ঢাকা, ১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ইস্পাহানি মির্জাপুর চা নবম জাতীয় লিগের ওয়ানডেতে রাজশাহীর জয়রথ অব্যাহত। ফতুল্লা স্টেডিয়ামে শনিবার সিলেটকে সহজেই ৬ উইকেটে হারিয়ে টানা ষষ্ঠ জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরো মজবুত করেছে তারা। একতরফা ম্যাচ হয়েছে খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামেও। সেখানে চারদিনের ম্যাচের শীর্ষস্থানধারীদের বিস্ময়কর ব্যাটিং ব্যর্থতা ঢাকাকে পাইয়ে দিয়েছে ৮ উইকেটের অনায়াস জয়। ষষ্ঠ রাউন্ডের একমাত্র জমজমাট ম্যাচ হয়েছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে। বরিশালের ২৮৯ রান তাড়া করে মাত্র ১৪ রানে হেরেছে স্বাগতিকরা।
ছয় ম্যাচের সব কটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রাজশাহীর সঙ্গে ষষ্ঠ রাউন্ড শেষে অন্যদের ব্যবধানও বেড়ে গেছে অনেক। পঞ্চম রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে তাদের কাছাকাছি থাকা খুলনার সঙ্গে এই রাউন্ডের জয় দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকাও। চট্টগ্রাম, সিলেট ও বরিশালের পয়েন্ট সমান --- ৪ করে।
ফতুল্লায় রাজশাহী-সিলেট ম্যাচটা আসলে ব্যাটে-বলে ফরহাদ হোসেনের ম্যাচই হয়ে উঠেছিল। টস হেরে ব্যাটিং পাওয়া সিলেটের ইনিংস একপর্যায়ে বহুদূর যাবে বলেই মনে হচ্ছিল। মনে করাচ্ছিল অলক কাপালির সাবলীল ব্যাটিং। ছক্কা মেরে ফিফটিতে পৌঁছানো অলকের মাত্র ৬৪ বলে ৬৯ রানের ইনিংসের সমাপ্তিতে বোলার মাহবুব আলমের চেয়ে ফিল্ডার ফরহাদ হোসেনের ভূমিকাই বেশি। ওয়াইডিশ মিডউইকেটে দুর্দান্ত এক ডাইভিং ক্যাচ নেন তিনি। দলকে ১৩৪ রানে রেখে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে অলকের বিদায়ের পর থেকেই সিলেটের নিয়মিত বিরতিতে উইকেট হারানো শুরু। এবং তাদের ২০৬ রানে গুটিয়ে দেওয়ায় অনিয়মিত বোলার ফরহাদের ভূমিকা সবচেয়ে বেশি। অফস্পিনে ৩.৩ ওভার বল করে মাত্র ১৬ রানে নিয়েছেন ৫ উইকেট। ১৯ বল বাকি থাকতে রাজশাহীকে জয়ের তীরে পৌছে দেওয়ায় ওপেনার রবিউল করিম (৫৪), নাঈম ইসলাম (৫২*) ও মুশফিকুর রহমানদের (৪০*) মতো অবদান আছে ফরহাদেরও (৪১)। ব্যাটে-বলে এমন অলরাউন্ড পারফরম্যান্সের পর ম্যাচ সেরার পুরস্কারটা তাকে দেওয়া ছাড়া কোনো উপায়ই ছিল না!
চট্টগ্রাম-বরিশাল ম্যাচেও ম্যাচ সেরা হয়েছেন একজন অলরাউন্ড পারফরমার। তিনি বরিশালের রাকিবুল হাসান। ব্যাট হাতে ৫৬ রান করেছেন। এই ম্যাচেই তার চেয়ে বেশি রান করা ব্যাটসম্যান ছিলেন তিনজন। তবুও তাকে ম্যাচ সেরা হিসেবে বেছে নেওয়ার কারণ, ফিল্ডার হিসেবে তিনটি ক্যাচ নেওয়ার পাশাপাশি দুটো রান আউটও করেছেন তিনি! চট্টগ্রাম অধিনায়ক এহসানুল হকের (৫৭) পাশাপাশি তাদের জেতার আশা প্রায় শেষপর্যন্ত বাঁচিয়ে রাখা ফয়সাল হোসেনকেও (৪৫) রানআউট করেছেন রাকিবুল। এর আগে ইমরান আহমেদ (৫০), কামরুল ইসলাম (৭৮*) ও আরাফাত সালাউদ্দিনের (৬৮) ব্যাটে ৫ উইকেটে ২৮৯ রানে পৌঁছায় বরিশাল। নাজিমউদ্দিনের ব্যাটিং অবশ্য একপর্যায়ে ভয়ই পাইয়ে দিয়েছিল তাদের। মাত্র ৬৮ বলে ৮৪ রানের এক ঝড়ো ইনিংস খেলা এই ব্যাটসম্যানকে এলবিডব্লুর ফাঁদে ফেলে বরিশালকে স্বস্তি দেন ম্যাচের সফলতম বোলার তারিকুল ইসলাম (৩/৩৮)। বাঁ হাতি পেসার সাজিদুল ইসলামও নিয়েছেন ৩ উইকেট, তবে এজন্য তার খরচা ৫২ রান।
ওদিকে খুলনার ব্যাটিংয়ের ত্রাণকর্তা বোলার আব্দুর রাজ্জাক! তিনি সর্বোচ্চ ৩৯ রান না করলে এই ম্যাচে একশো পার করা হয় না খুলনার! তাদের মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যাওয়ায় ঢাকার উদ্বোধনী বোলার মাহবুবুল আলমের (৪/৩৪) যতোটা ভূমিকা, তার চেয়ে কোনো অংশে কম নয় ব্যাটসম্যানদেরও! ওপেনার শামসুর রহমানের (৫৩*) অপরাজিত ফিফটিতে এই রান ৩৩.২ ওভারেই টপকে যায় ঢাকা। তবে ম্যাচ সেরা হয়েছেন বোলার মাহবুবই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৩০ঘ.
bdnews24