কলকাতা, ১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৯৮তম টেস্ট খেলতে নামা সৌরভ গাঙ্গুলীর বর্ণাঢ্য ক্যারিয়ারে দুটো ঘটনা আগে কখনো ঘটেনি। পাকিস্তানের বিপক্ষে তিনি টেস্টে কখনো সেঞ্চুরি পাননি। এবং প্রিয় মাঠ ইডেন গার্ডেনসেও পারেননি মোহনীয় তিন অংক স্পর্শ করতে। শনিবার প্রিয় ভক্তদের সামনে দুটো ঘটনারই জন্ম দিলেন 'প্রিন্স অব কলকাতা'। সৌরভ একাই শুধু নন। ১৯২ রান নিয়ে দিন শুরু করা ওয়াসিম জাফরের টেস্টে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি, দারুণ ফর্মে থাকা ভিভিএস লক্ষ্মণের সেঞ্চুরির পর ফিফটি করেছেন মহেন্দ্র সিং ধোনি। এতগুলো ব্যাটিং নৈপুণ্যের জন্যই ইডেন টেস্টে রান-উৎসবে মেতে উঠেছে ভারত, আর ৫ উইকেটে ৬১৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছেন অনিল কুম্বলে। দ্বিতীয় দিনশেষে ইয়াসির হামিদের উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৫০ রান।
দিনের শুরুতে শোয়েব আখতারকে দুটো বাউন্ডারি মেরে ডাবল সেঞ্চুরিতে পৌঁছে গ্যালারির জনসমুদ্রকে উত্তাল করে তুলেছেন জাফর। তবে তার পর আর বেশি দূর এগোতে পারেননি মুম্বাইয়ের এই ওপেনার, বাঁহাতি পেসার সোহেল তানভিরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। ৪০১ মিনিট স্থায়ী জাফরের ২০২ রানের চোখধাঁধানো ইনিংসটা সাজানো ৩৪টি বাউন্ডারিতে, বল খেলেছেন ২৭৪টি।
শনিবার নিজের প্রথম বলে উইকেট পেলেও এর পর আর কোনো সাফল্য পাননি তানভির। শুরুতে অবশ্য লক্ষ্মণকে বেশ অস্বস্তির মধ্যে রেখেছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই চওড়া হয়েছে লক্ষ্মণের ব্যাট। সঙ্গে তো সৌরভ ছিলেনই। চতুর্থ উইকেটে দুজনের ১৬৩ রানের জুটি অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে সফরকারীদের। চতুর্দশ সেঞ্চুরির পর সৌরভ অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। রানের গতি বাড়ানোর লক্ষ্যে অনিয়মিত স্পিনার সালমান বাটকে তুলে মারতে গিয়ে লংঅফে তানভিরের হাতে ধরা পড়েছেন। 'কলকাতার মহারাজে'র ১০২ রানে বাউন্ডারির সংখ্যা ১৪টি।
তবে একাদশ টেস্ট সেঞ্চুরি পাওয়া লক্ষ্মণকে কেউ আউট করতে পারেনি। প্রথম টেস্টের দুই ইনিংসে অপরাজিত ৭২ ও অপরাজিত ৬, শনিবার ইডেনে ১৫টি বাউন্ডারি সমৃদ্ধ অপরাজিত ১১২ রান --- এই স্টাইলিশ ব্যাটসম্যানকে আউট করার কোনো উপায়ই খুঁজে পাচ্ছেন না পাকিস্তানের বোলাররা! লক্ষ্মণের সেঞ্চুরি নয়, ইনিংস ঘোষণার জন্য কুম্বলে অপেক্ষা করছিলেন ধোনির ফিফটির জন্য। ধীরগতিতে শুরু করলেও পরে আক্রমণাত্মক খেলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৮২ বলে ঠিক ৫০ রান করে অপরাজিত ছিলেন ভারতের উইকেট কিপার।
বিশাল রানের বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ইয়াসির হামিদকে নিয়ে ৩৮ রান তুলেছেন সালমান বাট। তার পরই কুম্বলের বলে ইয়াসির (২১) এলবিডব্লু! আলোর স্বল্পতায় আগেই খেলা শেষ হওয়ার সময় বাট ব্যাট করছিলেন ২৬ রান নিয়ে। সঙ্গী ভারপ্রাপ্ত অধিনায়ক ইউনিস খান ৩ রানে অপরাজিত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২০৫৮ঘ.
bdnews24