২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের প্রতিশোধ, খুলনার শীর্ষস্থান অক্ষুন্ন

বরিশালকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে চট্টগ্রাম। বরিশালের কাছে তারা হেরেছিল ওদের মাঠে, ষষ্ঠ রাউন্ডে নিজেদের মাঠে সেই হারের বদলাটা নিয়ে নিলো ৭ উইকেটে জিতে। এই জয়ের সুবাদে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ অবস্থানে ওঠে গেছে চট্টগ্রাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 03:19 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বরিশালকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে চট্টগ্রাম। বরিশালের কাছে তারা হেরেছিল ওদের মাঠে, ষষ্ঠ রাউন্ডে নিজেদের মাঠে সেই হারের বদলাটা নিয়ে নিলো ৭ উইকেটে জিতে। এই জয়ের সুবাদে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ অবস্থানে ওঠে গেছে চট্টগ্রাম। খুলনা অবশ্য এখনো শীর্ষস্থান ধরে রেখেছে ৭২ পয়েন্ট নিয়ে। যদিও খুলনার বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিকরা প্রথম ইনিংসে এগিয়ে থেকেও শেষপর্যন্ত ড্র করেছে ঢাকার সঙ্গে। ঢাকা ৫৪ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। ফতুল্লায় নারায়নগঞ্জ ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজশাহী-সিলেট ম্যাচটিও ড্র হয়েছে। যদিও তাতে পয়েন্টে তালিকায় অবস্থানের কোনো হেরফের হয়নি, ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রাজশাহী। আর প্রতিপক্ষ সিলেট ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার নীচে এখন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বরিশাল আগের দিনের ৭ উইকেটে ১১৭ রানের সঙ্গে কেবল ৭৫ রান যোগ করতে পারে শেষদিন। তাতে চট্টগ্রামের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ১৩৪ রানের। তা তাড়া করতে তেমন সমস্যা হয়নি। আগের সেঞ্চুরিয়ান নাফিস ইকবাল (২৫) রান আউটের খাঁড়ায় পড়ে গেলেও গাজী সালাউদ্দিনের ৭১ বলে ৬০ রানের ইনিংসটি চট্টগ্রামকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দেয়। আর জয় সুনিশ্চিত হয় উইকেটরক্ষক ধীমানের ঘোষের অপরাজিত ৩৩ রানে। খুলনায় শেষদিনে স্বাগতিকরা ৩৯ রান যোগ করে ৫ উইকেটে ৩২৭ রান তুলে ইনিংস ঘোষনা করে। সাকিব আল হাসানের দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষায় ছিল তারা। তাতেই ঢাকার সামনে ৩৭৭ রানের এক অসম্ভব টার্গেট, যা তাড়া করতে যাওয়ার বোকামি দেখায়নি ঢাকা। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (৬৭) ও শামসুর রহমানের (অপরাজিত ৫১) হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৭৫ রান তুলে ঢাকা ম্যাচের ইতি টানে। নারায়নগঞ্জ ওসমানী স্টেডিয়ামে রাজশাহী যেন ড্রয়ের মানসিকতা নিয়েই খেলতে নেমেছিল শেষদিনে। তারাই ব্যাট করে কাটিয়ে দিয়েছে প্রায় পুরো সময়। আগের দিনের ২ উইকেটে ২৪ রান থেকে শুরু করে শুক্রবার রাজশাহীর দ্বিতীয় ইনিংস শেষ হয় ২২৮ রানে। মানে সিলেটকে জিততে হলে করতে হবে ৩৫৩ রান। কিন্ত সময় আছে মাত্র ২০ মিনিটের মতো, তাতেই রাজশাহীর পেসার ফরহাদ ২ উইকেট তুলে নেন এবং ৩.৪ ওভারে ২ উইকেটে ১৯ রান করে দিন শেষ করে সিলেট। তাই সময় না পাওয়ার অক্ষেপটা বাড়তেই পারে রাজশাহীর বোলারদের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.