শোয়েব ঠিকভাবে জ্বলে উঠতে পারলে সিরিজটা এমনকি ৩-০তেও জিততে পারতো পাকিস্তান! তবে পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়কের এই ধারণার সঙ্গে একেবারেই একমত নন 'পিন্ডি এক্সপ্রেস'। ইমরানের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই ধারণাটার প্রতিবাদ জানিয়েছেন তিনি।
কনুইয়ের ইনজুরির জন্য ভারত সফরে আসতে পারেননি মোহাম্মদ আসিফ। অন্যদিকে ৫টি ওয়ানডে খেললেও পিঠের ইনজুরিতে পড়ে কোনো টেস্ট না খেলেই দেশে ফিরে যেতে হয়েছে উমর গুলকে। টেস্ট সিরিজে তাই পাকিস্তানের পেস আক্রমণের দায়িত্বভার চেপেছিল শোয়েবের কাঁধে। গত জানুয়ারির পর প্রথম টেস্ট খেলা শোয়েব ইনজুরি ও ফিটনেস সমস্যা নিয়েও সেই দায়িত্ব মোটামুটি ভালভাবেই পালন করেছেন। তিন টেস্টে ৩৩ দশমিক ১১ গড়ে ৯ উইকেট নেয়াতেই তা প্রমাণিত।
তার পরও ইমরানের এমন মন্তব্যে শোয়েব মর্মাহত, কিছুটা ক্ষুব্ধও, "সাবেক খেলোয়াড় ও ব্যক্তি ইমরান খানের আমি বিশাল ভক্ত আর তাকে ভীষণ শ্রদ্ধাও করি। টেলিভিশনে দেয়া বিশ্লেষণে তিনি আমাকে চিহ্নিত করে বলেছেন যে নিজের (পারফরম্যান্সের) জন্য আমার হতাশ হওয়া উচিৎ। বুঝতে পারছি তিনি বলতে চাইছেন যে আমি এক জন ম্যাচ উইনার। কিন্তু আমার একার পক্ষে (দলকে) টেস্ট ম্যাচ জেতানো সম্ভব নয়।"
দিল্লীতে হেরে গেলেও ৬ উইকেট নিয়ে আলোচনায় উঠে আসা শোয়েবকে কলকাতায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের ঠিক আগে জ্বর ও বুকের সংক্রমণের জন্য হাসপাতালে যেতে হয়েছিল। তার পরও পেসারদের জন্য বধ্যভূমি ইডেনে দুই উইকেট নিয়েছেন তিনি। বেঙ্গালুরুতে আবারো ইনজুরির আঘাত। প্রথম দিন পিঠের ব্যথার জন্য মাত্র ১০ ওভার বল করে তাকে চলে যেতে হয় হাসপাতালে। এমআরআই স্ক্যানে খারাপ কিছু পাওয়া না গেলেও প্রথম ইনিংসে আর বল করতে পারেননি। তবে ফিটনসে সমস্যা নিয়েও দ্বিতীয় ইনিংসে গৌতম গম্ভীরকে বোল্ড করে তিনিই ব্রেক থ্রু এনে দিয়েছেন দলকে।
পুরো সিরিজে প্রয়োজনের সময় শোয়েব বেশ কয়েক বার উইকেট পেলেও অন্য বোলারদের ব্যর্থতায় পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপরে চড়াও হতে পারেনি। শোয়েবের বিশ্বাস সিরিজে পাকিস্তানের পরাজয়ের এটা অন্যতম কারণ, "আমি কখনো চাপ সৃষ্টি করলেও সেই চাপ ভারতের ব্যাটসম্যানদের ওপরে আমরা ধরে রাখতে পারিনি। তবে সেজন্য সতীর্থদের কাঁধে আমি দোষ চাপাচ্ছি না। আসিফ আর গুল থাকলে এবং সামি আমার সঙ্গে জ্বলে উঠতে পারলে সিরিজটা নিঃসন্দেহে অন্য রকম হতে পারতো। (ক্রিকেটের) এই পর্যায়ে অনভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে আমরা বেশি কিছু আশা করতে পারি না। উমর গুল আর মোহাম্মদ আসিফের মতো খেলোয়াড়দের যে কোনো দলই যে মিস করবে তা বুঝতে হবে সবাইকে।"
এবারের ভারত সফরে দলের বোলিং আক্রমণের বেহাল দশার কথা জানানোর পর ইমরানের সৌভাগ্যের প্রতি ইঙ্গিত করে শোয়েবের মন্তব্য, "সেই দিনগুলোতে (আব্দুল) কাদির ও ওয়াসিম (আকরাম) অথবা সরফরাজের (নওয়াজ) মতো খেলোয়াড়দের সাহায্য পেতেন ইমরান।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৫৮ঘ.
bdnews24