নয়াদিল্লী, ২৪ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দিনশেষে পাল্লাটা কোনোদিকেই হেলেনি। বরং প্রথম দিনের অনেকটাই পুনরাবৃত্তি। প্রথমে অনিল কুম্বলে ও পরে হরভজন সিংয়ের তোপে পাকিস্তানের টপ অর্ডার বিধ্বস্ত। এবং সেখান থেকে মিসবাহ-উল হক ও কামরান আকমলের প্রতিরোধ। শনিবার দিল্লী টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে করেছে ৫ উইকেটে ২১২ রান। ভারতের চেয়ে তারা এগিয়ে ১৬৭ রানে। মিসবাহ ব্যাট করছেন ২৯ রান নিয়ে। তার সঙ্গী আকমল ২১ রানে অপরাজিত।
সকালে তাণ্ডবে মেতেছিলেন দানিশ কানেরিয়া। তার ঘুর্ণিতে বিভ্রান্ত হয়েই ১৪ রানে শেষ চার উইকেট হারিয়েছে ভারত। ২৭৬ রানে থেমেছে তাদের প্রথম ইনিংস। সকালে শিশির ভেজা উইকেটের আর্দ্রতার সুযোগ নিয়েছিলেন কানেরিয়া। কিংবা এভাবে বলা যায় ফাস্ট বোলারদের জায়গায় নিজেই জ্বলে উঠেছিলেন এই লেগ স্পিনার। ১৫ বলের এক স্পেলে নিয়েছেন ৩ উইকেট। ৬ উইকেটে ২২৮ রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। সপ্তম উইকেটে ভিভিএস লক্ষ্মণ ও অনিল কুম্বলের ৫৪ রানের জুটিটি ভেঙ্গেই শুরু করেছেন কানেরিয়া। দারুণ এক লেগ ব্রেকে বোকা বানিয়েছেন কুম্বলেকে। ২৪ রান করে স্লিপে ইউনিস খানের তালুবন্দী হয়েছেন ভারত অধিনায়ক। পরের ওভারেই হরভজন সিংয়ের (১) লেগ স্টাম্প উপড়ে নিয়েছেন সোহেল তানভির। পরপর দু'বলে কানেরিয়া স্বাগতিক ইনিংসের যতি টেনেছেন জহির খান (৯) ও মুনাফ প্যাটেলকে (০) আউট করে। আগের বলেই কানেরিয়াকে ছক্কা মারা জহির মিড অফে শোয়েব আখতারের দারুণ এক ক্যাচের শিকার। মুনাফ হয়েছেন এলবিডব্লু। ৮টি বাউন্ডারিসহ ৭২ রানে অপরাজিত ছিলেন লক্ষ্মণ।
পাকিস্তানের উদ্বোধনী জুটি লাঞ্চ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে ২৬ রান তুলেছে। তখন সালমান বাট ও ইয়াসির হামিদ দুজনেই ব্যাট করছিলেন ১৩ রান নিয়ে। লাঞ্চের পর স্কোরবোর্ডে আরো ৪৫ রান যোগ হওয়ার পর আউট হয়েছেন হামিদ। ৩৬ রান করে কুম্বলের বলে লক্ষ্মণের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হয়েছেন তিনি। ৪৭ রানের মধ্যেই আরো ৪ উইকেট হারিয়ে টপ অর্ডার শেষ হয়ে গেছে পাকিস্তানের। ইউনিস খানকে (২৩) এলবিডব্লু করে শুরু করেছেন কুম্বলে। তৃতীয় উইকেটে বাটের সঙ্গে ৩৫ রানের জুটি গড়ে বিদায় নিয়েছেন মোহাম্মদ ইউসুফ (১৮)। হরভজনের বলে ফিরতি ক্যাচ দিয়েছেন তিনি।
এর মাঝে ক্যারিয়ারের পঞ্চম ফিফটিটি তুলে নিয়েছেন বাট। কুম্বলের তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৬৭ রান করেছেন এই বাঁহাতি। ১৪০ বলের ইনিংসে ১১টি বাউন্ডারি মেরেছেন তিনি। পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিককে (১১) বোল্ড করে সবচেয়ে বড় ধাক্কাটি এরপর দিয়েছেন হরভজন। সেটা আরো ব্যাপ্তি পেত যদি না ব্যক্তিগত এক রানের মাথায় কুম্বলের বলে জীবন পেতেন মিসবাহ। ফরোয়ার্ড শর্ট লেগে তার ক্যাচ ফেলেছেন ওয়াসিম জাফর। সেখান থেকে আকমলের সঙ্গে ৫১ রানের জুটিতে বিপর্যয় খানিকটা সামাল দিয়েছেন মিসবাহ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৮১২ঘ.
bdnews24