২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

প্রথমে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত পাকিস্তান থেকে সিরিজ জিতে ফেরার পর বিশ্রামের ফুরসত মেলেনি বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। রোববার দেশে ফিরে বুধবারই তাদের নেমে যেতে হয়েছে আরেকটা সিরিজ খেলতে। শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের এই ওয়ানডে সিরিজে অবশ্য শুভসূচনাই করেছে সোহরাওয়ার্দী শুভর দল। বুধবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তারা ১৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কান যুব দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 02:09 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ১২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- প্রথমে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত পাকিস্তান থেকে সিরিজ জিতে ফেরার পর বিশ্রামের ফুরসত মেলেনি বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। রোববার দেশে ফিরে বুধবারই তাদের নেমে যেতে হয়েছে আরেকটা সিরিজ খেলতে। শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের এই ওয়ানডে সিরিজে অবশ্য শুভসূচনাই করেছে সোহরাওয়ার্দী শুভর দল। বুধবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তারা ১৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কান যুব দলকে। টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে সবক'টি উইকেট হারিয়ে তোলে ২৩৪ রান। জবাবে শ্রীলঙ্কান তরুণরা ৫০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের বেশি তুলতে পারেনি। হারলেও এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন শ্রীলঙ্কার শানাকা পাথিরানাই। প্রথমে বল হাতে ৫২ রানে বাংলাদেশের ৫ উইকেট তুলে নেওয়া পাথিরানা পরে ব্যাট হাতেও দলকে দেখাচ্ছিলেন জয়ের স্বপ্ন। সেটা সত্যি না হলেও ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কারটা তিনি ঠিকই পেয়েছেন। ম্যাচের প্রথম বলেই ওপেনার রনি তালুকদারকে (০) হারানো বাংলাদেশ অন্য ওপেনার মিথুন আলী (৫৯), মার্শাল আইয়ুব (৩৮), মাহমুদুল হাসান (৪৪) ও অধিনায়ক সোহরাওয়ার্দী শুভদের (৪৯) ব্যাটে চড়ে দুইশো ত্রিশ পার করে ফেলে। কিন্তু বাংলাদেশ যুব দলকে চিন্তাতেই ফেলে দিয়েছিল দ্বিতীয় উইকেটে দীনেশ চান্ডিমাল (৩৯) ও দিলশান মুনাবীরার (৩৯) ৮২ রানের পার্টনারশিপ। সোহরাওয়ার্দী তার বাঁ হাতি স্পিনে মুনাবীরাকে তুলে নেওয়ার পর ৯২ থেকে ১৩২-এ যেতেই পাঁচ উইকেট খুঁইয়ে বসে শ্রীলঙ্কানরা। সেখান থেকে রোশন সিলভা (৫১*) ও পাথিরানার (৪২) ৬৭ রানের পার্টনারশিপে জয়ের পথে এগুতে থাকা শ্রীলঙ্কাকে থামান আবার সোহরাওয়ার্দী। এবার তিনি রানআউট করেন পাথিরানাকে। এই জুটি বিচ্ছিন্ন হওয়ার পর বলের সঙ্গে বেড়ে চলা রানের দাবি মেটাতে পারেনি শ্রীলঙ্কা। ১৪ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১০ঘ.