২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে জিম্বাবুয়ের ২৭৪ রানের চ্যালেঞ্জ

নড়বড়ে একটা শুরুর পর সামাল দিয়েছিলেন চামু চিবাবা। এরপর শেষদিকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ঝড়। নির্দিষ্ট করে স্টুয়ার্ট মাৎসিকেনিয়েরির। সুবাদেই শুক্রবার হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে ২৭৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ২৭ ওভার শেষে ৩ উইকেটে ৯৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শিবনারায়ন চন্দরপল ব্যাট করছেন ৫১ রান নিয়ে। তার সঙ্গী রুনাকো মর্টনের রান ৮।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 01:53 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

হারারে, ৩০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নড়বড়ে একটা শুরুর পর সামাল দিয়েছিলেন চামু চিবাবা। এরপর শেষদিকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ঝড়। নির্দিষ্ট করে স্টুয়ার্ট মাৎসিকেনিয়েরির। সুবাদেই শুক্রবার হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে ২৭৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ২৭ ওভার শেষে ৩ উইকেটে ৯৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শিবনারায়ন চন্দরপল ব্যাট করছেন ৫১ রান নিয়ে। তার সঙ্গী রুনাকো মর্টনের রান ৮। উইকেটের আর্দ্রতা দেখে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রিস গেইল। কিন্তু এলোমেলো লাইন-লেংথে বল করে অধিনায়কের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধই করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা। তারপরও ভুসি সিবান্দাকে (১৪) আউট করে প্রথম ব্রেক থ্রু দিয়েছেন ড্যারেন পাওয়েল। ৩০ বল খেলে ২৭ রান করে রান আউটের শিকার হয়েছেন আরেক ওপেনার ব্রেন্ডন টেলর। ৭৮ রানের মাথায় সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুকেও (১০) হারায় স্বাগতিকরা। এরপর হেনরি মাসাকাদজাকে নিয়ে চতুর্থ উইকেটে ৯০ রানের জুটি গড়ে জিম্বাবুয়ের ইনিংসকে টেনে তুলেছেন চিবাবা। গেইলের বলে এলবিডব্লু হওয়ার আগে ৭৩ রান করেছেন তিনি। মাসাকাদজাকেও (৩৬) হুবহু একইভাবে আউট করেছেন গেইল। কিন্তু এলটন চিগুম্বুরা ও মাৎসিকেনিয়েরির ৮৯ রানের জুটিতে দারুণ এক সংগ্রহে পৌঁছায় জিম্বাবুয়ে। ৪০ বলে ৫৫ রান করে জেরোমি টেলরের শিকার হয়েছেন মাৎসিকেনিয়ারি। চিগুম্বুরা করেছেন ৩৪ বলে ৩৮। তাদের মারকুটে ব্যাটিংয়ে শেষ ৯ ওভারে ৮১ রান তুলেছে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে তৃতীয় ওভারেই ফিরে গেছেন গেইল (২)। চিগুম্বুরাকে ফিরতি ক্যাচ দিয়েছেন তিনি। ২ রানের মাথায় এই উইকেট পতনের পর আরেক ওপেনার ডোয়াইন স্মিথকেও (৫) ফিরিয়েছেন চিগুম্বুরা। এবার উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন টাইবু। এরপর চন্দরপলের সঙ্গে ৫৫ রানের এক জুটি গড়ে আউট হয়েছেন ডুয়াইন স্মিথ (২৫)। মাসাকাদজার বলে এবারও ক্যাচ ধরেছেন টাইবু। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৯৫০ঘ.