ঢাকা, ৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সেন্ট্রাল উইকেটে তামিম ইকবাল ও জুনায়েদ ইমরোজ সিদ্দিকীকে দিয়ে শুরু হলো ব্যাটিং। কিন্তু তাদের বিপক্ষে বল করছেন কারা? মাঠে ঢুকেই কেউ প্রশ্নটা করে ফেললে দোষ দেওয়া যেত না তাকে! তাদের সবার গায়ে যে চাপানো ছিল নিউজিল্যান্ডের জার্সি! প্রথম দেখায় যে কারো চোখে খটকা লাগার মতোই!
আসলে বোলিং কোচ সারোয়ার ইমরান নিয়ে এসেছিলেন পেসার হান্টের বোলারদের। বাংলাদেশের হয়ে তিনটি করে টেস্ট এবং ওয়ানডে খেলা অফস্পিনার ফাহিম মুনতাসিরও তাদের সঙ্গী। জাতীয় লিগ নিয়ে ছয়টি বিভাগীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত। তাই নেট বোলারের জন্য হাত বাড়াতে হয়েছে এর বাইরে থাকা ক্রিকেটারদের দিকেই। তাদের কিউই জার্সি পরিয়ে নামানোর রহস্যটা ভেঙ্গে বললেন বাংলাদেশ দলের নতুন কোচ জেমি সিডন্সই, "এটা করা হয়েছে যেন তাদের নিউজিল্যান্ড দলের মতো দেখায়। এর ফলে ব্যাটসম্যানরাও অনেকটা নিউজিল্যান্ডের সঙ্গে খেলার আমেজ পাচ্ছে।"
কিন্তু যতোই মোড়ক পরিয়ে নামানো হোক না কেন, তারা তো আর নিউজিল্যান্ডের বোলার নন। গতিতে শেন বন্ড এবং মার্ক গিলেস্পিদের সঙ্গে আকাশ-পাতাল তফাত এই নেট বোলারদের। তা ঘুঁচানোর জন্য উইকেটের দৈর্ঘ্য ১৮ গজেও নামিয়ে এনেছেন সিডন্স। প্র্যাকটিসের ফাঁকে যখন সোমবার মিডিয়ার মুখোমুখি হতে এলেন, তখন তার ঠিক ডানদিকেই সেন্ট্রাল উইকেটে ঘামঝরানো অনুশীলন চলছে। সেদিকে দেখিয়েই এই অস্ট্রেলিয়ান বললেন, "কয়েকজনকে দেখছেন, ওরা মার্ক পার করে এসে বল করছে। ওদের তো নিউজিল্যান্ডের বোলারদের মতো গতি নেই। তাই তাদের আরো সামনে এসে বল করতে বলা হয়েছে।"
১৮ গজের নেটে বোলারদের খেলে এসে মোহাম্মদ আশরাফুল যা বললেন, তাতে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা উপকৃত হবেন বলেই মনে হলো। বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, "আন্তর্জাতিক ম্যাচে গিয়ে দেখা যায় আমাদের বোলারদের সঙ্গে অন্য দেশের বোলারদের গতির হেরফেরটা ১০ কিলোমিটারের মতো হয়। নিউজিল্যান্ডের পেসারদের তো বেশ গতি। আজ আমরা ১৮ গজে নেট বোলারদের খেললাম। আমার মনে হয়, এতে করে শেন বন্ড কিংবা মার্ক গিলেস্পিদের বল ভালো খেলার প্র্যাকটিসটা আমাদের হচ্ছে।"
উইকেটের দৈর্ঘ্য কমিয়ে আনা কিংবা প্রতিপক্ষের জার্সি পরে খেলা, বাংলাদেশের প্র্যাকটিসে এগুলো একেবারেই নতুন সংযোজন। তারওপর নতুন কোচ আসা মানেই বাংলাদেশে সবকিছুতে 'নতুন, নতুন' রব উঠে যাওয়ার রেওয়াজটাও পুরনো। সিডন্সকে সামনে পেয়ে এর চর্চাটাও আরেক দফা হয়ে গেল। তার কাছে জানতে চাওয়া হলো প্রতিপক্ষের জার্সি পরানোটা তারই আবিষ্কার কিনা। জবাবে অবশ্য কোনো কৃতিত্বই নিতে চাইলেন না এই অস্ট্রেলিয়ান, "আমি নিজে কখনো এরকম কিছু হতে দেখিনি। তবে কোনো সন্দেহই নেই যে এটা আর আগেও হয়েছে।"
