কোলকাতা, ৩০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিনিসটা দিনের শুরুতেই ড্রেসিংরুমে ফেলে এসেছিলেন ওয়াসিম জাফর। অস্থিরতা। অনেক সম্ভাবনাময় ইনিংসের অকাল সমাপ্তি ঘটিয়েছে যা। ইডেনের দর্শকরা তাই দেখল ভিন্ন এক জাফরকে। ধীর-স্থির এবং তুমুল প্রত্যয়ী। আর ব্যাটে অন্যরকম তাণ্ডব। ১৯২ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত রয়ে গেছেন ভারতের এই ওপেনার। সুবাদেই পাকিস্তানের বিপক্ষে কোলকাতা টেস্টের প্রথম দিন শেষেই চালকের আসনে চলে গেছে স্বাগতিকরা। দিনশেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৫২ রান। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি থেকে আর মাত্র ৮ রান দূরে জাফর। তার সঙ্গী সৌরভ গাঙ্গুলীর রান ১৭।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত অনিল কুম্বলের। পাকিস্তান শিবির এমনিতেই বেহাল ইনজুরির কারণে অধিনায়ক শোয়েব মালিককে হারিয়ে। শোয়েব আখতার অসুস্থ্যতা নিয়েই খেলছেন। চার স্পেলে মাত্র ৯ ওভার বল করেছেন দিল্লী টেস্টে পাকিস্তানের পক্ষে দারুণ বল করা এই ফাস্টবোলার। মোহাম্মদ সামি ফিটনেস টেস্ট উতরেছেন সকালে। এই দুর্বলতার সুযোগটা পুরোপুরিই নিয়েছে স্বাগতিক ব্যাটসম্যানরা। তবে দিনেশ কার্তিক বাদে। দিনের দ্বিতীয় ওভারেই পাকিস্তানকে আনন্দে মেতে ওঠার সুযোগ দিয়েছেন তিনি মাত্র ১ রান করে আউট হয়ে। সোহেল তানভিরের করা প্রথম বলেই দ্বিতীয় স্লিপে তার ক্যাচ নিয়েছেন পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক ইউনিস খান।
এরপর পুরোটা সময়ই ভারতের। আর তার ভিতটা গড়ে দিয়েছেন জাফর ও রাহুল দ্রাবিড়ের ১৩৬ রানের দ্বিতীয় উইকেট জুটি। এক বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়েছেন দ্রাবিড়। তার আগে করেছেন ৫০ রান। দানিশ কানেরিয়ার বলটি খেলতে গিয়ে মাটিতে ব্যাট পড়েছিল দ্রাবিড়ের, বল তার ব্যাট এড়িয়ে জমা পড়েছে উইকেট কিপার কামরান আকমলের ডান হাত ও কোমরের মাঝে। এরপর আরো ১৭৫ রানের জুটি। গড়েছেন শচীন টেন্ডুলকার ও জাফর। এরমধ্যে ২৪তম টেস্টে তার পঞ্চম সেঞ্চুরিটি তুলে নিয়েছেন জাফর। বল খেলেছেন ১৫০টি। মোহাম্মদ সামির বলে আকমলের হাতে জীবন পাওয়া টেন্ডুলকার যেমন খেলছিলেন তাতে অবধারিত মনে হচ্ছিল তার ৩৮তম টেস্ট সেঞ্চুরিটি। কিন্তু কানেরিয়ার গুগলিতে বোল্ড হয়ে ৮২ রানেই থেমেছেন তিনি। তার আগে পাকিস্তানের বিপক্ষে হাজার রান পুরো করেছেন ভারতের এই কিংবদন্তী ব্যাটসম্যান।
এরপর আর কোনো ক্ষয়ক্ষতি নেই। আলোকস্বল্পতায় ৫ ওভারেরও বেশি থাকতেই খেলা শেষ করে দিয়েছেন আম্পায়াররা। ২৫৫ বল খেলে ৩২টি বাউন্ডারিতে ১৯২ রানে অপরাজিত জাফর। এর ১৮টি বাউন্ডারি মেরেছেন শুধু তানভিরকেই। উল্লেখযোগ্য ছিল তার এক ওভারে চারটি বাউন্ডারিতে ফিফটিতে পৌঁছানো। সঙ্গে আছেন কোলকাতার রাজপুত্র সৌরভ। তবে জাফরের যা ফর্ম তাতে আর কারো মঞ্চ দখলের জো নেই কোনো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭৩৪ঘ.
bdnews24