২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারকাদের অনুপস্থিতির প্রভাব জাতীয় লিগে

জাতীয় দলের ক্রিকেটারদের অনুপস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে ইস্পাহানী মির্জাপুর চা নবম জাতীয় ক্রিকেট লিগে। সপ্তম রাউন্ডের চারদিনের ম্যাচের প্রথমদিনেই তার শিকার শীর্ষস্থানধারী খুলনা। এমনিতেই ডলার মাহমুদ অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে আছেন পাকিস্তান সফরে। তার ওপর এই রাউন্ড থেকে জাতীয় দলের মাশরাফি বিন মর্তুজা এবং আব্দুর রাজ্জাকও না থাকায় নাজুক হয়ে পড়েছে তাদের বোলিং আক্রমণের অবস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 04:25 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- জাতীয় দলের ক্রিকেটারদের অনুপস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে ইস্পাহানী মির্জাপুর চা নবম জাতীয় ক্রিকেট লিগে। সপ্তম রাউন্ডের চারদিনের ম্যাচের প্রথমদিনেই তার শিকার শীর্ষস্থানধারী খুলনা। এমনিতেই ডলার মাহমুদ অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে আছেন পাকিস্তান সফরে। তার ওপর এই রাউন্ড থেকে জাতীয় দলের মাশরাফি বিন মর্তুজা এবং আব্দুর রাজ্জাকও না থাকায় নাজুক হয়ে পড়েছে তাদের বোলিং আক্রমণের অবস্থা। তাদের বিপক্ষে প্রথমদিনেই চট্টগ্রামের ৮ উইকেটে ৩২২ রান তুলে ফেলা তো সেকথাই বলে! রাজশাহীর বিপক্ষে বুধবার প্রথম দিনের শেষে ভালো অবস্থায় নেই বরিশালও। আলমগীর কবীরের বিধ্বংসী বোলিংয়ে তাদের মাত্র ১৮২ রানে গুটিয়ে দেওয়া রাজশাহী দিনের শেষে ১ উইকেটে তুলেছে ৩৯ রান। আর ঢাকার বিপক্ষে প্রথম দিনের শেষে সিলেটের অবস্থা ৭ উইকেটে ২২৩ রান। চট্টগ্রামের বীরশেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে স্বাগতিকরা টস জিতে ব্যাট করতে নামার পর দারুণ সূচনা পায় দুই ওপেনার নাফিস ইকবাল এবং গাজী সালাউদ্দিনের সৌজন্যে। নাফিস ৪০ রান করে আউট হয়ে গেলেও সালাউদ্দিন ছিলেন। এবং দলকে বড়ো সংগ্রহের ভিত গড়ে দেওয়ায় তার ভূমিকাই বেশি। চলতি জাতীয় লিগে তার দ্বিতীয় সেঞ্চুরি পাওয়াটা যখন কেবলই সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল তখনই ছন্দপতন। ৯৪ রান করে আউট হয়ে যান তিনি। প্রথম দিন শেষে চট্টগ্রাম যেখানে আছে সেখান থেকে আরো এগিয়ে নেওয়ার জন্য আছেন অধিনায়ক এহসানুল হক। তিনি ৫৬ রানে অপরাজিত আছেন। খুলনার হয়ে জিয়াউর রহমান, রবিউল করিম এবং মুরাদ খান নিয়েছেন দুটো করে উইকেট। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আলমগীরের বিধ্বংসী বোলিং এবং তিন তিনটি রান আউটের ধাক্কায় বরিশালের ব্যাটিং খুলনার বোলিংয়ের মতোই নাজুক! ৫২ রানে ৫ উইকেট নিয়ে আলমগীর একরকম একাই ভেঙ্গে দিয়েছিলেন প্রতিপক্ষের ব্যাটিং মেরুদন্ড। দুই ওপেনার হান্নান সরকার (১৪) ও অধিনায়ক শাহরিয়ার নাফীস (৭) এবং বরিশালের ইনিংসের সর্বোচ্চ রান করা ইমরান আহমেদ (৪৩) - প্রত্যেকেই আলমগীরের শিকার। প্রত্যেকেই বোল্ড হয়েছেন। গত কয়েক রাউন্ডে বল হাতে ভালো করতে থাকা অফস্পিনার সাকলায়েন সজীব এদিন কোনো উইকেট পাননি যদিও। কিন্তু বরিশালকে বিপদে ফেলায় তার ভূমিকাও কম নয়। তিনটি রানআউটই তার করা! নারায়ণগঞ্জের ফতুল্লায় সিলেটের ইনিংসের একমাত্র ফিফটি করেছেন ইজাজ আহমেদ (৫৪)। এছাড়া গোলাম রহমান (৪৩) ও অধিনায়ক রাজিন সালেহর (৩৬) ইনিংগুলোই উল্লেখযোগ্য। ঢাকার পেসার মোহাম্মদ শরীফ ৪১ রানে ৩ এবং মাহবুবুল আলম রবীন ৫৪ রানে নিয়েছেন দুই উইকেট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১০ঘ.