নয়াদিল্লী, ১১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রেপ্তারের ভয়ে এর আগে ভারতে পা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। নিকি বোয়েকে তাই পায়নি ভারতীয় পুলিশ। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার শেষ পর্যন্ত পার পাননি। আইসিএল টুয়েন্টি টুয়েন্টি সিরিজ খেলতে ভারত এসে পুলিশের মুখোমুখি হতে হয়েছে তাকে। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার ভারত সফরের সময় ম্যাচ গড়াপেটা মামলায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার বোয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভারতীয় পুলিশ জানিয়েছে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন বোয়ে।
সেই সফরে বাজিকরদের কাছে টাকা নিয়ে ম্যাচ হারার অভিযোগ উঠেছিল দক্ষিণ আফ্রিকার তখনকার অধিনায়ক হানসি ক্রনিয়ের বিরুদ্ধে। দিল্লী পুলিশের সেই অভিযোগনামায় আরো নাম ছিলো হার্শেল গিবস এবং বোয়ের। দক্ষিণ আফ্রিকার কিং কমিশন এই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত চালায় এবং অভিযুক্ত হয়ে ক্রনিয়ে আজীবনের জন্য নিষিদ্ধ হন। একই রায়ে গিবস ছয় মাসের নিষেধাজ্ঞার শাস্তি পেলেও বোয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাকে নির্দোষ বলে রায় দেয় কমিশন।
কিন্তু ভারতীয় পুলিশ তারপরও মামলাটি বন্ধ করেনি। বিমান দুর্ঘটনায় ক্রনিয়ের মৃত্যুর পর গিবস এবং বোয়েকে সমন পাঠায় তারা। দুজনেই সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। গত বছর চ্যাম্পিয়নস ট্রফি খেলার সময় অবশেষে ভারতীয় পুলিশ জিজ্ঞাসাবাদ করার সুযোগ পায় গিবসকে। বোয়েও 'গ্রেপ্তার করা হবে না' এই শর্তেই রাজী হয়েছেন জিজ্ঞাসাবাদে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকান দুতাবাসের কর্মকর্তারা এবং আইসিএল-এর আইনজীবিদের সঙ্গে করে নয়াদিল্লী পুলিশের দপ্তরে যান বোয়ে। অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সত্যেন্দ গার্গ জানিয়েছেন, "আমরা তাকে মামলাটির সবগুলো প্রেক্ষাপটেই জিজ্ঞাসাবাদ করেছি। বোয়ে সেগুলোর জবাব দিয়েছেন।" এবং তিনি ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন জানিয়ে গার্গ বলেছেন, "আমরা মামলাটি চূড়ান্ত করার জন্য আরো তদন্ত চালাবো।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৭২৫ঘ.
bdnews24