২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দু বছর পর বাদ পড়ার সমালোচনা করলেন সৌরভ

এক সময় যে সব সমালোচক তার ক্যারিয়ারের 'অবিচুয়ারি' লিখে ফেলতে চেয়েছিলেন এখন তাদের মুখে কুলুপ পড়ার দশা! দু বছর আগে দল থেকে বাদ পড়ার পর অনেকে ভেবেছিলেন তার ক্যারিয়ারই বোধহয় শেষ। অথচ সেই সৌরভ গাঙ্গুলীই ২০০৭ সালে টেস্টে ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক, বেঙ্গালুরু টেস্টে ২৩৯ রানের এক দুর্দান্ত ইনিংসের অধিকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 02:22 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

বেঙ্গালুরু, ভারত, ১০ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এক সময় যে সব সমালোচক তার ক্যারিয়ারের 'অবিচুয়ারি' লিখে ফেলতে চেয়েছিলেন এখন তাদের মুখে কুলুপ পড়ার দশা! দু বছর আগে দল থেকে বাদ পড়ার পর অনেকে ভেবেছিলেন তার ক্যারিয়ারই বোধহয় শেষ। অথচ সেই সৌরভ গাঙ্গুলীই ২০০৭ সালে টেস্টে ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক, বেঙ্গালুরু টেস্টে ২৩৯ রানের এক দুর্দান্ত ইনিংসের অধিকারী। টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরির সৌরভ উপভোগ করতে করতেই মনের একটা চাপা ক্ষোভ উগরে দিলেন 'প্রিন্স অব কলকাতা'। জানালেন তাকে যেভাবে বাদ দেয়া হয়েছিল সেটা ঠিক শোভন ছিল না। ২০০৫এর সেপ্টেম্বরে জিম্বাবুয়ে সফর থেকে সৌরভের জীবনে নাটকীয়তা কিংবা হতাশার সূচনা। ভারতের সে সময়ের কোচ গ্রেগ চ্যাপেলের সঙ্গে তার মতভিন্নতা থেকে গোলমালের সূত্রপাত। সৌরভের সমালোচনা করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটা ই-মেল পাঠিয়েছিলেন চ্যাপেল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ফাঁস হয়ে যায়। এ নিয়ে কয়েক দিন জল ঘোলা হওয়ার পর অক্টোবরে ওয়ানডে অধিনায়ক থেকে সৌরভকে সরিয়ে দায়িত্বটা দেয়া হয় রাহুল দ্রাবিড়কে। এবং ভারতের সফলতম টেস্ট অধিনায়ককে টেস্টের নেতৃত্ব থেকেও সরিয়ে দেয়া হয় পরের মাসে অর্থাৎ নভেম্বরের ২২ তারিখে। তার আগেই ওয়ানডে থেকে বাদ পড়া সৌরভ টেস্ট দলেও জায়গা হারিয়েছিলেন সে বছরের ডিসেম্বরে। অনেকেই এমন সঙ্কটজনক সময়ে ভেঙ্গে পড়তে পারতো। কিন্তু কলকাতার 'মহারাজ' যে অন্য ধাতুতে গড়া! অপমানটাকে ব্যাট দিয়েই জবাব দেয়ার সিদ্ধান্ত নিলেন তিনি এবং তা দিলেনও। ঠিক এক বছর পর ২০০৬ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন সৌরভ। জোহানেসবার্গ টেস্টে ভারতের ১২৩ রানের জয়ে বড় ভূমিকা ছিল তার অপরাজিত ৫১ ও ২৫ রানের ইনিংস দুটোর। তার পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রতিজ্ঞার সঙ্গে দৃঢ়তার মিশেলে এ বছরে এখন পর্যন্ত টেস্টে তার মোট রান ৯৩২। তবে সেদিনের অপমান আজো ভুলতে পারেননি বলেই কলকাতা ভিত্তিক ইংরেজি দৈনিক 'টেলিগ্রাফ'-কে সৌরভ জানালেন তার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞার কথা, "সেই সব দিনে আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছিলাম। আমাকে যেভাবে বাদ দেয়া হয়েছিল তা মোটেও সঠিক ছিল না। বাদ পড়া নিয়ে আমি কোনো ইস্যু তৈরি করিনি। এটা খেলারই অংশ। কিন্তু বাদ দেয়ার প্রক্রিয়াটা ঠিক ছিল না।" রাজসিক প্রত্যাবর্তন হলেও অনেকেরই ধারণা ৩৫ বছর বয়সী সৌরভকে আর বেশি দিন দেখা যাবে না আন্তর্জাতিক ক্রিকেটে। তবে এই ধারণাকে 'ট্রেডমার্ক' কাভার ড্রাইভ করে বাউন্ডারি হাঁকানোর ঢংয়ে ভারতের সফলতম টেস্ট অধিনায়কের মন্তব্য, "আমার বয়স নিয়ে যা-ই বলা হোক না কেন, আমি সাফল্যের সঙ্গেই খেলা চালিয়ে যেতে চাই। আমার খিদে এখনো মরেনি। ফর্ম থাকলে আমি ২০০৮ সালের পুরোটা খেলে যেতে আগ্রহী।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২০১৮ঘ.