কলম্বো, ৩০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ মুহূর্তে শ্রীলঙ্কার ক্রিকেট জুড়ে আলোচিত বিষয় দুটো। একটি হতাশার, অন্যটি প্রত্যাশার। প্রথমটি সনাৎ জয়াসুরিয়া ও চামিন্ডা ভাসের অবসর। দ্বিতীয় মুত্তিয়া মুরালিধরনের বিশ্বরেকর্ড। শনিবার ক্যান্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে এনিয়েই জেরবার মাহেলা জয়াবর্ধনে। একটু ত্যক্ত হয়েই বলেছেন, "আমাদের সবারই এটা বোঝার মতো বয়স হয়েছে যে এটা একটা টেস্ট সিরিজ, স্রেফ একটা ম্যাচ না। জল্পনা কল্পনা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। নির্বাচকরা একটা দল দিয়েছেন, এদের নিয়েই আমি খেলতে যাব।"
শ্রীলঙ্কার অস্ট্রেলিয়া সফর থেকেই দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুমে বিতন্ডার একটা গুজব শোনা গিয়েছিল। এবং যথারীতি তা প্রত্যাখান করেছিলেন খেলোয়াড়রা। আর মারভান আতাপাত্তুর নির্বাচকদের নিয়ে অসন্তোষ জানানো মন্তব্যে ঘুরে গিয়েছিল ব্যাপারটা। কিন্তু হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে ব্যর্থ চামিন্ডা ভাস নিশ্চিতভাবেই মনক্ষুন্ন হয়েছিলেন। সে সুযোগ এবার পাচ্ছেন বাঁহাতি এই পেসার। কিন্তু তারপরই অবসরে যাচ্ছেন বলে জানা গেছে। প্রথম টেস্টের পর তার সঙ্গী হচ্ছেন একবার অবসর ভেঙ্গে ফিরে আসা জয়াসুরিয়াও। এ প্রসঙ্গে জয়াবর্ধনে বলেছেন, "যদি এধরণের কিছু হয়, তাহলে তারা নিজের মুখেই আপনাদের জানাবে।"
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশের লজ্জার পাশাপাশি আরেকটি ব্যক্তিগত দুঃখ নিয়েও ফিরেছেন মুত্তিয়া মুরালিধরন। শেন ওয়ার্নের দেশে তার সর্বোচ্চ টেস্ট উইকেটের বিশ্ব রেকর্ড না ভাঙ্গতে পারার দুঃখ। সে দুঃখ ভুলতেই এবার প্রিয় শিকার ইংল্যান্ডকে নিজের ঘরের মাঠে পাচ্ছেন লঙ্কান এই অফ স্পিনার। ১৩ টেস্টে ৯৩ উইকেট তার ইংল্যান্ডের বিপক্ষে। ট্রেন্ট ব্রিজে সর্বশেষ মুখোমুখিতে নিয়েছিলেন ১১ উইকেট। ওয়ার্নের বিশ্বরেকর্ড ভাঙ্গতে আর ৫ উইকেট প্রয়োজন তার। জয়াবর্ধনের ভাষায়, "মাত্র ৫টি কেনো, আরো বেশি উইকেট পাবে সে। ক্যান্ডিতে কীর্তিটা গড়তে পারলে সেটা অসাধারণ এক অর্জন হবে তার জন্য। এটা তার নিজের শহর, অধিনায়ক হিসেবে আমি মনে প্রাণে চাই সে সফল হোক।"
কিন্তু রেকর্ড বা সিনিয়রদের অবসরের চাইতে হাতের দায়িত্বকেই বেশি গুরুত্ব দিতে চাইছেন জয়াবর্ধনে। বলেছেন, "ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সব খেলোয়াড়ই চাইছে সবকিছু যাতে ঠিকঠাক ঘটে। আমরা নিশ্চিত করতে চাই যে একক এবং দলগত ভাবেই সবাই তাদের সামর্থ্যরে পুরোটা দেবে। আমরা ভালো খেললে রেকর্ড এমনিতেই হবে।" যোগ করেছেন, "আমরা জানি আমাদের আরো উন্নতি করতে হবে এবং এই মুখের কথাটাকে কাজে অনুবাদ করার দায়িত্বটাও আমাদেরই। তিন টেস্টের ফলাফলটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
গোড়ালির চোটের কারণে এই সিরিজ খেলা হচ্ছে না ফারভিজ মাহারুফের। ভাস তাই খেলছেন এ ম্যাচে। আর জয়াসুরিয়ার সঙ্গী হিসেবে উপুল থারাঙ্গা কিংবা মাইকেল ভ্যানডর্টের একজনকে খেলাবে শ্রীলঙ্কা। প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরম্যান্সের সুবাদে মিডল অর্ডারে লেখার সুযোগ পাচ্ছেন বাঁহাতি জিহান মোবারক। ক্যান্ডির উইকেট দিন যত গড়াবে ততই ভাঙ্গবে- এই যুক্তিতে দিলহারা ফার্নান্ডোর বদলে মালিঙ্গা বান্দারাকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন জয়াবর্ধনে।
খেলোয়াড় নির্বাচনে ইংল্যান্ডের মূল সমস্যা তাদের ৬ নম্বর জায়গাটি। প্রস্তুতি ম্যাচে দারুণ খেলা রবি বোপারা ও ওয়েইজ শাহর একজনকে বেছে নিতে মাথা ঘামাতে হচ্ছে তাদের। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে পিঠের ইনজুরিতে পড়া স্টিভ হার্মিসন খেলছেন একরকম নিশ্চিত, তার জায়গায় চোট থেকে সেরে ওঠা জেমস অ্যান্ডারসন তৃতীয় সিমার হিসেবে সম্ভাব্য নাম। ম্যাথু হগার্ড এবং রায়ান সাইডবটমকে দিয়েই নতুন বলের উদ্বোধন করাবে মাইকেল ভনের দল।
ইংল্যান্ড দল : মাইকেল ভন (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, রবি বোপারা, স্টুয়ার্ট ব্রড, পল কলিংউড, অ্যালিস্টার কুক, ম্যাথু হগার্ড, ফিল মাস্টার্ড, মন্টি পানেসার, কেভিন পিটারসেন, ম্যাট প্রিয়র, ওয়েইজ শাহ, রায়ান সাইডবটম, গ্রায়েম সোয়ান ও স্টিভ হার্মিসন।
শ্রীলঙ্কা দল : মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, সনাৎ জয়াসুরিয়া, মাইকেল ভ্যানডর্ট, উপুল থারাঙ্গা, চামারা সিলভা, জিহান মোবারক, প্রসন্ন জয়াবর্ধনে, চামিন্ডা ভাস, লাসিথ মালিঙ্গা, দিলহারা ফার্নান্ডো, মালিঙ্গা বান্দারা, সুজিবা ডি সিলভা ও মুত্তিয়া মুরালিধরন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭৩৮ঘ.
bdnews24