আশরাফুল অবশ্য প্র্যাকটিসের নতুনত্বে নন, বুঁদ হয়ে আছেন নিউজিল্যান্ডে ভালো কিছু করার ভাবনায়। নতুনত্ব নিয়ে প্রশ্ন করায় "আপনাদের তো এখন সবকিছুই নতুন লাগবে" বলে এক টিভি সাংবাদিককে নিজের বিরক্তিটা বুঝিয়ে দিলেন। প্র্যাকটিসে ব্যাটিংয়ের জন্য বেশি সময় বরাদ্দ থাকাটাই তার সন্তুষ্টির কারণ। এদিন এক ঘন্টা ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। অবশ্য তিনি মনে করিয়ে দিতে ভুললেন, "শ্রীলঙ্কা সফরের (গত জুলাই আগস্টে) আগে শন উইলিয়ামস (এখন যিনি সিডন্সের সহকারী) কোচ হওয়ার পর থেকেই আমাদের ব্যাটিং প্র্যাকটিসের ধরনটা পাল্টে গেছে। বেশি সময় পাচ্ছি ব্যাটিংয়ের জন্য।" এদিন ইনডোরে বাড়তি বাউন্সের বল খেলার প্র্যাকটিসও হলো টেনিস বল দিয়ে।
ব্যাটিংয়ে স্কোয়াশ বলের ব্যবহারটাও এখন আর অজানা নয়। এই তো ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের ফাইনালে বটম হ্যান্ডের (ব্যাটিংয়ের সময় নীচের হাত, ডানহাতি ব্যাটসম্যানের জন্য ডান হাত ও বাঁ হাতিদের জন্য বাঁ হাত) গ্লাভসের ভেতর স্কোয়াশ বল নিয়ে খেলে শ্রীলঙ্কাকে চুরমার করে দিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। সেরকম কিছু প্রয়োজনে বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্ষেত্রেও করা হতে পারে বলে জানালেন সিডন্স।
নিউজিল্যান্ডে আগে ওয়ানডে সিরিজ বলে অবশ্য তেঁড়েফুঁড়ে ব্যাটিংই শিষ্যদের করতে বলছেন না সিডন্স। তিনি বরং বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের এমন ব্যাটিংই করতে বলছেন, "উপযুক্ত ব্যাটিংটাই করার চেষ্টা করছি আমরা। আমার দৃষ্টিতে ব্যাটিং ব্যাটিংই। আপনি লম্বা সময় ধরে উইকেটে থাকলে রান আসবেই। সেটা ওয়ানডেতেই হোক কিংবা টেস্টে। আমার কথা হচ্ছে বেশিক্ষণ উইকেটে থাকতে হবে। এর মধ্যেই আগ্রাসী ও উদ্ভাবনী ক্রিকেট খেলে কিছু ম্যাচ জিততে চাই।"
তাই বলে অবশ্য দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্যের কথা বলছেন না তিনি, "গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে কিছু কিছু পারফরম্যান্সই বলে দেয় ওরা (বাংলাদেশের ক্রিকেটাররা) ভালো খেলোয়াড়। এখন তাদের আরো ভালো জায়গায় নিয়ে যেতে হবে যাতে আমরা পারফরম্যান্সে ধারাবাহিক হতে পারি। তবে দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য নেই আমার। বরং প্রতিদিন খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি দেখাই আমার লক্ষ্য।"
ডেভ হোয়াটমোর কোচ থাকাকালীনও কিছুটা উন্নতি করেছিল বাংলাদেশ। সেটা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেও এখন একেবারে নতুন করেই সবকিছূ শুরু করতে চান হোয়াটমোরের উত্তরসূরী, "ডেভ এই দলটাকে খুব ভালো অবস্থায় রেখে গেছেন। গতকাল (রোববার) আমার প্রেজেন্টেশনে আমি খেলোয়াড়দের ঠিক একথাটাই বলেছি। পাশাপাশি এও বলেছি যে, এখন তোমরা নতুন কোচ পেয়েছো। সুতরাং তার আইডিয়াগুলো হবে নিত্যনতুন। নতুন, নতুন মিশন ও লক্ষ্য থাকবে সামনে। আশা করছি একদম নতুন করেই শুরু করবো আমরা।"
নতুন করে শুরুতে নতুনত্বের সন্ধান তো চলবেই!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২০ঘ.
bdnews24