ঢাকা, ৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আগেরদিন সেঞ্চুরি মিস করেছিলেন চট্টগ্রামের ওপেনার গাজী সালাউদ্দিন। বৃহষ্পতিবার তাদের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পারলেন না খুলনার ওপেনার নাজমুস সাদাতও। ৯১ রান করে আউট হয়ে গেছেন তিনি। অবশ্য তার ব্যাটে ভর করেই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে স্বাগতিকদের ৩৫৯ রানের জবাবে দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত ৩ উইকেটে ১৪২ রান তুলেছে খুলনা।
নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে ৭ উইকেটে ২২৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা সিলেটের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩১২ রানে। তাদের তিনশো পার করিয়ে নিয়েছে গোলাম মাবুদের অপরাজিত ৭৫ রানের ইনিংস। ঢাকার মোহাম্মদ শরীফ ৬০ রানে নিয়েছেন ৪ উইকেট। জবাবে চা বিরতি পর্যন্ত ঢাকা ২ উইকেট খুঁইয়ে তুলেছে ৭৯ রান।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের প্রথম ইনিংস মাত্র ১৮২ রানে শেষ হওয়ার পর ভালো অবস্থায় নেই রাজশাহীও। দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত তারা ৭ উইকেটে করেছে ১৯৫ রান। তাদের ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করে অপরাজিত আছেন নাঈম ইসলাম। বরিশালের বাঁ হাতি পেসার সাজিদুল ইসলাম ৪০ রানে নিয়েছেন ৩ উইকেট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৬০৫ঘ.
bdnews24