ক্যান্ডি, ৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব রেকর্ড দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন মুত্তিয়া মুরালিধরন! সোমবার ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনে পল কলিংউডকে বোল্ড করে ইনিংসে তার পঞ্চম উইকেটটি পেয়েছেন শ্রীলঙ্কার এই অফ স্পিনার। এটি ছিল তার ৬১তম বার ইনিংসে ৫ উইকেট শিকার। আর এই বিশ্ব রেকর্ডটি ব্যপ্তি দেওয়ার পাশাপাশি নিজের করে নিয়েছেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ডটিও। ৭০৯তম উইকেটটি নিয়ে পিছু ফেলেছেন এতদিনের দখলদার শেন ওয়ার্নকে। এরপর ম্যাথু হগার্ডকে স্টাম্পড করিয়ে পেয়েছেন ৭১০তম শিকার।
বিশ্ব রেকর্ড তারই ছিলো। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট কোর্টনি ওয়ালশকে (৫১৯ উইকেট) টপকে এই সম্মাননা পেয়েছিলেন মুরালি। সে বছরই কাঁধের ইনজুরিতে মাঠের বাইরে গেলেন। সুযোগটা ভালোমতোই নিয়েছেন ওয়ার্ন। ৭০৮ উইকেটে থেমে অবসর নিয়েছেন এ বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান এই লেগ স্পিন গ্রেট। তবে তার এজন্য লেগেছে ১৪৫ টেস্ট, মুরালি খেলছেন তার ১১৬তম ম্যাচ।
মুরালি চেয়েছিলেন ওয়ার্নের মাটিতেই তার রেকর্ড ভাঙ্গতে। কিন্তু গতমাসে বিস্মরণের সেই অস্ট্রেলিয়া সফরে ৪টি উইকেট নিয়েই খুশী থাকতে হয়েছে তাকে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা যেন পণ করেছিলেন মুরালিকে উইকেট না দেওয়ার। আরেকটি বার্তা পৌঁছে দেওয়ারও জেদ ছিল মুরালির। এই অস্ট্রেলিয়াতেই ক্যারিয়ারে সবচেয়ে বেশি হেনস্থা হতে হয়েছে তাকে। ১৯৯৫ সালে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রতিপক্ষের সঙ্গে প্রথম মুখোমুখিতেই অস্ট্রেলিয়ান আম্পায়ারদের কাছে প্রথম 'নো বল' শুনতে হয় তাকে। বিতর্কিত বোলিং অ্যাকশনের অভিযোগ ফিরে আসে ১৯৯৮-৯৯ সফরেও। নানা পরীক্ষা নিরীক্ষার পর আইসিসির হস্তক্ষেপে শুদ্ধ বোলিংয়ের ছাড়পত্র পেয়েছেন মুরালি।
সে শখ মেটেনি বটে। কিন্তু বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন নিজের মাঠ ক্যান্ডিতে। আতশ বাজির ঝলকানিতে নিজের স্বজনদের সামনে এই কীর্তিতে তাই বেশি আপ্লুত মুরালি। বলেছেন, "আমার পরিবারের সবাই, বন্ধু বান্ধবের সামনে নিজের শহরে এই ল্যান্ড মার্ক ছুঁয়েছি- এই অনুভূতি ভাষায় বোঝানো যাবে না।" কলিংউডকে বোল্ড করা বলটি সম্পর্কে বলেছেন, "এটা অফ ব্রেক হওয়ার কথা ছিল, কিন্তু গেলো সরাসরি। ভাগ্যবান বলতে পারেন আমাকে।"
সকাল থেকেই অপেক্ষায় ছিলেন। কিন্তু ইংলিশ ব্যাটসম্যানরা মাটি কামড়ে থেকে নিষ্ফল করে দিয়েছেন তার প্রথম স্পেলটি। মাহেলা জয়ার্বধনে নতুন বল নেওয়ার পর তার ছাল ওঠার অপেক্ষায় ছিলেন। ফিরতি স্পেলেই বিশ্ব রেকর্ড। নিজের উৎকণ্ঠার কথা স্বীকার করে মুরালি বলেছেন, "সকালে ইংলিশ ব্যাটসম্যানরা ভালোই খেলেছে। উইকেট যেভাবে ধীর গতির হচ্ছে তাতে চিন্তাতেই পড়ে গিয়েছিলাম।"
৬১ বার ইনিংসে ৫ উইকেটের বিশ্ব রেকর্ডের কথা আগেই বলা হয়েছে। ২০ বার ম্যাচে ১০ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ডটিও মুরালির। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫৫ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন। ৯৩ রানের লিড নিয়ে ইংল্যান্ড অল আউট হয়েছে ২৮১ রানে। দ্বিতীয় ইনিংসে আর ৪ উইকেট পেলে বিশ্ব রেকর্ডময় ম্যাচ বানিয়ে দেবেন মুরালি ক্যান্ডি টেস্টকে। এখন আর সেটাকে অসম্ভব কিছু মনে করার কোনো কারণ নেই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪৩৫ঘ.
bdnews24