২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিশ্চিত না হয়ে দায়িত্ব নেবেন না কারস্টেন

সিনিয়রদের একাংশ নাম শুনেই নাক সিঁটকেছেন! বিরোধিতা করে বিবৃতিও দিয়েছেন সংবাদ মাধ্যমে। কানে গেছে গ্যারি কারস্টেনেরও। শুনেই ভারতের কোচ হওয়ার ব্যাপারে দ্বিধায় পড়ে গেছেন দক্ষিণ আফ্রিকান এই সাবেক ব্যাটসম্যান। মঙ্গলবার এক সাক্ষাতকারে জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা না চাইলে দায়িত্বটা নেবেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 10:00 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

কেপ টাউন, ৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিনিয়রদের একাংশ নাম শুনেই নাক সিঁটকেছেন! বিরোধিতা করে বিবৃতিও দিয়েছেন সংবাদ মাধ্যমে। কানে গেছে গ্যারি কারস্টেনেরও। শুনেই ভারতের কোচ হওয়ার ব্যাপারে দ্বিধায় পড়ে গেছেন দক্ষিণ আফ্রিকান এই সাবেক ব্যাটসম্যান। মঙ্গলবার এক সাক্ষাতকারে জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা না চাইলে দায়িত্বটা নেবেন না তিনি। গ্রেগ চ্যাপেলের উত্তরসূরী পদে আচমকাই দৃশ্যপটে হাজির হয়েছিলেন কারস্টেন। অনেক রাখঢাক করে তার সাক্ষাতকার নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপর স্রেফ আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এবং সোমবার তার নাম ঘোষণার কথা ছিল। এর মাঝেই এসেছে সিনিয়র ক্রিকেটারদের বিরোধিতার খবর। বার্তা সংস্থা রয়টার্সকে কারস্টেন তার প্রতিক্রিয়ায় বলেছেন, "আমার সম্ভাব্য নিয়োগ নিয়ে কিছু সিনিয়র ক্রিকেটারের বিরোধিতার গুজব আমার কানে এসেছে। তাই এ ব্যাপারে পরিষ্কার হয়েই আমি দায়িত্বটা নেওয়ার কথা ভাবব।" যোগ করেছেন, "আমি নিশ্চিত নই খেলোয়াড়রা আসলেই রাজী কিনা। দিল্লী সফরের সময় আমার সঙ্গে শুধু অধিনায়ক অনিল কুম্বলের দেখা হয়েছে, আর তাকে খুবই আন্তরিক মনে হয়েছে। এখন আমার জানতে হবে এই বিরোধিতার কারণটা কি ব্যক্তি আমি নাকি যে পদ্ধতিতে আমার সাক্ষাতকার নিয়ে আমাকে দায়িত্বটা সাঁধা হয়েছে।" নাম প্রকাশ না করে ভারতীয় পত্রিকাগুলো বেশ কজন সিনিয়র ক্রিকেটারের উদ্ধৃতি ছেপেছে। তাদের বেশিরভাগেরই মতে বর্তমান ম্যানেজমেন্ট কাঠামোই ভালো কাজ করছে এবং কারস্টেনকে নিয়োগ দেওয়ার প্রয়োজন নেই। মুম্বাই মিরর পত্রিকায় একজন বলেছেন, "এ মুহূর্তে কোনো কোচের একদমই দরকার নেই।" কারস্টেন জানিয়েছেন আরো কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলে তিনি তাদের সত্যিকার অনুভূতিটা জানতে চান। বলেছেন, "আমি কোনো তাড়াহুড়ো করতে চাই না। কারণ দায়িত্বটা বিশ্ব ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তটাখুব সতর্কতার সঙ্গে নিতে হবে। আর এজন্য সঠিক মানুষের সঙ্গে আলোচনা জরুরি বিশেষ করে খেলোয়াড়দের সঙ্গে।" কারস্টেনের মতে, "খেলোয়াড়রা পক্ষে না থাকলে কোনো দলকে কোচিং দেয়া যায় না। আমি ভারতীয় বোর্ডকে আমার অনুভূতি জানিয়ে চিঠি দিয়েছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫৫৫ঘ.