ঢাকা, ৯ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- এই ম্যাচটাতে জিতলেই ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের একদিনের ম্যাচের শিরোপার আরো কাছে চলে যেত রাজশাহী। কিন্তু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রোববার সপ্তম রাউন্ডের ম্যাচে ১৮ রানে হেরে গেছে তারা। তাদেরকে প্রথম হারের স্বাদ দিয়েছে বরিশাল। অবশ্য তাতেও শীর্ষস্থান বেশ ভালোই অটুট আছে খালেদ মাসুদের রাজশাহীর। যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা-খুলনার (৮) সঙ্গে রাজশাহীর (১২) পয়েন্টের ব্যবধান এখনো চার। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে এদিন সিলেটকে ৫১ রানে হারিয়েছে ঢাকা। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেটে হেসেখেলে জিতেছে খুলনা।
টার্গেট মাত্র ১৮৯ রান। এই রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে ৩ উইকেটে ১১০ রান তুলে ফেলার পর রাজশাহীর জয় নিয়ে সংশয়ের কিছু ছিল না। তবুও ৬০ রানে তাদের শেষ সাতটি উইকেট হারিয়ে ৪৫.৫ ওভারে ১৭০ রানে গুটিয়ে যাওয়াতেই প্রমাণ, ক্রিকেটে শেষ কথা বলে কিছু নেই। দুই ওপেনার জহিরুল ইসলাম (৩৬) ও রবিউল করিম (৩২) মিলে ৬৩ রানের দারুণ সূচনা দেওয়ার পর আর বলার মতো রান করেছেন কেবল ফরহাদ হোসেন (৩৯)। বরিশালের তারিকুল ইসলাম ৪৩ রানে নিয়েছেন ৩ উইকেট। তবে ম্যাচের সেরা হয়েছেন আবুল বাশার। তার ম্যাচ সর্বোচ্চ ৬৫ রান বরিশালকে পৌছে দিয়েছিল ১৮৮ রানে। এবং এটাই শেষপর্যন্ত জেতার মতো স্কোর বলে প্রমাণিত হয়েছে!
নিউজিল্যান্ড সফরের জন্য তারকা খেলোয়াড়দের অনুপস্থিতিতে অনেকেই পাচ্ছেন বিভাগীয় দলগুলোর হয়ে নিয়মিত খেলার সুযোগ। এদের মধ্যে অন্যতম বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি। এদিন মেহরাব সিনিয়র (৫১) ও নাদীফ চৌধুরীর (৫১*) ফিফটিতে ৪৯.২ ওভারে অলআউট হওয়ার আগে ২২৫ রান তোলে ঢাকা। জবাবে মোহাম্মদ শরীফের বিধ্বংসী বোলিংয়ে ৪১.৫ ওভারে ১৭৪ রানে শেষ হয় সিলেটের ইনিংস। মাত্র ২৩ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন ঢাকার নতুন বলের এই বোলার। ম্যাচ সেরার পুরস্কারটিও স্বাভাবিকভাবেই উঠেছে তার হাতে। সপ্তম উইকেটে শরীফুল্লাহ (৫২) ও ইজাজ আহমেদ (৪৪) মিলে ৭৬ রানের পার্টনারশিপ গড়ে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন বটে। কিন্তু তার আগেই ৮৯ রানে ৬ উইকেট হারিয়ে হার নিশ্চিত হয়ে গিয়েছিল সিলেটের।
সপ্তম রাউন্ডের চারদিনের ম্যাচে নার্ভাস নাইনটিজে আউট হওয়া খুলনার ওপেনার নাজমুস সাদাত ওয়ানডেতেও অল্পের জন্য ছুঁতে পারেননি তিন অঙ্কের ম্যাজিক ফিগার। তবে তা নিয়ে তার কোনো দুঃখ থাকার কথা নয়। কারণ ব্যাটে-বলে তার দুর্দান্ত নৈপুণ্যেই সহজ জয় পেয়েছে খুলনা। চট্টগ্রামকে ১৮৮ রানে গুটিয়ে দেওয়ার পথে বাঁ হাতি পেসার মঞ্জুরুল ইসলামের (৩/৪৪) চেয়ে বরং তার স্পিনের ভূমিকাই বেশি। কারণ তিন উইকেট নিতে তার খরচ হয়েছে মাত্র ৩৫ রান। এরপর মুস্তাফিজুর রহমানকে (৭৮) নিয়ে উদ্বোধনী জুটিতেই গড়েন ১৬৯ রানের পার্টনারশিপ। মুস্তাফিজ আউট হয়ে গেলেও দলকে জিতিয়ে কবেই সাজঘরে ফিরেছেন সাদাত, স্কোরবোর্ডে তার নামের পাশে ৯২ নটআউট!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩৫ঘ.
bdnews24