ঢাকা, ২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- "আমি তো ভোটার হয়ে গেলাম। আপনি হচ্ছেন কখন?" এই প্রশ্ন রেখে আপনার সামনে শিগগিরই হাজির হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং তার ডেপুটি মাশরাফি বিন মর্তুজা। ভোটার আইডি কার্ড নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে নির্বাচন কমিশন ব্যাপক প্রচারণা চালাতে যাচ্ছে। এরই অংশ হিসেবে নির্মিত হচ্ছে বিজ্ঞাপনচিত্র। যাতে আশরাফুল ও মাশরাফি ছাড়াও অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন অঙ্গনের তারকারা। রোববার নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতির প্রথম দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হয়ে গেল বিজ্ঞাপনের ক্রিকেটারদের অংশের শুটিং। অচিরেই টেলিভিশনে দেখা যাবে সবাইকে ভোটার হওয়ার ডাক দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের এই দুই তারকা।
এদিন সকাল থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ড্রেসিং রুমের সামনে জনাত্রিশেক লোকের জটলা লেগে থাকলো। অবশ্য তাদের সঙ্গে ক্রেন, ক্যামেরা ও শুটিংয়ের নানা সরঞ্জাম দেখে বুঝতে কারোরই অসুবিধা হয়নি যে তারা কারা। তারা বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার কর্মী। নির্বাচন কমিশনের বিজ্ঞাপনটির নির্মাতা আবু সুফিয়ান বিপ্লব জানালেন, "নির্বাচন কমিশনের এই বিজ্ঞাপনে আমরা বিভিন্ন অঙ্গনের ১৮ জন তারকাকে ব্যবহার করছি।" দুই ক্রিকেটারকে ব্যবহারের জন্য অবশ্য তাদেরকে অপেক্ষায়ও থাকতে হয়েছে বেশ। ফিটনেস পরীক্ষার পর্ব সেরে ল্যাপটপ আর ওয়েব ক্যামেরার সামনে বসে গেলেন আশরাফুল ও মাশরাফি। মানে এই দৃশ্যে দেখানো হয়েছে ভোটার আইডি কার্ডের জন্য তাদের ছবি তোলা হচ্ছে। এরপর মাশরাফি চলে গেলেন জিমে। আশরাফুল বাংলাদেশ দলের জার্সি গায়ে ব্যাট নিয়ে ছুটলেন মাঠে। সেখানে একটা ফ্রন্টফুট ড্রাইভ খেলেই ক্যামেরার সামনে বললেন, "আমি তো ভোটার হয়ে গেলাম। আপনি হচ্ছেন কখন?"
একই কথা বলতে হয়েছে মাশরাফিকেও। তবে তাকে বলতে হয়েছে আরো অনেক কথাও। কারণ একই দিনে আরো দুটো বিজ্ঞাপনচিত্রের কাজ করতে হয়েছে। দুটোই ব্র্যাকের বিজ্ঞাপন। একটি ইসিডি (আর্লি চাইল্ডহুড প্রোগ্রামের) আওতায়। অন্যটি যক্ষা নিয়ে সচেতনতা বাড়ানোর। এগুলো নির্মাণ করছে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন্স। আর এসব বিজ্ঞাপনচিত্রে অংশ নিচ্ছেন বহির্বিশ্বে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন নোবেলবিজয়ী ড. মুহম্মদ ইউনুসও। আছেন ব্র্যাকের কর্ণধার ফজলে হাসান আবেদও। এশিয়াটিকের সোশ্যাল কমিউনিকেশন এক্সিকিউটিভ সৈয়দ মারুফ আহমেদ তাই জানালেন। যক্ষার বিজ্ঞাপনে মাশরাফির সংলাপ, "যক্ষা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই। আপনার শিশুকে টিকা দিন।" আর ইসিডি প্রোগ্রামের আওতায় নির্মিত বিজ্ঞাপনে মাশরাফি শিশুদের অনুপ্রাণিত করবেন তার এই সংলাপে, "আমি আছি তোমার সাথে, চাই বিজয় মশাল তোমার হাতে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১৫ঘ.
bdnews24