কলম্বো, ১২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই জয়াবর্ধনের ব্যাটিং নৈপুণ্যে চতুর্থ দিনশেষে শ্রীলঙ্কার সামনে জয়ের স্বপ্ন। যদিও সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের দুই ওপেনার। আগের দিন ১৬৭ রানে অপরাজিত থাকা মাহেলা জয়াবর্ধনে বুধবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে আউট হয়েছেন ১৯৫ রান করে। তবে শ্রীলঙ্কা অধিনায়কের ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি না পাওয়ার দুঃখ ইংল্যান্ড উপভোগ করতে পারেনি। আরেক জয়াবর্ধনে অর্থাৎ উইকেট কিপার প্রসন্ন জয়াবর্ধনে ৭৯ রান করে হতাশায় পুড়িয়েছেন সফরকারীদের। দুই জয়াবর্ধনের দুর্দান্ত পারফরম্যান্সের ওপরে ভর করে ৯ উইকেটে ৫৪৮ রান করে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তবে প্রথম ইনিংসে ১৯৭ রানের লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করলেও চতুর্থ দিনে তারা কোনো সাফল্য পায়নি। দিনশেষে বিনা উইকেটে ৪৮ রান করেছে ইংলিশরা। অধিনায়ক মাইকেল ভন ব্যাট করছেন ২৮ রান নিয়ে, সঙ্গী অ্যালিস্টার কুক ১৯ রানে অপরাজিত। ম্যাচ বাঁচাতে হলে শেষ দিনেও এই ধারা ধরে রাখতে হবে ইংলিশ ব্যাটসম্যানদের।
বুধবার সকালে শিশির ভেজা উইকেটে কিছুক্ষণের জন্য স্বরূপে ফিরেছিলেন ইংলিশ পেসাররা। তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সেই পুরনো দৃশ্যই যেন অভিনীত হয়েছে! সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠ যথারীতি বন্ধুত্বের হাত বাড়িয়েছে ব্যাটসম্যানদের দিকে। ৪ উইকেটে ৩৭৯ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। দিনের নবম ওভারেই জিহান মুবারককে (৯) গালিতে ইয়ান বেলের ক্যাচ বানিয়ে প্রথম আঘাত হেনেছেন স্টিভ হার্মিসন।
মাহেলার দুর্দান্ত ইনিংসটার সমাপ্তি ঘটেছে তার ৭ ওভার পর। মন্টি পানেসারকে সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে স্লিপে পল কলিংউডকে ক্যাচ দিয়েছেন তিনি। শ্রীলঙ্কা অধিনায়কের ৪২২ বলে খেলা ১৯৫ রানের ইনিংসটা সাজানো ১৬টি বাউন্ডারি ও একটি ছক্কায়। কিছুক্ষণ পর চামিন্ডা ভাসকে (৪) ইয়ান বেলের ক্যাচ বানিয়েছেন অভিষেক টেস্ট খেলতে নামা স্টুয়ার্ট ব্রড। এটাই তার প্রথম টেস্ট উইকেট।
লাঞ্চ পর্যন্ত আর কোনো ক্ষতি হয়নি শ্রীলঙ্কানদের। কিন্তু ৭ উইকেটে ৪৩৯ রান নিয়ে লাঞ্চে যাওয়া স্বাগতিকরা দ্বিতীয় সেশনের শুরুতেই ধাক্কা খেয়েছে। এই সেশনের সপ্তম বলেই লাসিথ মালিঙ্গাকে (৯) এলবিডব্লু করে দ্বিতীয় উইকেট পেয়েছেন পানেসার। কিন্তু দিলহারা ফার্নান্দোকে নিয়ে প্রসন্ন জয়াবর্ধনের প্রতিরোধ ইংলিশদের সেই আনন্দ মুছে দিয়েছে। প্রতিপক্ষ বোলারদের হতাশায় ডুবিয়ে নবম উইকেটে ৯৮ রান যোগ করেছেন দুজনে। ৬টি বাউন্ডারিতে ৭৯ রান করা প্রসন্ন স্টিভ হার্মিসনের বলে কট বিহাইন্ড হওয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেছেন মাহেলা। অন্য প্রান্তে দিলহারা তখন ক্যারিয়ার সেরা ৩৬ রান করে অপরাজিত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/এমএম/১৯৪০ঘ.
bdnews24