কোলকাতা. ২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বরাবরের মতো এবারও দায়িত্বটা নিজের কাঁধেই নিয়েছেন মিসবাহ-উল হক। তার যোগ্য সঙ্গী হয়েছেন কামরান আকমল। ইডেনের দ্রুত ভাঙতে থাকা উইকেটে ভারতীয় বোলারদের তান্ডবে মাততে বাদ সেধেছেন দুজন প্রবল প্রতিরোধে। রোববার ভারতের বিপক্ষে কোলকাতা টেস্টের তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৫৮ রান তুলেছে পাকিস্তান এই দুজনের সেঞ্চুরিতে ভর করে। ফলোঅন এড়াতে এখনও ৫৯ রান করতে হবে তাদের। দিন শেষের আগের ওভারে ১০৮ রান করে আউট হয়ে গেছেন আকমল। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া মিসবাহ ব্যাট করছেন ১১৯ রান নিয়ে। মোহাম্মদ সামি এখনও রানের খাতা খোলেননি।
তিনদিনে একটি ডাবল সেঞ্চুরি ও চারটি সেঞ্চুরি দেখেছে ইডেন। এর মধ্যে ভারতীয়দেরগুলোকে বলতে হয় মনের সুখে খেলা। তিনটিই বোলিংয়ের ওপর ব্যাটসম্যানদের আধিপত্যের বার্তা ছড়িয়েছে। মিসবাহ ও আকমলের সেঞ্চুরি শুধু তা নয়। বিধ্বস্ত মিডল অর্ডারের মেরামতি আর নিশ্চিত ফলোঅনের হাতছানি উপেক্ষা করে এসেছে এই দুটো লড়াকু সেঞ্চুরি। তবে আকমলকে দুর্ভাগা মানতেই হচ্ছে আরেকটি ওভার কোনো মতে পার করলেই হতো। হরভজন সিংয়ের বলে বোল্ড হওয়ার আগে ২০৭ রানের ষষ্ঠ উইকেট জুটি গড়েছেন তিনি মিসবাহর সঙ্গে।
ফলোঅন এড়ানোর স্বপ্ন উজ্জ্বল করে তোলা এই জুটির ব্যাটিংয়ের আগে পরিস্থিতি ছিল ভারতের পক্ষেই। পরপর দু'ওভারে দুটো মূল্যবান উইকেট নিয়ে পাল্লাটা অনেকখানি হেলিয়ে দিয়েছিলেন হরভজন । আগের দিনের ১ উইকেটে ৫০ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান সালমান বাটকে হারিয়েছে ৭৭ রানে। হরভজনের বলে প্রথম স্লিপে রাহুল দ্রাবিড়ের তালুবন্দী হওয়ার আগে ৪২ রান করেছেন বাট। দারুণ এক অফ স্পিনে পরের ওভারেই বিপজ্জনক মোহাম্মদ ইউসুফকে (৬) বোল্ড করে পাকিস্তানকে বড় ধাক্কাটা দিয়েছেন এরপর হরভজন।
মধ্যাহ্ন বিরতির আগে এ ম্যাচের অধিনায়ক ইউনিস খান (৪৩) এবং ফয়সাল ইকবালকেও (০) হারায় পাকিস্তান। মিসবাহর সঙ্গে চতুর্থ উইকেটে ৪৯ রানের জুটি গড়ে মুনাফ প্যাটেলের বলে কট বিহাইন্ড হয়েছেন ইউনিস। রানের খাতা খোলার আগে কুম্বলের বলে এলবিডব্লু ফয়সাল।
৫ উইকেটে ১৫৪ রান নিয়ে মধ্যাহ্ন ভোজে যাওয়া পাকিস্তানের ফলোঅন নিশ্চিত ধরে নিয়েছিল ইডেনের দর্শকরা। তাদেরকে হতাশ করে এরপর পরের দু সেশনের পুরোটাই প্রায় কাটিয়ে দিয়েছেন মিসবাহ ও আকমল। ২১০ বলের ইনিংসটিতে মিসবাহ বাউন্ডারি মেরেছেন ২০টি। রক্ষণ ও আক্রমণের অপূর্ব মিশেলে আকমলের ইনিংসটি গড়া ২০৪ বলে, তাতে চারের মার ১০টি। এটি ছিল পাকিস্তানী এই উইকেট কিপারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭৫৫ঘ.
bdnews24