কলকাতা, ২৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একটা ম্যাচ ভাল খেলেই ইনজুরিতে পড়া কিংবা অসুস্থ হওয়াই বোধহয় শোয়েব আখতারের নিয়তি! গত জানুয়ারির পর প্রথম টেস্ট খেলতে নেমে দিল্লীতে ৬ উইকেট নিয়ে সতীর্থদের মনে আশার আলো জ্বালিয়েছিলেন তিনি। কিন্তু দিল্লী থেকে কলকাতার মাটিতে পা দিতে না দিতেই প্রবল জ্বরে আক্রান্ত হয়ে 'পিন্ডি এক্সপ্রেস' এখন হাসপাতালে! অতিরিক্ত পরিশ্রমজনিত ক্লান্তির কারণেই নাকি তার এই অসুস্থতা।
"নয়াদিল্লী থেকে এখানে (কলকাতায়) আসার পর সে (শোয়েব) জ্বরে পড়েছে আর ভীষণ ক্লান্তও হয়ে পড়েছে। তাই তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তাকে স্যালাইনও দেয়া হতে পারে"-- জানিয়েছেন পাকিস্তান দলের এক জন কর্মকর্তা।
এই মুহূর্তে খেলোয়াড়দের ইনজুরি আর অসুস্থতায় পাকিস্তান দল একেবারে বিপর্যস্ত। সোমবার দিল্লী টেস্ট শেষ হওয়ার পর ফুটবল খেলতে গিয়ে গোড়ালি মচকে ফেলেছেন শোয়েব মালিক। আগামী শুক্রবার থেকে কলকাতায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে পাকিস্তান অধিনায়কের খেলা এখনো অনিশ্চয়তার মধ্যে। প্রথম টেস্ট চলার সময়ই জ্বর ও গলার সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন মিসবাহ-উল হক। প্রথম ইনিংসে ৮২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলা এই মিডল অর্ডার ব্যাটসম্যান অবশ্য এখন সেরে ওঠার পথে।
তবে এত সব দুঃসংবাদের মাঝে একটা সুসংবাদও পেয়েছে পাকিস্তান। গোড়ালির ইনজুরির জন্য দিল্লীতে খেলতে না পারলেও কলকাতা টেস্টে উমর গুলের খেলা প্রায় নিশ্চিত। মঙ্গলবার এই পেসারকে ফিট ঘোষণা করেছেন পাকিস্তান দলের চিকিৎসকরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০৫ঘ.
bdnews24