২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ও রাজশাহীর মধ্যেই শিরোপার লড়াই

ম্যাচের তৃতীয় দিনেই জয় নিশ্চিত করে রেখেছিল রাজশাহী। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। শেষদিনের সকালে মাত্র দেড় ঘন্টাতেই প্রয়োজনীয় ৪৯ রান তুলে নিয়েছে তারা। শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মাত্র ১৪৮ রানের জয়েল লক্ষ্যে পৌঁছেছে রাজশাহী ৪ উইকেটে। বরিশালের বিপক্ষে তাদের এই অনায়াস জয়টা তাই ৬ উইকেটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 12:48 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ৮ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ম্যাচের তৃতীয় দিনেই জয় নিশ্চিত করে রেখেছিল রাজশাহী। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। শেষদিনের সকালে মাত্র দেড় ঘন্টাতেই প্রয়োজনীয় ৪৯ রান তুলে নিয়েছে তারা। শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মাত্র ১৪৮ রানের জয়েল লক্ষ্যে পৌঁছেছে রাজশাহী ৪ উইকেটে। বরিশালের বিপক্ষে তাদের এই অনায়াস জয়টা তাই ৬ উইকেটের। সরাসরি জয় (৮) এবং বোনাস (৫) মিলিয়ে এই ম্যাচ থেকে ১৩ পয়েন্ট পাওয়া রাজশাহী চারদিনের ম্যাচের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা খুলনাকে প্রায় ধরেই ফেলেছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে ড্র করা খুলনা সপ্তম রাউন্ড থেকে পেয়েছে মাত্র ৮ পয়েন্ট। ছয় বোনাস পয়েন্টের সঙ্গে প্রথম ইনিংসে পিছিয়ে থাকায় ড্র করেও যোগ হয়েছে মাত্র ২ পয়েন্ট। সপ্তম রাউন্ড শেষে তাদের সংগ্রহ এখন ৮০ পয়েন্ট। এই রাউন্ডের একমাত্র সরাসরি জয় দিয়ে এখন খুলনার ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছে রাজশাহী। খুলনার চেয়ে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে তারা। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে সিলেটের সঙ্গে ড্র করে শিরোপার লড়াই থেকে খানিকটা পিছিয়ে পড়েছে ঢাকা। এই রাউন্ড থেকে সাকুল্যে ৮ পয়েন্ট পাওয়া ঢাকার সংগ্রহ এখন ৬২। বরং খুলনাকে ব্যাকফুটে রেখে ১২ পয়েন্ট তুলে নেওয়া চট্টগ্রামই এখন ঢাকাকে টপকে গেছে। ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা চট্টগ্রামের সঙ্গে অবশ্য খুলনা-রাজশাহীর ব্যবধান অনেক। তাই চারদিনের ম্যাচের শিরোপার লড়াই অনেকটা খুলনা-রাজশাহীর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে, এ কথা বলাই যায়। আগেরদিন ৬৫ রানে অপরাজিত রাজশাহী ওপেনার জহিরুল ইসলাম এদিন বেশিদূর যেতে পারেননি। আউট হয়েছেন ৭৪ রান করে। তবে খালেদ মাসুদের দলের জয় নিয়ে সংশয় জাগেনি কখনোই। চলতি লিগে নিয়মিত রান করে চলা ফরহাদ হোসেন (৩৭*) দলকে জিতিয়ে তবেই ফিরেছেন সাজঘরে। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া পেসার আলমগীর কবীর পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। শেষদিনের খেলা শুরুর সময় হয়তো জেতার ক্ষীণ আশা ছিল খুলনার। ৭ উইকেটে ১৩৭ রান নিয়ে শুরু করা চট্টগ্রামের নাজিমউদ্দিন দুর্দান্ত এক সেঞ্চুরি করে একাই নিভিয়ে দেন সেই আশার সলতে। এদিন আরো ৯২ রান যোগ করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। যার মধ্যে ৭৩ রানই এসেছে নাজিমের ব্যাট থেকে। তার অপরাজিত ১২১ রানে ৩০৭ রানের টার্গেট পাওয়া খুলনার বাকি সময়ে এর পেছনে ছোটার কোনো কারণ ছিল না। তারা ৫ উইকেটে ১৮৮ রান তুললে ম্যাচ ড্র হয়ে যায়। সর্বোচ্চ ৫০ রান এসেছে অধিনায়ক হাবিবুল বাশারের ব্যাট থেকে। সপ্তম রাউন্ডের সবচেয়ে বড় ব্যক্তিগত ইনিংসটা এসেছে সিলেটের ওপেনার ইমতিয়াজ হোসেনের ব্যাট থেকে। তার ১৪৮ ও অধিনায়ক রাজিন সালেহর ৭১ রানে শেষ দিনে ৮ উইকেটে ৩০৬ রান তুলে ইনিংস ঘোষণা করে সিলেট। ঢাকা সামনে ৩৪৬ রানের জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। এক পর্যায়ে ১৪৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পর হারের শঙ্কাই জেগেছিল ঢাকা শিবিরে। ওই ভয় থেকে তাদের মুক্তি দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৬০ রানের ইনিংস। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৮৪০ঘ.