নয়াদিল্লী, ২৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রিকেটে হারের জ্বালা মেটাতেই বোধহয় মেতে উঠেছিলেন ফুটবলে। সেখানে আরো বড় ধাক্কা পেয়েছেন শোয়েব মালিক। গোড়ালি মচকেছেন পাকিস্তান অধিনায়ক। সুবাদে অনিশ্চিত হয়ে পড়েছে কোলকাতা টেস্টে তার খেলা।
পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার এহসান মালিক জানিয়েছেন ম্যাচের পর ফুটবল খেলতে গিয়ে এই চোট পেয়েছেন শোয়েব মালিক। তারপর যোগ করেছন, "তার ইনজুরি কতোটা খারাপ তা জানতে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে তাকে।" অবশ্য সহ-মিডিয়া ম্যানেজার জাভেদ আখতার জানিয়েছেন মাঠ থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মালিককে পায়ের এক্স-রে করাতে। পাকিস্তানী টিম ম্যানেজমেন্ট এরপর বিস্তারিত না বললেও জানিয়েছে কলকাতা টেস্টে মালিক খেলতে পারবেন কিনা সেটা এত আগে অনুমান করা সম্ভব নয়।
ম্যাচের ছয়দিন আগে মালিকের এই চোটে উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক পাকিস্তানের। এর আগে ফাস্ট বোলার উমর গুল পিঠের ইনজুরির জন্য খেলতে পারেননি দিল্লী টেস্টে। কলকাতায়ও তার খেলা নিশ্চিত নয়। আরেক ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ কনুইয়ের ইনজুরি থেকে দ্রুতই সেরে উঠছেন বলে জানা গেলেও ব্যাঙ্গালোরে সিরিজের শেষ টেস্টের আগে তার পক্ষে মাঠে নামা সম্ভব নয়। তবে এখনও কারো জন্য কোনো বদলি খেলোয়াড় চেয়ে পাঠায়নি পাকিস্তান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৯১০ঘ.
bdnews24