২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লার্ককেই ভবিষ্যত অধিনায়ক মনে করেন না গিলক্রিস্ট

বেশ কয়েক বছর ধরেই অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। ইনজুরি বা অন্য কোনো কারণে রিকি পন্টিংয়ের অনুপস্থিতিতে বিশ্ববিজয়ীদের নেতৃত্ব দেয়ার দায়িত্ব পড়ে তার কাঁধে। কিন্তু আগামী মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে পন্টিংকে বিশ্রাম দেয়া হলেও তিনি নন, অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাইকেল ক্লার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 10:57 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

সিডনি, ৮ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেশ কয়েক বছর ধরেই অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। ইনজুরি বা অন্য কোনো কারণে রিকি পন্টিংয়ের অনুপস্থিতিতে বিশ্ববিজয়ীদের নেতৃত্ব দেয়ার দায়িত্ব পড়ে তার কাঁধে। কিন্তু আগামী মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে পন্টিংকে বিশ্রাম দেয়া হলেও তিনি নন, অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাইকেল ক্লার্ক। অনেকেরই ধারণা ভবিষ্যতের কথা চিন্তা করেই নির্বাচকদের এই সিদ্ধান্ত। কিন্তু গিলক্রিস্ট তাদের সঙ্গে একমত নন। তার মতে এই ম্যাচে অধিনায়কত্ব পেলেও ক্লার্কই যে পন্টিংয়ের উত্তরসূরী হতে যাচ্ছেন তার কোনো নিশ্চয়তা নেই। এ বছর নিউজিল্যান্ডের সঙ্গে একটি ওয়ানডে সিরিজে পন্টিং খেলেননি। তখন মাইকেল হাসি অধিনায়কত্ব করায় অনেকে ভেবেছিলেন তিনিই বোধহয় পন্টিংয়ের উত্তরসূরী হতে যাচ্ছেন। কিন্তু কিউইদের সঙ্গে মঙ্গলবারের টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে ক্লার্কের কাঁধে নেতৃত্বের ভার পড়ায় হিসাবটা ওলট-পালট হয়ে গেছে। পরবর্তী অধিনায়ক নিয়ে নির্বাচকদের এ ধরণের অনিশ্চয়তায় থাকার জন্যই গিলক্রিস্টের ধারণা, "শুধু পাপ (ক্লার্ক) একাই নয়। এ বছরের শুরুতে অনুষ্ঠিত চ্যাপেল-হ্যাডলি সিরিজে মাইক হাসি অধিনায়ক ছিল। আর তাই সে (হাসি) নিঃসন্দেহে এক জন প্রার্থী। ভবিষ্যত পরিকল্পনার জন্য নির্বাচকরা তাদের সমস্ত বিকল্প পথের সন্ধান করবেই। দায়িত্বটা যে সরাসরি সে (ক্লার্ক) পাচ্ছেই তা অনুমান করতে আমি অনিচ্ছুক। আমি মনে করি না সে-ও এখনই তা মনে করছে।" গিলক্রিস্টের অবশ্য বিশ্বাস ৩২ বছর বয়সী হাসির চেয়ে ৬ বছরের ছোট ক্লার্ককে অতিরিক্ত দায়িত্ব দেয়া একটা ভাল সিদ্ধান্ত, "নেতৃত্ব দেয়া শিখতে সে সত্যিই আগ্রহী। তরুণ বয়স থেকেই সে এটা উপভোগ করছে। এই ভূমিকা সম্পর্কে জানতে সে আসলেই তৃষ্ণার্ত হয়ে থাকে। এবং সে কৌশলগত চিন্তায় বেশ বিচক্ষণ।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৫৩ঘ.