২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতীতের শিক্ষায় সতর্ক জয়াবর্ধনে, উজ্জীবিত ভন

এ এক বিরল সম্মাননা। আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা বোলার ও সেরা ব্যাটসম্যানের একই দলে থাকা। মুত্তিয়া মুরালিধরন ও কুমার সাঙ্গাকারার সৌজন্যে এই বিরল স্বীকৃতি নিয়েই রোববার কলম্বোয় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামছে শ্রীলঙ্কা। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে আশাবাদী জয় দিয়ে সিরিজের ফলাফল এই ম্যাচেই নির্ধারণ করে দিতে। মাইকেল ভনও তাই। ইংল্যান্ড অধিনায়ক চান সিরিজে ফিরতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 02:05 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

কলম্বো, ৮ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এ এক বিরল সম্মাননা। আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা বোলার ও সেরা ব্যাটসম্যানের একই দলে থাকা। মুত্তিয়া মুরালিধরন ও কুমার সাঙ্গাকারার সৌজন্যে এই বিরল স্বীকৃতি নিয়েই রোববার কলম্বোয় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামছে শ্রীলঙ্কা। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে আশাবাদী জয় দিয়ে সিরিজের ফলাফল এই ম্যাচেই নির্ধারণ করে দিতে। মাইকেল ভনও তাই। ইংল্যান্ড অধিনায়ক চান সিরিজে ফিরতে। ক্যান্ডি টেস্ট ৮৮ রানে জিতে নিয়ে সিরিজে এগিয়ে স্বাগতিকরা। কিন্তু ৮৮ রানের জয় সে ম্যাচের সবটুকু বলছে না। বলছে না যে আর মিনিট বিশেক দূরে ছিল ইংল্যান্ড ক্যান্ডি টেস্ট ড্র থেকে। মুত্তিয়া মুরালিধরন তার ম্যাজিক না দেখালে এই অভাবনীয় জয়ে তৃপ্তির ঢেকুরটা দিতে পারতেন না জয়াবর্ধনে। অবশ্য শ্রীলঙ্কা অধিনায়ক নিজেও সচেতন এই ব্যাপারে। অতীতই তাকে সতর্কবাণী শুনিয়েছে। ২০০১ সালের সিরিজে গলে জেতার পরও ক্যান্ডি ও কলম্বোতে নাসের হুসেইনের দলের কাছে হার মানতে হয়েছিল শ্রীলঙ্কাকে। স্মরণ করেই জয়াবর্ধনে বলেছেন, "ইংল্যান্ডের বিপক্ষে এবার হালকাচালে থাকার জো নেই, ক্যান্ডিতে পাওয়া জয়ের পুরো সুবিধাটুকুই কাজে লাগাতে হবে আমাদের। ২০০১ সালের সিরিজে হার এখনও যন্ত্রণা দেয়, তাই আমাদের নিশ্চিত করতে হবে যাতে কলম্বোয় ওরা শুরু থেকেই চাপে থাকে।" সিংহলীজ স্পোর্টস গ্রাউন্ডের মাঠ ভনের কাছে মিশ্র স্মৃতির। ২০০১ সালে গ্রায়েম হিককে সরিয়ে দলে ফিরেছিলেন। এবং দারুণ ভূমিকা রেখেছিলেন দলের সিরিজ জয়ে। তিন বছর পর অধিনায়ক হিসেবে তার প্রথম সফরে এ মাঠেই পেয়েছেন সবচেয়ে বড় লজ্জা। ইনিংস ও ২১৫ রানের ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। কিন্তু তারপরও হালছাড়ার কিছু দেখছেন না ভন। বরং দূর্বলতা খুঁজে পেয়েছেন শ্রীলঙ্কা বুহ্যে। সাঙ্গাকারা, মুরালি ও চামিন্ডা ভাস ছাড়া অভিজ্ঞ আর কোনো ক্রিকেটার নেই স্বাগতিকদের। সিরিজে ফেরার স্বপ্নে এটাই প্রভাবক জানিয়ে বলেছেন, "এরা তিনজন বাদ দিলে তো গোটা দলটাই অনভিজ্ঞ। আমরা এই সুযোগটাই নিতে চাই। মুরালি ও ভাসকে একটু দেখে খেললে এবং সিনিয়র ব্যাটসম্যানদের আগেই আউট করে দিতে পারলে এই অনভিজ্ঞতা বাজিয়ে দেখা যাবে।" শ্রীলঙ্কা দলে পরিবর্তন একটাই। ক্যান্ডিতে দলকে জিতিয়ে অবসর নেওয়া সনাৎ জয়াসুরিয়ার জায়গায় এসেছেন উপুল থারাঙ্গা। অন্যদিকে ইনজুরিতে পড়া ইংলিশ সিমার ম্যাথু হগার্ডের জায়গায় সম্ভাব্য বদলি হিসেবে নাম শোনা যাচ্ছে স্টিভ হার্মিসনের। তবে বৈচিত্র ও ব্যাটিংকে আরো শক্তিশালী করতে অফ স্পিনার গ্রায়েম সোয়ানও ঢুকে পড়তে পারেন দলে। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/২০০০ঘ.