ঢাকা, ২৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ দলের দায়িত্ব বুঝে নিতে ঢাকায় পৌঁছেছেন জেমি সিডন্স। রোববার দুপুরে থাই এয়ারওয়েজের ফাইটে ঢাকায় পা রাখেন এই অস্ট্রেলিয়ান। এই কিছুদিন আগেও অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের দায়িত্বে থাকা সিডন্স কাজে নামছেন ২৭ নভেম্বর থেকে। অবশ্য প্রাথমিক পরিকল্পনায় সেদিন থেকে ক্যাম্প শুরুর কথা থাকলেও এখন তাতে কিছু পরিবর্তন এসেছে। সিডন্সের ইচ্ছাতেই নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুতি ক্যাম্প পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২ ডিসেম্বর। এর আগের সময়টা তিনি কাটাবেন জাতীয় ক্রিকেট লিগে ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্স দেখে। এজন্যই তারকা ক্রিকেটারদের আরো একটা রাউন্ডের জন্য পাচ্ছে জাতীয় লিগ।
ক্যাম্প শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের সিংহভাগ সময়ই অবশ্য কাটবে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটা যে ওখানেই। চারদিনের ম্যাচের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা হাবিবুল বাশারের খুলনার মুখোমুখি হচ্ছে জাতীয় অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ঢাকা। এই ম্যাচ দেখতে সিডন্স মঙ্গলবার সকালে খুলনায় যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু, "সিডন্স খুলনা-ঢাকা ম্যাচের প্রথম দুদিন দেখবেন। এরপর ঢাকায় ফিরে ফতুল্লায় সিলেট-রাজশাহীর ম্যাচটাও দেখার কথা আছে তার।"
সিডন্স অবশ্য একাই এসব খেলা দেখতে যাচ্ছেন না। যাচ্ছেন দলবল নিয়ে। মানে তার সঙ্গী হচ্ছেন অন্যান্য কোচিং স্টাফরাও। তার সহকারী হিসেবে দায়িত্ব পেতে যাওয়া শন উইলিয়ামস, নতুন ফিজিও ড্যারেন লিফসন এবং ফিটনেস ট্রেনার পল চ্যাপম্যানরাও যাচ্ছেন খুলনায়। সিডন্স অবশ্য তার শিষ্যদের সম্পর্কে কেবল ধারণা নিতেই তাদের মাঠের পারফরম্যান্স দেখতে যাচ্ছেন। নিউজিল্যান্ড সফরের দল নির্বাচনে তার কোনো ভূমিকাই থাকছে না। সোমবার সকালে নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে দল চূড়ান্ত করতে বসছে রফিকুল আলমের নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচক কমিটি। দল গড়ে তারা বিসিবিতে জমা দেবেন। এরপর বিকেলে অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভায় সেই দলটিকে অনুমোদন দেওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে দল।
যদিও গত মাসে চুক্তি পাকাপাকি করতে আসার পর বাংলাদেশে তার প্রথম সংবাদ সম্মেলনে সিডন্স দল নির্বাচনে তার ভূমিকা রাখার ইচ্ছের কথা জানিয়েছিলেন। তবে এখনই তাকে সেই সুযোগটা না দেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে লিপু বললেন, "এখনো তো তিনি ক্রিকেটারদের খুব একটা চেনেন না। তাই আপাতত দল নির্বাচনী সভায় তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। তবে ভবিষ্যতে দল নির্বাচনে তার মতামত দেওয়ার সুযোগ আমরা রাখবো।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭১৫ঘ.
bdnews24