ঢাকা, ৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশের নিউজিল্যান্ড সফরপূর্ব আলোচনায় শুধু পেস বোলাররাই আছেন। আবার অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা সফরের আগেও হয়তো এমনই হবে। সেসব জায়গার পেস বোলিং উপযোগী কন্ডিশনের কারণেই আলোচনায় স্পিনাররা থাকেন উপেক্ষিত। এই উপেক্ষাটা বোধহয় একদমই ভালো লাগে না আব্দুর রাজ্জাকের। না হলে এই বাঁ হাতি স্পিনার কেন বলবেন, "মানলাম নিউজিল্যান্ডের কন্ডিশন পেস সহায়ক। কিন্তু সেখানেও তো ডেনিয়েল ভেট্টোরি ওয়ানডেতে ঠিকই ১০ ওভার বোলিং করবেন।"
মোহাম্মদ রফিকের অনুপস্থিতিতে রাজ্জাকই এখন বাংলাদেশের স্পিন আক্রমণের নেতা। কিউইদের বিপক্ষে তিন ওয়ানডেতে তারও ১০ ওভার করেই বল করার কথা। যতোই পেস বোলারদের উপযোগী উইকেট থাক, সেখানে হালে পানি না পাওয়ার ভয়েও একদম ভীত হতে নারাজ তিনি। কারণ তার সামনে উদাহরণ হিসেবে আছেন তার মতোই বাঁ হাতি স্পিনার নিউজিল্যান্ড অধিনায়ক ভেট্টোরি। আর আছে ওরকম কন্ডিশনেই তার ব্যর্থ না হওয়ার অভিজ্ঞতা, "আমি দক্ষিণ আফ্রিকায় সফল হয়েছি। ইংল্যান্ডেও খারাপ করিনি। এর আগে নিউজিল্যান্ডে যাইনি যদিও। তবে যতোটা শুনেছি, তাতে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সঙ্গে মিল আছে নিউজিল্যান্ড কন্ডিশনের। কাজেই ওখানেও সফল না হওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না।"
তবুও যারা রাজ্জাকের এই কথায় আস্থা রাখছেন না, তাদের জন্য নিউজিল্যান্ড কন্ডিশনে স্পিনারদের ম্যাচের ভাগ্য নির্ধারণের উদাহরণ টানছেন তিনি, "শ্রীলঙ্কা কিন্তু নিউজিল্যান্ডে টেস্ট জিতেছিল একজন স্পিনারের জন্যই, মনে আছে? মুরালিধরন একাই ১২ উইকেট (আসলে হবে ১০ উইকেট) নিয়ে জিতিয়েছিল।" রাজ্জাক বলছেন ২০০৬ সালের ডিসেম্বরের ওয়েলিংটন টেস্টের কথা। যেটাতে না জিতলে টেস্ট সিরিজ হেরে দেশে ফিরতে হতো শ্রীলঙ্কাকে। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ২১৭ রানের জয় পাইয়ে দিয়েছিলেন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারী। তবে ওই টেস্টটাকে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার না বলে মুরালিধরন-ভেট্টোরির বললেও চলে! কারণ মুরালির মতো ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন ভেট্টোরিও!
রাজ্জাকের আত্মবিশ্বাসের পালে হাওয়া জোগানোর জন্য পরিসংখ্যানও আছে। আর আত্মবিশ্বাসটা এমনই যে, পেস বোলারদের উপযোগী উইকেটেই বরং বোলিং করাটা বেশি উপভোগ করেন বলে দাবি করলেন। মঙ্গলবার নিউজিল্যান্ডগামী বাংলাদেশের ওয়ানডে দল ম্যাচ কন্ডিশন তৈরি করে ৩০ ওভারের প্র্যাকটিস ম্যাচ খেললো। যথেষ্ট ঘাস রেখে তৈরি করা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সেন্ট্রাল উইকেটে বোলিং বেশ উপভোগও করলেন দলের পেসাররা। কিন্তু রাজ্জাক কতোটা করলেন? তার জবাবটা শুনুন, "আসলে এধরনের উইকেটেই ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানানোটা বেশি আনন্দের। স্পিন সহায়ক উইকেটে দেখা যায় উইকেট থেকেই অনেক সাহায্য পাচ্ছি। বল টার্ন করছে। কিন্তু এধরনের উইকেটে সফল হওয়ার জন্য অনেক কিছু ট্রাই করতে হয়।"
এদিন মিরপুরেও যেমন খালি হাতে ফেরেননি তিনি। ৩১ রানে নিয়েছেন ২ উইকেট। এই ম্যাচটা অবশ্য ব্যাটসম্যান রাজ্জাককেও দেখেছে। ম্যাচেরই সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত ছিলেন। জানালেন, ব্যাটিংয়ের প্রতি নতুন করে মনোযোগী হয়ে উঠছেন এক্ষেত্রে তার সম্ভাবনাময় শুরুর কথা মনে পড়ে যেতেই, "মনে আছে আমার খেলা প্রথম জাতীয় লিগে ব্যাটিংটা খারাপ করছিলাম না। সেবার প্রথম পাঁচ ম্যাচের তিনটিতেই ফিফটি করেছিলাম। খুব সম্ভবত ওটা জাতীয় লিগের তৃতীয় আসর ছিল। এরপর প্রিমিয়ার ক্রিকেটে বিমানের হয়ে খেলার সময় গোড়ালি মচকালাম। অধিনায়ক ফারুক ভাই (সাবেক প্রধান নির্বাচক) বললেন, 'এখন থেকে তোর বোলিংটা করে দিলেই চলবে।' সেই থেকে বোলিংয়ে পুরো মনোযোগ দিতে শুরু করলাম।"
এখন ব্যাটিংয়ে মনোযোগ আবার ফিরেছে। বিশ্বাস করেন, "আমি এখন যা ব্যাটিং করি তার চেয়ে অনেক ভালো করার ক্ষমতা আমার আছে।" সেটাই দেখিয়ে হতে চান 'ইউটিলিটি ক্রিকেটার'। এখানেও ভেট্টোরি এসে যাচ্ছেন। বিশ্বসেরা বাঁ হাতি স্পিনার হিসেবে স্বীকৃত কিউই অধিনায়কের দুটো টেস্ট সেঞ্চুরির পাশাপাশি ১৩টি ফিফটিও আছে। ওয়ানডেতে সেঞ্চুরি না থাকলেও সর্বোচ্চ ইনিংস ৮৭ রানের।
নিউজিল্যান্ডে তো আগে ওয়ানডে সিরিজ। কে জানে, ব্যাট হাতেও রাজ্জাক ওরকম কিছূ করার কথা ভাবছেন কিনা!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.
bdnews24