ঢাকা, ১১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- "প্রিমিয়ার লিগে খেলেই আমার উত্থান হয়েছিল। আমার মতো যারা আজ জাতীয় দলে খেলছেন, তাদের অনেকে এই লিগ খেলেই উঠে এসেছিলেন"- ঢাকার ক্রিকেট লিগের অপরিহার্যতা বোঝাতে গিয়ে বলছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
অথচ আইনী মারপ্যাঁচে ঝূলে আছে এই মৌসুমের প্রিমিয়ার ও প্রথম বিভাগ ক্রিকেট লিগের ভবিষ্যত। সেই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে শত শত ক্রিকেটারের জীবিকাও। ক্রিকেট খেলেই সংসার চালান অনেকেই। আর ঢাকা ক্রিকেট লিগ নিয়ে ক্রিকেটারদের এই উদ্বেগের কথাই মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জানালো ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
সেই উদ্বেগের সঙ্গে একাত্ম হয়ে গেলেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও, "আমরা যারা জাতীয় দলে খেলি এবং বিসিবির সঙ্গে যাদের চুক্তি আছে, ঢাকার লিগ না হলেও তাদের চলে যাবে। কিন্তু এর বাইরে থাকা অনেকেরই চলবে না। কারণ প্রিমিয়ার লিগ খেলে পাওয়া টাকা দিয়েই সংসার চলে অসংখ্য ক্রিকেটারের। কাজেই আমার আহ্বান ক্লাবগুলো এবং বিসিবি যেন এই সমস্যাটা (আইনী জটিলতা) কাটিয়ে ওঠে।"
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের কমিটি গত মৌসুমের প্রিমিয়ার ক্রিকেটের রেলিগেশন লিগ আয়োজন করে না যাওয়াতেই বিপত্তির সূচনা। নতুন কমিটি এসে অসমাপ্ত রেলিগশেন লিগ নিয়ে তোড়জোর শুরু করে। কিন্তু ফিকশ্চার অনুযায়ী ব্রাদার্স ইউনিয়ন ও ইন্দিরা রোড ক্রীড়া চক্র রেলিগেশন লিগের ম্যাচ খেলতে মাঠে উপস্থিত না হওয়ায় তাদের প্রথম বিভাগে নামিয়ে দেয় বিসিবি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যায় ব্রাদার্স। তাদের রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত বিসিবির সিদ্ধান্তে দুই মাসের নিষেধাজ্ঞা দেয়।
কিছুদিন আগে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) সদস্যপদ পাওয়া কোয়াবের আহবায়ক দেবব্রত পাল সংবাদ সম্মেলনে বলেছেন, "বিসিবি ও ক্লাবগুলোর কাছে আহবান, তারা যেন আইনী জটিলতা থেকে বেরিয়ে ক্রিকেটের উন্নয়নের কথা ভাবেন।"
হাবিবুল বাশার এই ভাবনার প্রতিফলন দেখতে চান দ্রুত, "ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থে এটার সমাধান হওয়া উচিত তাড়াতাড়ি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৫১৮ঘ.
bdnews24