২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধুঁকছে শীর্ষে থাকা খুলনা, অসুবিধায় ঢাকাও

আগেরদিন সেঞ্চুরি মিস করেছিলেন চট্টগ্রামের ওপেনার গাজী সালাউদ্দিন। বৃহষ্পতিবার তাদের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি খুলনার ওপেনার নাজমুস সাদাতও। দু'জনেই নার্ভাস নাইনটিজের শিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আগেরদিন সেঞ্চুরি মিস করেছিলেন চট্টগ্রামের ওপেনার গাজী সালাউদ্দিন। বৃহষ্পতিবার তাদের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি খুলনার ওপেনার নাজমুস সাদাতও। দু'জনেই নার্ভাস নাইনটিজের শিকার। ৯১ রান করে আউট হয়ে যান সাদাত। তবে তার এই ইনিংসেই একটা সময় ভালো অবস্থায় পৌছে যাওয়া জাতীয় লিগের চারদিনের ম্যাচের শীর্ষস্থানধারীরা দ্বিতীয় দিনের শেষে ধুঁকছে। চট্টগ্রামের ৩৫৯ রানের জবাবে তারা ৬ উইকেটে করেছে ২১৬ রান। বরিশাল-রাজশাহী ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় দু'দলই প্রায় সমানে সমান। তবে ২০৪ রানে গুটিয়ে গেলেও রাজশাহীর লাভ তারা প্রথম ইনিংসের লিডটা অন্তত পেয়েছে (বরিশাল ১৮২)। অন্য ম্যাচে ঢাকার অবস্থাও সুবিধের নয়। সিলেটের ৩১২ রানের জবাবে তারা দ্বিতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ১৪৮ রান তুলে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে স্বাগতিকরা দিন শুরু করেছিল ৮ উইকেটে ৩২২ রান নিয়ে। সেখান থেকে তারা সাড়ে তিনশো পার করে ব্যাটিং থেকে সর্বোচ্চ ৪ বোনাস পয়েন্ট তুলে নিতে পেরেছে অধিনায়ক এহসানুল হক সিজানের ব্যাটে। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি করেন ৭৮ রান। খুলনার পেসার রবিউল ইসলাম ও বাঁ হাতি স্পিনার মুরাদ খান নিয়েছেন তিনটি করে উইকেট। তবে স্বাগতিকদের রানচূড়াই বলে দেয় এজন্য তাদের খরচটা হয়েছে অনেক বেশি। জবাব দিতে নামা খুলনা দ্রুতই অন্য ওপেনার ইমরুল কায়েসকে (১৫) হারালেও সাদাত একাই টানছিলেন দলকে। তৃতীয় উইকেটে অধিনায়ক হাবিবুল বাশারের সঙ্গে ৫৫ রানের পার্টনারশিপের সময় তো দিনের শেষে খুলনার বাজে অবস্থার কথা কল্পনাই করা যায়নি। কিন্তু শুরু থেকেই মার খেয়ে আসা চট্টগ্রামের উদ্বোধনী পেসার কামরুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাদাতের ফিরে আসার পর থেকেই ছন্দপতন খুলনার। স্বাগতিকদের সফলতম বোলার ইয়াসিন আরাফাতের (৩/৩৮) বলে সালাউদ্দিনের হাতে ধরা পড়া হাবিবুলও (৩৫) পারেননি হাল ধরতে। তাই চট্টগ্রামের সামনে এখন লিডের হাতছানি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ১৩০ রানে ষষ্ঠ উইকেট খোঁয়ানোর পর রাজশাহীর লিড নেওয়ার স্বপ্ন বিবর্ণ হয়ে গিয়েছিল অনেকটাই। বরিশালের বাঁ হাতি পেসার সাজিদুল ইসলামই (৩/৪০) প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ছড়ান। ওই বিপর্যয়ের মধ্যে রাজশাহীর ত্রাণকর্তার ভূমিকায় নামেন নাঈম ইসলাম। মাহবুব আলমকে (২৭) নিয়ে সপ্তম উইকেটে তার গড়া ৬৫ রানের পার্টনারশিপেই লিড নিশ্চিত হয় রাজশাহীর। এরপর রাজশাহীও যেমন বেশিদূর এগোয়নি তেমনি নাঈমও। ৬৮ রান করে আউট হন তিনি। এরপর দ্বিতীয় ইনিংস শুরু করা বরিশাল ২ উইকেটে করেছে ৪৮ রান। নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭ উইকেটে ২২৩ রান নিয়ে শুরু করা সিলেটকে ৩ বোনাস পয়েন্ট এনে দেয় গোলাম মাবুদের ব্যাটিং। দলের ইনিংস সর্বোচ্চ তার অপরাজিত ৭৫ রানে তিনশো পার করে সিলেট। এরপর বাঁ হাতি স্পিনার নাবিল সামাদের বোলিং সুবিধাজনক অবস্থানেও পৌছে দিয়েছে তাদের। তার বোলিংয়ে ৯৬ রানেই ৫ উইকেট হারানো ঢাকাকে টেনে তোলার চেষ্টায় আছেন শামসুর রহমান (২৭*) ও নাদীফ চৌধুরী (২৯*)। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৫০ঘ.