ঢাকা, ৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- একটু আগেই ম্যাচ শেষ হয়েছে। এরপর মাঠেই ক্রিকেটারদের জড়ো করে শলাপরামর্শ সেরে নিচ্ছিলেন জেমি সিডন্স। ওই পর্ব চুকিয়ে ড্রেসিংরুমে ফেরার পথে কিউরেটর বদিউল আলম খোকনকে পেয়ে নিজের উচ্ছ্বাস গোপন করলেন না তিনি, "ইটস এ গুড উইকেট। আই লাভড ইট।" বলছিলেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সেন্ট্রাল উইকেটের কথা। যেখানে মঙ্গলবার ম্যাচ কন্ডিশন তৈরি করে নিউজিল্যান্ডগামী ওয়ানডে দলের ক্রিকেটাররা দু'দলে ভাগ হয়ে খেলেছেন ৩০ ওভারের একটি ম্যাচ।
ম্যাচে বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের লাল দলকে তার ডেপুটি মাশরাফি বিন মর্তুজার সবুজ দল ৩ উইকেটে হারিয়েছে। তবে এখানে ম্যাচের ফল খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, সেটা ঠিকঠাকমতো হওয়াতেই কোচের সন্তুষ্টি। নিউজিল্যান্ডের কন্ডিশনের কথা মাথায় রেখে পেস বোলারদের উপযোগী উইকেটের চাহিদার কথা বলা হয়েছিল। মানে মাশরাফি কিংবা শাহাদাত হোসেন রাজীবরা যাতে পর্যাপ্ত বাউন্স পান। সেকথা মাথায় রেখেই উইকেটে যথেষ্ট ঘাস রেখে 'এক চিলতে নিউজিল্যান্ড' বানানোর চেষ্টায় কোনো ত্র"টি রাখেননি বলেই ম্যাচের মাঝপথে দাবি করছিলেন কিউরেটর। তাকে কোচের প্রাপ্য কৃতিত্ব বুঝিয়ে দেওয়াতেই পরিষ্কার-ভুল দাবি করেননি তিনি।
কোচেরই যে শুধু ভালো লেগেছে তা নয়। বাংলাদেশ দলের বোলিং আক্রমণের দুই 'গতিদানব' মাশরাফি-শাহাদাতও উইকেটের প্রশংসায় পঞ্চমুখ। সকালে ব্যাট করতে নামা আশরাফুলের লাল দলকে দু'দিক থেকে যথেষ্ট ভুগিয়েছেন তারা দু'জন। আগুনঝরা বোলিং বলতে যা বোঝায় তাই করলেন তারা। ব্যাটসম্যানরা কখনো 'ডাক' করে বাঁচলেন। কখনো লাফিয়ে ওঠা বল প্রাণপণে সামলালেন। আর পরাস্ত তো হলেন বহুবার।
লাল দল ৬ উইকেটে তুলেছিল ১২১ রান। ম্যাচটা এমনই ছিল যে একেকজন একাধিকবারও ব্যাট করারও সুযোগ পেয়েছেন। যেমন অধিনায়ক আশরাফুল শাহাদাতের বলে স্লিপে মাশরাফিকে ক্যাচ দিয়ে প্রথমবার যখন আউট হন, তখন তিনি শুন্য রানে। একটু পরেই আবার ব্যাট করতে নেমে করলেন ২৬ রান। এবার শিকার ফরহাদ রেজার। উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মুশফিকুর রহিমকে।
নিজের ব্যাটিংয়ের হাতটা যে খারাপ নয় তা আরেকবার প্রমাণ করেছেন আব্দুর রাজ্জাক। লাল দলের রান এসেছে তার ব্যাট থেকেই। ৫৯ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। সবুজ দলের দুই ওপেনার জাভেদ ওমর ও মুশফিকুর রহিমও ব্যাটিং করেছেন দুবার করে। আউট হওয়া ব্যাটসম্যানদের অবশ্য সুস্থির হয়ে বসতে দেননি কোচ সিডন্স। তাদের প্রতি নির্দেশ ছিল ইনডোরে গিয়ে ব্যাটিং করার।
তবে ম্যাচের মূল আয়োজনটা ছিল বোলারদের জন্যই। যেকারণে ব্যাট হাতে কে কী করলেন, সেটা নয়। সবার কাছে এই উইকেট থেকে পাওয়া বোলারদের সুবিধার কথাই মুখ্য হয়ে উঠলো। কারণ তাতে তো ব্যাটসম্যানরা নিউজিল্যান্ডের কন্ডিশনের কিছুটা আমেজ অন্তত পেলেন। এই ম্যাচেও নেট বোলাররা বোলিং করেছেন ১৮ গজে। এ প্রসঙ্গ টেনেই মাশরাফি বলছিলেন, "নিউজিল্যান্ডের পেসাররা অনেক জোরে বল করে। আমাদের তো আর অতো জোরের বোলার নেই। খেয়াল করেছেন নিশ্চয়ই, ১৮ গজে যারা বোলিং করেছে তাদের ডেলিভারিতেও বেশ গতি ছিল। বল উঠেছে। এটা আমাদের ব্যাটসম্যানদের কাজে লাগছে।"
লাল দলের পড়া ৬ উইকেটের পাঁচটিই তুলে নিয়েছেন মাশরাফি (২/১৬) ও শাহাদাত (৩/৩৫) মিলে। শাহাদাতের বলে স্লিপে ফিল্ডিং করেছেন মাশরাফিও। যে বলে লাল দলের নাজমুল হোসেনকে বোল্ড করলেন শাহাদাত, সেটার গতি বোঝানোর জন্য ঘটনাটা না বললেই নয়। উইকেটের বেল উড়ে স্লিপে দাঁড়ানো মাশরাফির গায়ে গিয়ে লাগলো! এবং কিছুটা ব্যথাও পেলেন 'নড়াইল এক্সপ্রেস'!
এই উইকেটে বল করাটা তাই উপভোগই করেছেন শাহাদাত, "আমরা পেস বোলাররা যেরকম উইকেটে বল করতে চাই, এটা অনেকটা সেরকমই। বাউন্স পেয়েছি, বল মুভও করাতে পেরেছি।" এবার মাশরাফির কথা শুনুন, "আমাদের দেশে এমন উইকেট আমি এর আগে পাইনি।"
তার বোলারদের যে উইকেটটাকে ভীষণ মনে ধরেছে, সেটাকে তো সিডন্স ভালোবেসে ফেলবেনই!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৫০ঘ.
bdnews24