২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামনে অস্ট্রেলিয়া সফর, তাই দ্রাবিড়কে নিয়ে দুশ্চিন্তা

ইংল্যান্ডে ২১ বছর পর ভারত টেস্ট সিরিজ জিতেছে তার নেতৃত্বে। অথচ সেই সাফল্যের আনন্দ উপভোগ করতে না করতেই ভারতের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 01:09 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ব্যাঙ্গালোর, ভারত, ৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংল্যান্ডে ২১ বছর পর ভারত টেস্ট সিরিজ জিতেছে তার নেতৃত্বে। অথচ সেই সাফল্যের আনন্দ উপভোগ করতে না করতেই ভারতের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ব্যাটিংয়ে আরো মনযোগ দেয়ার জন্যই যে এমন চমকপ্রদ সিদ্ধান্ত, সেটাও জানিয়েছিলেন দৃঢ়তার সঙ্গে। কিন্তু পাকিস্তানের সঙ্গে প্রথম দুই টেস্টে তার ব্যাট সেভাবে জ্বলে উঠতে পারেনি বলে ভারতের ক্রিকেটাঙ্গন বেশ দুশ্চিন্তায়। সামনে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর বলেই দুশ্চিন্তাটা আরো বেশি। টেস্ট ক্রিকেটের 'টেন থাউজ্যান্ড ক্লাব' বা দশ হাজার রান থেকে মাত্র ৩৭৮ রান দূরে দাঁড়িয়ে থাকা দ্রাবিড়ের অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স। ব্র্যাডম্যানের দেশে ৮টি টেস্ট খেলে ৫৬ দশমিক ৫৩ গড়ে ৭৩৫ রান করেছেন ভারতীয় ক্রিকেটের 'মিস্টার ডিপেন্ডেবল'। এর মধ্যে একটি টেস্ট অবশ্য দু বছর আগে আইসিসি বিশ্ব একাদশের হয়ে সুপার সিরিজে। ভারতের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরটা তো এক কথায় অসাধারণ কেটেছে দ্রাবিড়ের। অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তার ২৩৩ ও অপরাজিত ৭২ রান ভারতের ৪ উইকেটের জয়ের ভিত্তি গড়ে দিয়েছিল। ৪ টেস্টের ৮ ইনিংসে ১০৩ গড়ে ৬১৯ রান --- এই পরিসংখ্যানেই পরিষ্কার সেবার কতটা চওড়া ছিল 'দ্য ওয়াল'-এর ব্যাট। চার বছর আগের সেই পারফরম্যান্সের কথা মনে আছে বলেই এবারের অস্ট্রেলিয়া সফর সম্পর্কে ভারতের সাবেক কোচ ও ওপেনার অংশুমান গায়কোয়াড়ের বিশ্লেষণ, "অস্ট্রেলিয়ায় রাহুলের লম্বা ইনিংস খেলা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুরো ইনিংসকে বিন্যস্ত রাখতে তার টিকে থাকা দরকার। যে কোনো দলের জন্যই তিন নম্বর ব্যাটসম্যানের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ।" অথচ আরেকটি অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে দ্রাবিড়ের ব্যাটে রানের অভাব। পাকিস্তানের সঙ্গে প্রথম দুই টেস্টে তার চারটি ইনিংস হল ৩৮,৩৪, ৫০ ও অপরাজিত ৮। কলকাতা টেস্টের প্রথম ইনিংসের আউটটা অবশ্য নিজের দোষে নয়। দানিশ কানেরিয়ার বল তার ব্যাট ফাঁকি দিয়ে উইকেট কিপারের গ্লাভসে জমা পড়লেও আঙ্গুল তুলে দিয়েছেন আম্পায়ার বিলি ডকট্রোভ। তবে দিল্লীতে প্রথম টেস্টে দু বারই 'অদ্রাবিড়ীয়' ভাবে আউট হয়েছেন তিনি। প্রথম ইনিংসে অভিষিক্ত সোহেল তানভিরকে আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড হয়েছেন। পরের বার শোয়েব আখতারের বল ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হেনেছে স্টাম্পে। আর তাই অস্ট্রেলিয়ায় কঠিন সফরের কথা মাথায় রেখে দ্রাবিড়কে নিয়ে বেশ দুশ্চিন্তায় ভারতের ক্রিকেটমহল। ভারতের সাবেক কোচ ও অধিনায়ক অজিত ওয়াদেকার অবশ্য অবশ্য পুরো মাত্রায় আস্থা রাখছেন দ্রাবিড়ের ওপরে, "সে এক জন জাত খেলোয়াড়, আর ফর্ম ফিরে পাওয়া থেকে মাত্র এক ইনিংস দূরে দাঁড়িয়ে। আশা করি খুব শিগগিরি তা হবে।" শুধু ওয়াদেকার একা নন, 'টিম ইন্ডিয়া'রও এখন সেটাই প্রার্থনা! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯০০ঘ.